
ওই যে একটা কৌতুক আছে না, এক বাবা বললেন, ‘আমার ছেলেটা তো মেডিকেলে ভর্তি।’ কথাটা শুনে কেউ একজন বলল, ‘বাহ্ বাহ্! খুব ভালো খবর। তা বাবাজি কোন মেডিকেল চান্স পাইল?’ পরে ছেলের বাবার কাছ থেকে জানা গেল, আদতে তার পুত্র ডেঙ্গু বাধিয়ে মেডিকেলে ভর্তি। তো এভাবে মেডিকেল না পড়েও মেডিকেলে ভর্তি হওয়া জ্ঞানীর দেখা পাবেন সামান্য অসুখবিসুখে পড়লে। তারা চিকিৎসক তো বটেই, রীতিমতো ডায়াগনস্টিক সেন্টারও। হাঁচির গতিবেগ দেখেই তাঁরা বলে দিতে পারেন, রোগটা বুকে নাকি পায়ের বুড়ো আঙুলে। তাঁরা ওষুধও বাতলে দিতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের মতো দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে!
আপনি ক্যারম, লুুডো কিংবা দাবা খেলতে বসেছেন। কিন্তু খেলায় সুবিধা করতে পারছেন না বা দাবার ঠিক কোন চালটা চালতে হবে বুঝতে পারছেন না। এমন সময় দেখবেন, আপনার আশপাশে নানা ধরনের জ্ঞানী জ্ঞান ঢেলে দিচ্ছেন। ‘এইটা মারো’, ‘এই যে এদিক দিয়ে স্ট্রাইক ছেড়ে দাও’ কিংবা ‘ঘোড়াটাকে সামনে বাড়াও’—এমন সব বাণী দিতে দিতে তাঁরা আপনার বারোটা বাজিয়ে ছাড়বেন। তবে তাঁরাই আবার যখন খেলায় নামেন, তখন হয়ে যায় আসল পরীক্ষা। অনেক চেষ্টা করেও সুবিধা করতে না পারলে তাঁদের কথা হয় এ রকম—‘আজকে মুড নাই!’, ‘আরে আমি সবার সাথে খেলি নাকি?’, ‘খেলা তো খেলাই, এত সিরিয়াসলি নেওয়া কী আছে!’
আপনি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠছেন বা কলেজ শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, ঠিক এমন সময় আপনি দেখা পাবেন নানা ধরনের জ্ঞানীর। এঁরা আপনার চাচার ফুফুর মেয়ের জামাইয়ের ভাবির ভাই-টাইপ আত্মীয়স্বজন। আপনার জীবনের এমন টার্নিং পয়েন্টগুলোতে তাঁরা আপনার জন্য ব্যাকুল হয়ে যাবেন এবং কোন কলেজের তুলনায় কোন কলেজ ভালো, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কেমন হয়, কোন ক্যাম্পাসের ছেলেমেয়েরা কীভাবে চলাফেরা করে—সবই তাঁরা বলে দিতে পারবেন অনায়াসে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলেও কিছু জ্ঞানীর দেখা পাবেন। তাঁরা আপনাকে নানা ধরনের জ্ঞানমূলক উপদেশ দিতে আসবেন এবং সেটা সম্পূর্ণ নিঃস্বার্থে ও ‘শুধু কোম্পানির (পড়ুন নিজেদের) প্রচারের জন্য’।
আপনার আশপাশের মানুষজন জানতে পারল, আপনি মোবাইল ফোন বা ল্যাপটপ কিনবেন। অথবা আপনি এমন কিছু লিখে ফেসবুকে স্ট্যাটাস দিলেন। সঙ্গে সঙ্গেই কমেন্টের বন্যায় ভেসে যাবেন আপনি। ‘এই কোম্পানির না কিনে ওই কোম্পানির কেনো’, ‘এই মোবাইল ফোন গরম হয় বেশি, ওই মোবাইলে চার্জ থাকে না, এটার ক্যামেরা ভালো’—নানা ধরনের জ্ঞান দিয়ে আপনাকে মুহূর্তে বিশারদও বানিয়ে
দেবেন তাঁরা। (তাঁদের এসব রিভিউ ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলে অবশ্য ভালো ভিউ পাওয়া সম্ভব।)
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন কিংবা প্রয়াণদিবসের আগে–পরে ফেসবুকেই পাবেন এই জ্ঞানীদের দেখা। মিনিট পাঁচেক ফেসবুক স্ক্রল করলে কমপক্ষে তিন–চারটি স্ট্যাটাস পাবেন হুমায়ূনকেন্দ্রীক। সেসব স্ট্যাটাসের মূল বক্তব্য হলো হুমায়ূন কতটা বড় কিংবা কতটা ক্ষুদ্র লেখক। এই দুটি দিনের আগে–পরে হুমায়ূন আহমেদ যেন ইলাস্টিক! কেউ তাঁকে টেনে বড় করতে চায় তো কারও লক্ষ্য ছোট করা। হুমায়ূন আহমেদ নিয়ে অবশ্যই আলোচনা–সমালোচনা হবে। তবে এই দুটি দিনে দুই পক্ষের জ্ঞানীরা এমন সব কথা বলবেন, শুনে মনে হবে—এই দেশে কত জ্ঞানী! কত জ্ঞানী! কাজকর্মে অবশ্য তাঁদের নমুনা বিরল!