
সের্গেই ইভানভিচ ও জানজিবারভের দেখা হলো তাদের প্রিয় ‘তুষারকণা’ নামের পাবে। অচিরেই তাঁদের পকেটের অর্থসম্পদ ফুরিয়ে এল, তবে ফুরাল না তাঁদের তেষ্টা। পাবের ভেতরের মানুষজনের কাছে ধার চেয়ে ফল হলো না কোনো—পরিচিতরা অস্বীকৃতি জানাল, অপরিচিতরা তাদের বিমুখ করল খুব কর্কশভাবে। কেউ কেউ তো স্পষ্ট হুমকিই দিয়ে ফেলল। বারম্যানের কাছে বাকিতে বিয়ারপানের বাসনা প্রকাশ করতেই তার মুখে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়ে গেল ঘৃণাভরা অভিব্যক্তি।
এদিকে তেষ্টা বেড়েই চলল ক্রমশ। তখন জানজিবারভের মগজের কোষে সক্রিয় হলো চমৎকার এক আইডিয়া।
তিনি বললেন, ‘আমার কাছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফোন নম্বর লেখা আছে। তাদের কাছে ঋণ চাইতে দোষ কী?’
‘মদ খাওয়ার জন্য? আমি সন্দিহান।’
‘আচ্ছা, আমাদের দেশের সরকার ওদের কাছে ঋণ চায় কিসের কথা বলে? কোন কারণ দেখিয়ে?’
‘সরকার? সরকার ঋণ চায় দেশি শিল্পের উন্নতির কথা বলে।’
‘শিল্পের উন্নতি—ওটা কথার কথা। আসলে তারা টাকা চায় মদ্যপানের জন্যই।’
‘সরাসরি সে কথাই বলে?’
‘না, তা কেন! আমরাও সরাসরি বলব না। আমরা বলব: বিয়ার-উৎপাদন শিল্পে বিনিয়োগের জন্য।’
‘তবু দেবে না।’
‘সবাইকেই তো দেয়! আমাদের দেবে না কেন? আর তা ছাড়া আমাদের তো প্রয়োজন মাত্র পাঁচ ডলার। এটা ওদের কাছে হাতের ময়লা। এই যে নাও ফোন নম্বর, ফোন করো।’
টেলিফোন করে আধঘণ্টা পর ফিরে এলেন সের্গেই ইভানভিচ। চোখে-মুখে উদ্বেগ ছড়ানো।
‘ঋণ দিতে তাদের নীতিগতভাবে আপত্তি নেই, তবে তারা পাঁচ ডলার দিতে পারবে না। অত ছোট নোট তাদের নেই। শুধু ১০০ ডলারের নোট।’
‘১০০ ডলারই নিতে! যাও, আবার ফোন করে বলো, আমরা ১০০ ডলার নিতে রাজি।’
সের্গেই ইভানভিচ আবার ফোন করতে গেলেন। তারপর ফিরে এসে বললেন, ‘তারা দিতে প্রস্তুত, কিন্তু আমি রাখঢাক না করে সরাসরি বলেছি, আমাদের কাছে ভাংতি ৯৫ ডলার নেই।’
‘গর্দভ কোথাকার! কিসের ভাংতি?’
‘আমাদের তো মোটে পাঁচ ডলার দরকার।’
‘আবার যাও এবং ১০০ ডলার নিয়ে এসো।’
‘বললেই হলো! পাঁচ ডলার আমরা তবু ফেরত দিতে পারব, কিন্তু ১০০ ডলার? কোত্থেকে?’
‘গর্দভ কি সাধেই বললাম! আমাদের সরকার ওদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার নেয়। কিন্তু ফেরত দেওয়ার কথা কখনো শুনেছ? আমরা সরকারের থেকে কোন অংশে খারাপ? অন্তত আমি মনে করি, কোনো দিক দিয়েই খারাপ নই।’