এই দিনে

৫১ বছর আগে এই দিনে প্রথম কনসার্টের মঞ্চে দাঁড়ায় ব্যান্ড রোলিং স্টোন। ১৯৬২ সালের ওই কনসার্ট আয়োজিত হয়েছিল লন্ডনের মারকুই জ্যাজ ক্লাবে। ভোকাল ছিলেন জ্যাগার, গিটারে ছিলেন ব্রায়ান জোনস ও কেইথ রিচার্ডস। পিয়ানো বাজিয়েছিলেন আয়ান স্টুয়ার্ট। বেজ গিটারে ঝংকার তুলেছিলেন ডিক টেইলর। তবে ড্রামে কে ছিলেন তা নিয়ে আছে বিতর্ক। প্রথমে জানা গিয়েছিল ওই কনসার্টে ড্রামার ছিলেন টনি চ্যাপম্যান। তবে ২০১০ সালে প্রকাশিত আত্মজীবনী লাইফ-এ কেইথ রিচার্ডস বলেছেন, ড্রামার ছিলেন মিক অ্যাভোরি। কনসার্টে মোট ১৮টি গান গায় রোলিং স্টোন। প্রথম গান ছিল ‘ক্যানসাস সিটি’। ‘বেবি হোয়াটস রং’, ‘কনফেশন দ্য ব্লুজ’, ‘ব্রাইট লাইটস’, ‘বিগ সিটি’ এবং ‘ডাস্ট মাই ব্রুমের’ মতো কালজয়ী গানগুলোও সেদিন গেয়েছিল দলটি। তথ্যসূত্র: রোলিংস্টোন ডটকম