চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত শিশুপার্ক এখন নিয়মিত দর্শনার্থী ও শিশুদের জন্য খোলা রাখা হচ্ছে। পার্ক খোলা পেয়ে বিনোদনপিপাসু শিশু-কিশোরেরা ছুটে যাচ্ছে। প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি উপজেলার বাসিন্দারা। অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
১ আগস্ট বেলা একটার পর শিশুপার্কে দেখা গেছে ফটক খোলা। ভেতরে খেলছিল বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অব্যবহৃত পড়ে থাকতে থাকতে পার্কের নানা জায়গায় যেসব ঝোপঝাড় ও বড় বড় ঘাস জন্মেছিল সেসব কেটে পরিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে পার্কের তত্ত্বাবধায়ক দিদারুল আলম বলেন, ‘জেলা পরিষদ থেকে নির্দেশ পেয়ে পার্ক সকাল ১০টা থেকে খোলা রাখছি। ঘাসও পরিষ্কার করা হচ্ছে।’
চট্টগ্রাম জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান বলেন, শিশুপার্ক বন্ধ থাকার বিষয়টি জেনে নিয়মিত খোলা রাখার জন্য তত্ত্বাবধায়ককে বলে দেওয়া হয়েছে। এখন থেকে পার্কটি নিয়মিত খোলা থাকবে।
পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল হক মিজান বলেন, ‘শিশুপার্ক খুলে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এখন থেকে একটি নির্দিষ্ট সময় প্রতিদিন পার্কটি খোলা রাখতে হবে। বিশেষ করে বিকেলে শিশুরা খেলার জয়গা পায় না। এ সময় পার্ক খোলা রাখলে শিশুরা খেলতে পারবে।’
উল্লেখ্য, গত ৩১ জুলাই প্রথম আলোর চট্টগ্রামবিষয়ক ক্রোড়পত্র আমার চট্টগ্রামের পাতায় ‘পার্কে তালা, বিনোদনবঞ্চিত শিশুরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই প্রশাসন পার্কটি খোলা রাখার উদ্যোগ নেয়।