যাপিত রস

গরুর জীবনবৃত্তান্ত

চাকরির জন্য মানুষ জীবনবৃত্তান্ত জমা দেয়, তেমনি গরুরাও যদি নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিত, তাহলে সেটা কেমন হতো? দেখাচ্ছেন মাহবুব আলম

হাম্বা মিয়া

ঠিকানা

স্থায়ী: গফুর মিয়ার গোয়ালঘর, গাইবান্ধা

বর্তমান: গরুর হাট, গাবতলী, ঢাকা, বাংলাদেশ

যোগাযোগ

মোবাইল: ০১৪৫২৬৫৮৯৭৮

ই-মেইল: নেই (গোয়ালঘরে ইন্টারনেট ছিল না)

জন্মতারিখ

১২ জানুয়ারি ২০১৫ (দুই দাঁত)

সংক্ষিপ্ত পরিচিতি

পিতা: কালু মিয়া

মাতা: লালি খাতুন

জাতীয়তা: বাংলাদেশি

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

ভাষা

গরুবীয় ভাষা

বাংলা

 (বুঝতে সক্ষম)

ইংরেজি

 (কেবল Run শব্দটি জানি)

ব্যক্তিত্ব

* আশাবাদী (ঘাস না পেলেও আশা ছাড়ি না)

* ধৈর্যশীল (খাবার দিতে দেরি হলে অস্থির হই না)

* শান্তিপ্রিয় (জীবনে কাউকে কখনো গুঁতা দিইনি)

লক্ষ্য

হাটের সবচেয়ে আকর্ষণীয় গরু হতে চাই।

শিক্ষাগত যোগ্যতা

জিইসি (গ্রাস ইটিং সার্টিফিকেট)

সাল: ২০১৫, প্রতিষ্ঠান: গফুর মিয়ার গোয়ালঘর, গাইবান্ধা

জিএফসি (গ্রেজিং ইন ফিল্ড সার্টিফিকেট)

সাল: ২০১৬, প্রতিষ্ঠান: মাঠ ও নদীর তীর, গাইবান্ধা

অভিজ্ঞতা

গত বছর স্থানীয় হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল। উপযুক্ত দাম না বলায় বিক্রি হইনি। তবে ক্রেতাদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছি।

দক্ষতা

* শুকনো খটখটে মাঠেও ঘাস খুঁজে বের করায় দক্ষ

* গলাপানিতে নেমে ঘাস খাওয়ায় পটু

* লেজ নাড়িয়ে মশা-মাছি তাড়াতে সক্ষম

* জাবর কাটতে পারি একটানা তিন ঘণ্টা

প্রশিক্ষণ

স্বাধীনভাবে মাঠে চরে সন্ধ্যায় গোয়ালঘরে ফিরে যাওয়ার কোর্স করেছি। রাখালের নির্দেশ মেনে চলার প্রশিক্ষণও আছে।

শখ

পল্লি হাম্বাগীতি, লেজ নাচানো, জাবর কাটা

রেড ওয়ান

ঠিকানা

স্থায়ী: কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া

বর্তমান: গরুর হাট, আফতাবনগর, ঢাকা, বাংলাদেশ

যোগাযোগ

মোবাইল: ০১৩৫৮৯৬৭৮৫২

ই-মেইল: redonej@cmai*.com

ফেসবুক: fb.com/a*oneboy

জন্মতারিখ

২৫ জুলাই ২০১৪

সংক্ষিপ্ত পরিচিতি

পিতা: রেড ওয়ান সিনিয়র

মাতা: মু মু এমিলি

জাতীয়তা: অস্ট্রেলীয়

বৈবাহিক অবস্থা: সেপারেটেড

ভাষা

গরুবীয় ভাষা

*****

ইংরেজি

*** (বুঝতে সক্ষম)

বাংলা

** (কিছুটা বুঝতে সক্ষম)

ব্যক্তিত্ব

* পরিচ্ছন্ন (যেখানে-সেখানে ইয়ে করি না)

* কঠিন মানসিকতা (অন্যায়ের বিরুদ্ধে শিঙের ব্যবহারে দক্ষ)

* ইতিবাচক (যেকোনো পরিবেশে মানিয়ে নিই)

লক্ষ্য

আধুনিক এবং স্মার্ট গরু হিসেবে নিজেকে গড়ে তোলা।

শিক্ষাগত যোগ্যতা

এসএফসি (সেকেন্ডারি ফিল্ড সার্টিফিকেট)

সাল: ২০১৪, প্রতিষ্ঠান: মামা-ভাগিনা গরুর খামার, সাভার

এইচএফসি (হায়ার সেকেন্ডারি ফিল্ড সার্টিফিকেট)

সাল: ২০১৫, প্রতিষ্ঠান: মা-বাবার দোয়া গরুর খামার, সাভার

অভিজ্ঞতা

দিনে দুই কেজি ঘাস, খড়, চিটাগুড় এবং খৈল খেয়ে মাসে ১০ কেজি করে ওজন বাড়ানোয় অভিজ্ঞ।

দক্ষতা

* একটানা এক ঘণ্টা পর্যন্ত উপোস থাকতে পারি

* অন্যায় দেখলেই শিঙের সদ্ব্যবহারে পারঙ্গম

* এক বসায় দুই কেজি ঘাস গলাধঃকরণে পটু

* খিদে পেলে উচ্চ স্বরে ডাক দিই

প্রশিক্ষণ

বডিবিল্ডিংয়ের ওপর শর্ট কোর্সে অংশ নিয়েছি। এ ছাড়া ডিপ্লোমা করেছি হর্ন নক গেমের ওপর।

শখ

খেলাধুলা (মূলত হর্ন নক গেম), রাখালের কথা না শোনা, ইন্টারনেট ব্রাউজিং

লাল মোহন

ঠিকানা

স্থায়ী: বিনোদ সিংয়ের গোয়ালঘর, হরিয়ানা, ভারত

বর্তমান: বিরাট গরু-ছাগলের হাট, যাত্রাবাড়ী, ঢাকা, বাংলাদেশ

যোগাযোগ

মোবাইল: নেই (ভারতীয় সিম কাজ করছে না)

ই-মেইল: *aa*007@cow.com

জন্মতারিখ

৩০ মার্চ ২০১৫ (দুই দাঁত)

সংক্ষিপ্ত পরিচিতি

পিতা: গো বর্ধন

মাতা: লালি

জাতীয়তা: ভারতীয়

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

ভাষা

গরুবীয় ভাষা

*****

হিন্দি

*** (বুঝতে সক্ষম)

বাংলা

** (মোটামুটি বুঝতে সক্ষম)

ব্যক্তিত্ব

* সৃজনশীল (ঘাস না পেলে বিকল্প খাদ্য খুঁজে বের করি)

* কমিউনিকেটিভ (মনিবের সব নির্দেশ মেনে চলি)

* কঠোর পরিশ্রমী (দেশ-বিদেশে কঠোর পরিশ্রম করতে সদা প্রস্তুত)

লক্ষ্য

ভিনদেশের হাটে পরিশ্রম, শারীরিক সৌন্দর্য ও মেধা দিয়ে নিজেকে সেরা হিসেবে উপস্থাপন করতে চাই।

শিক্ষাগত যোগ্যতা

জেইসি (জুনিয়র ইটিং সার্টিফিকেট)

সাল: ২০১৬, প্রতিষ্ঠান: বিনোদ সিংয়ের গোয়ালঘর, হরিয়ানা

ডিপ্লোমা ইন ফিল্ড গ্রাস

সাল: ২০১৭, প্রতিষ্ঠান: বিভিন্ন মাঠ, হরিয়ানা, ভারত

অভিজ্ঞতা

হাটে ওঠার অভিজ্ঞতা নেই। তবে স্থানীয় খামারিরা আমার সুঠাম শরীর ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

দক্ষতা

* গোপনে সীমান্ত পার হতে সক্ষম

* বৈরী আবহাওয়ায় নিজেকে মানিয়ে নিতে পারি

* সব রঙের মধ্য থেকে সবুজ রং চিনতে পারি

* এক গোয়ালে একাধিক গরুর সঙ্গে বসবাসে অভ্যস্ত

প্রশিক্ষণ

প্রতিকূল পরিস্থিতিতে মানসিকভাবে শান্ত থাকার জন্য যোগব্যায়ামের স্পেশাল কোর্স করেছি।

শখ

ধ্রুপদি হাম্বাসংগীত, বসে থাকা, গোবরে পদ্ম ফুলের বাগান করা