
>চায়ে চুমুক দিয়ে দিন শুরু হয় অনেকের। কারও আবার চা ছাড়া চলেই না। চীন থেকে চা চাষের শুরু হয়ে দিনে দিনে এই পানীয়ের ঘ্রাণ ছড়িয়েছে দুনিয়ার নানা প্রান্তে। যুক্ত হয়েছে নানা স্বাদ। চায়ের বিবর্তন দেখুন এই সময়রেখায়।
খ্রিষ্টপূর্ব ৪০০০ সাল
এই সময় চীনে চায়ের চাষ শুরু হয়েছিল। তবে সে যুগে চা পানীয় হিসেবে পান করা হতো না, চা-পাতা খাওয়া হতো শাক হিসেবে!
খ্রিষ্টপূর্ব ২৭৩৭ সাল
ঔষধি গাছের খোঁজে বনের গাছ-লতা-পাতার স্বাদ নিতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন চীনের সম্রাট শেননং। কিংবদন্তি আছে, এরপর চা–পাতা চিবোলে সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই থেকেই নাকি চায়ের প্রচলন।
৫০০ সাল
পঞ্চম শতকের দিকে চীনারা অনুধাবন করে, চা-পাতা গরম পানিতে মিশিয়ে নিলে চমৎকার এক পানীয় তৈরি হয়। চীনারা এই পানীয়ের নাম দেয় ‘মৌচা’।
৬০০-৮০০ সাল
চীনের ট্যাং সাম্রাজ্যের শাসনকালে (৬১৮-৯০৭) তিব্বতে মাখনের চায়ের প্রচলন হয়। তিব্বতের মাখন চা ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়।
১৪০০ সাল
চীনে মিং রাজবংশের (১৩৬৮-১৬৪৪) শাসনামলে চা-পাতা শুকিয়ে গুঁড়া করার প্রচলন হয়।
১৬০০ সাল
ষোড়শ শতাব্দীর প্রথম দিকে ওলন্দাজ বণিকেরা বিপুল পরিমাণে চা চীন থেকে ইউরোপে আমদানি করেন।
১৬৬১ সাল
১৬৬১ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসকে বিয়ে করেন রানি ক্যাথরিন। পর্তুগাল থেকে যুক্তরাজ্যের রাজদরবারে চা প্রবেশ করে তাঁর হাত ধরেই। পরের শতকে বিশ্বব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা করলে চা পৌঁছে যায় সেসব দেশে।
১৯০১ সাল
রবের্তা লসন ও ম্যারি মোলারেন প্রথম চা-ব্যাগের পেটেন্টের জন্য আবেদন করেন।
১৯৫২ সাল
মার্কিন ব্যবসায়ী থমাস লিপটন ১৯৫২ সালে আধুনিক স্বচ্ছ চা-ব্যাগের মতোই একধরনের চা–ব্যাগ বাজারে আনেন এবং বাণিজ্যিক উৎপাদন শুরু করেন।