masud328@gmail.comগ্যালিলিওর গল্পফেলিক্স ক্রিভিন‘সত্যি বলতে কি, গ্যালিলিও, আমি নিজেও মনে করি, পৃথিবী ঘুরছে,’ আঙুল দিয়ে পৃথিবীর ঘোরা অনুকরণ করে দেখাতে দেখাতে বলল পোপ। ‘কিন্তু মনে করা একটা ব্যাপার, আর বলা আরেক। আপনি তো বিজ্ঞানী মানুষ, আপনি কি সত্যিই এই পার্থক্যটা উপলব্ধি করতে পারেন না?’‘না, আমি সেটা বুঝতে পারি,’ বললেন গ্যালিলিও। ‘এবং ঠিক সে কারণেই যা মনে করি, সেটাই বলি।’‘সে ক্ষেত্রে এমনভাবে বলুন, যাতে আপনাকে কেউ শুনতে না পায়। আপনাকে ভয় দেখাতে চাইছি না, তবে আমার উপদেশ না শুনলে আপনাকে অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হতে হবে হয়তো। জর্ডানো ব্রুনোর কথা মনে করে দেখুন...’গ্যালিলিও স্মরণ করলেন। ‘আমি তো এখন বার্ধক্যে উপনীত,’ ভাবলেন তিনি, ‘আমার সামনে এখনো অনেক কাজ পড়ে আছে। অনেক বড় কিছু কাজ। সেগুলো শেষ না করে মরতে ইচ্ছে করছে না...’ধর্মত্যাগে বাধ্য করা হলো গ্যালিলিওকে। এ উপলক্ষে পবিত্র গির্জা উৎসব পালন করল জাঁকজমকের সঙ্গে। রক্ষাকর্তা যিশুর রক্ত থেকে বানানো মদের বন্যা বয়ে গেল। আর যখন বিজ্ঞান ও ধর্মের বন্ধুত্বের সম্মানে টোস্ট উচ্চারণ করা হলো, গ্যালিলিওর দিকে তাকিয়ে চোখ টিপে পোপ বলল, ‘পৃথিবী কিন্তু সত্যিই ঘুরছে।’রু শ মি শা লি রান্নাঘর ও টয়লেট—মেড ফর ইচ আদার। রাশিয়ায় শ্রেষ্ঠ মনস্তত্ত্ববিদের নাম ভোদকা। ট্যাপের পানি খেতে বারণ করা হয় অথচ সেই ট্যাপের পানি দিয়ে ধোয়া আপেল খাওয়ায় নিষেধাজ্ঞা নেই। ইলেকট্রিক শক খাওয়ার মধ্যে প্লাস-মাইনাস দুই-ই আছে। অলস ইভান ঘুম থেকে ওঠে খুব ভোরে, যাতে আরও বেশি সময় ধরে আলস্য করতে পারে। ভোদকা হয় দুরকমের: ভালো এবং খুব ভালো। তবে দুঃখের কথা এই যে সরকার হয় দুরকমের: খারাপ এবং খুব খারাপ। সবুজ আঙুর থেকে তৈরি হলদেটে মদকে হোয়াইট ওয়াইন বলা হয়। কিছু লোকের নখ কামড়ানোর অভ্যেস দেখে অবাক হই। নখ ছাড়া নাক খোঁটা যায় নাকি!সের্গেই, সের্গেই...আলেক্সান্দর পেরল্যুক‘এহ্, সের্গেই, সের্গেই! জানো, মন কী যেন চাইছে ভীষণভাবে, একদম বুঝতে পারছি না!’ বাদামি রঙের চোখ পিটপিট করতে করতে ফিসফিস করে বললেন লারিসা পেত্রোভনা। ‘টক, মিষ্টি বা নোনতা কিছু?’ তৎক্ষণাৎ সাগ্রহ উদ্যোগ দেখালেন তাঁর স্বামী। ‘না, খাবার কিছু নয়, অন্য কী যেন একটা...’‘কী সেটা? নাকি চাইছ, আমি টিভিটা অন করি, একসঙ্গে বসে কোনো সিরিয়াল দেখি? নাকি ফুল ভলিউমে গান ছেড়ে দেব?’‘সের্গেই, আমার কী মন চাইছে, তুমি বুঝতে পারছ না কেন?’ অভিযোগের সুর লারিসা পেত্রোভনার কণ্ঠে। ‘তুমি তো জানোই, কেমন বোকাসোকা আমি। নাকি তুমি চাইছ দোকানে গিয়ে নতুন কোনো হ্যাট কিনতে?’‘হ্যাট? আইডিয়াটা অবশ্যই অতুলনীয়, কিন্তু...এই মুহূর্তে হ্যাট চাই না আমার। আমার চাই অন্য কিছু...এটা না বোঝার কী আছে!’‘নাকি নতুন একজোড়া বুট অথবা ফ্যাশনদুরস্ত জ্যাকেট?’‘না!’ সজল হয়ে উঠল স্ত্রীর দুচোখ।কপাল চুলকালেন সের্গেই কুজমিচ। স্ত্রীর বর্তমান চাহিদা অনুমান করতে পারছিলেন না কিছুতেই। কী চাই তার এখন?‘এহ্, সের্গেই, সের্গেই! জানো, এতক্ষণ ধরে মন কী চাইছিল, এখন মনে হয় নিজেই বুঝতে পেরেছি। আমি চাইছিলাম তোমার সঙ্গে ঝগড়া করতে।’গেরাসিমভের বীরত্বসের্গেই স্তেপানভস্কুলের সহপাঠিনী মাশার সঙ্গে হেঁটে যাচ্ছিল গেনা গেরাসিমভ। মাশাকে সে নিজের হূদয়ের রানি মনে করে। ‘তোমার জন্য আমি কী না করতে পারি!’ উদ্যমের সঙ্গে বলল সে। ‘এই গাছ বেয়ে উঠতে পারি, চাও?’উত্তরের অপেক্ষা না করে উঠতে শুরু করল লম্বা পপলারগাছে। তিনতলার সমান উঁচুতে চড়ে সে থামল। কারণ, গাছটির উচ্চতা ছিল অতটুকুই। তারপর নেমে পড়ল। ‘এই পাথরটা ছুড়ে ফেলব নদীর ওই পাড়ে, চাও?’বড় এক টুকরো পাথর সে পাঠিয়ে দিল নদীর ওপারে। ‘বিদেশি এই গাড়িটাকে ঠেলে সরিয়ে দেব, চাও?’দুই হাতে ঠেলে সে গাড়িটাকে সরাল মিটার দুয়েক। পরে খানিকক্ষণ দম নিয়ে বলল, ‘তুমি যা চাও, তোমার জন্য তা-ই করতে পারব।’‘অঙ্কের হোমওয়ার্কটা করতে সাহায্য কোরো না, প্লিজ!’ মাশা বলল। ভারি রাগ হলো গেরাসিমভের। ‘চাওয়ার একটা সীমা আছে, মাশা!’ বলল সে।