ত্বক ও চুলের যত্নে আমরা নানা কিছু করে থাকি, মেনে থাকি নানা নিয়ম। তবে তার সবটাই কি সঠিক? কেউ বলেন একটা তো অন্যজন এসে একেবারেই দেন ভিন্ন পরামর্শ। তাই রূপচর্চায় কোন নিয়মগুলো সঠিক আর কোনগুলো ভুল, সেই বিভ্রান্তি দূর করতেই নকশার এই আয়োজন। জেনে নিন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের মতামত।

শশা চোখের নিচের ফোলা ভাব দূর করে।
রূপবিশেষজ্ঞ বলেন: এটি ভুল। চোখের এই ফোলা ভাবটা বেশির ভাগ সময়ে বংশগত কারণে হয়ে থাকে। সে ক্ষেত্রে এটা শুধু শশা নয়, এ ধরনের কোনো কিছু দিয়েই দূর করা সম্ভব নয়। এটি মেকআপের মাধ্যমেই ঢেকে রাখা যেতে পারে। কিন্তু একেবারে ঠিক করে ফেলা সম্ভব নয়।
নিয়মিত শ্যাম্পুর ব্র্যান্ড পরিবর্তন না করলে তা কাজ করে না।
রূপবিশেষজ্ঞ বলেন: সম্ভব হলে তিন মাস পর পর শ্যাম্পুর ব্র্যান্ড পরিবর্তন করা ভালো। কিন্তু কেউ চাইলে এক শ্যাম্পুই সব সময় ব্যবহার করতে পারেন। পরিবর্তন করে ব্যবহার না করলে তা কাজ করবে না—এ কথা সঠিক নয়।
চুলে মেয়োনেজ লাগালে চুল ঝলমলে হয়।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা আংশিক ভুল ধারণা। শুধু মেয়োনেজ লাগালে চুলের কোনো উপকার হবে না, তবে মেয়োনেজের সঙ্গে ডিমের সাদা অংশ, তেল ইত্যাদি মিশিয়ে লাগালে চুল সুন্দর হয়।
একটি পাকা চুল তুললে সেই জায়গায় আরও দুটি পাকা চুল ওঠে।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা একেবারেই ভুল ধারণা। পাকা চুল তুলে ফেলার কারণে সেখানে পাকা চুল আরও বেশি করে গজাবে—এ কথা ঠিক নয়।
ব্রণের ওপর টুথপেস্ট লাগালে তা কমে যায়।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা ঠিক। টুথপেস্ট ব্রণে লাগালে উপকার পাওয়া যায়।
চকলেট ও অন্যান্য অস্বাস্থ্যকর খাবার খেলে ত্বকে ব্রণ হয়।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা নির্ভর করে ব্যক্তির ওপর। কারও চকলেটে অ্যালার্জি থাকলে এমন হতে পারে। অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলেও ত্বকে ব্রণ হতে পারে।
সুইমিং পুলে নিয়মিত সাঁতার কাটলে ত্বকের রং অনুজ্জ্বল হয়ে যায়।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা সত্যি। সুইমিং পুলের পানি পরিষ্কার রাখার জন্য সেখানে ক্লোরিন ব্যবহার করা হয়ে থাকে। এই ক্লোরিনের সংস্পর্শে এলে ত্বক অনুজ্জ্বল হয়ে যায়। আবার চুল রুক্ষ ও খসখসে হয়ে যেতে পারে। এ জন্য সুইমিং পুলে সাঁতার কাটার সময় মাথার চুল ঢেকে রাখতে হবে।
রাতে ঘুমানোর আগে মুখে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখলে বলিরেখা দূর হয়।
বিশেষজ্ঞের অভিমত: না। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে। তবে সম্পূর্ণভাবে বলিরেখা দূর করতে সক্ষম নয়।
নিয়মিত নখে নেইলপলিশ ব্যবহার করলে নখ হলদে হয়ে যায়।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা ঠিক। সব সময় নেইলপলিশ লাগিয়ে রাখলে নখের রং হলদে হয়ে যেতে পারে। এ জন্য নখের যথাযথ পরিচর্চার প্রয়োজন।
কোকো বাটার বা জলপাই তেল লাগালে ত্বকের বলিরেখা বা স্ট্রেচমার্ক দূর হয়।
রূপবিশেষজ্ঞ বলেন: কোকো বাটার বা জলপাই তেল দিয়ে এই দাগ দূর করা সম্ভব নয়। তবে এখন বাজারে কিছু ক্রিম কিনতে পাওয়া যায়, যা ব্যবহার করলে উপকার পেতে পারেন।
নিয়মিত লিপস্টিক লাগালে ঠোঁটের রং কালচে হয়ে যায়।
রূপবিশেষজ্ঞ বলেন: নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া লিপস্টিক ব্যবহার করলে এমনটা ঘটতে পারে।
চা-কফি অতিরিক্ত পান করলে গায়ের রং অনুজ্জ্বল হয়ে যায়।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা একেবারেই ভুল ধারণা। ত্বকের রং অনুজ্জ্বল করতে এর কোনো ভূমিকা নেই।
তিন মাস অন্তর চুলের আগা না ছাঁটলে চুল লম্বা হয় না।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা ঠিক নয়। কারণ, চুল বাড়ে গোড়ার দিক থেকে আগার দিক থেকে নয়। চুলের ফেটে যাওয়া আগা ফেলার জন্যই তিন মাস পর পর চুলের আগা ছেঁটে ফেলতে হয়, চুল দ্রুত বড় হওয়ার জন্য নয়।
রাতে মাথায় তেল দিয়ে শক্ত করে বেণি করে রাখলে চুল দ্রুত লম্বা হয়।
রূপবিশেষজ্ঞ বলেন: না। বরং প্রতিরাতে চুল শক্ত করে বেঁধে রাখলে চুলের গোড়া নরম ও দুর্বল হয়ে যায়।
বেশি চুল আঁচড়ালে চুল পড়ে যায়।
রূপবিশেষজ্ঞ বলেন: এ কথা ঠিক নয়। কারণ, চুলের স্বাস্থ্য ভালো রাখতে রক্ত সঞ্চালন ঠিকমতো হওয়া জরুরি। আর সঠিক নিয়মে চুল আঁচড়ানোর কারণে মাথার ত্বকে রক্ত সঞ্চালন-প্রক্রিয়া ঠিক থাকে।
ছোটবেলায় চুল বারবার ন্যাড়া করে দিলে চুল ঘন হয়।
রূপবিশেষজ্ঞ বলেন: এই ধারণা সঠিক নয়। কারণ, মানুষের মাথার ত্বকে চুলের (হেয়ার ফলিকল) সংখ্যা জন্মগতভাবে যা থাকে, তার চেয়ে কখনোই বৃদ্ধি পায় না। তাই ন্যাড়া করলেই চুল ঘন হবে, এটা ভাবা ভুল।
ঘুমানোর সময় মাথার বালিশে মখমলের ঢাকনা ব্যবহার করলে মুখে বলিরেখা পড়ে না ও চুলের আগা ফাটে না।
রূপবিশেষজ্ঞ বলেন: এ ধারণা ঠিক নয়। মুখের বলিরেখা বা চুলের আগা ফেটে যাওয়ার বিভিন্ন কারণ থাকে। মখমলের বালিশের কভার ব্যবহার এ সমস্যা থেকে রেহাই দিতে পারবে না।
শীতকালের তুলনায় গ্রীষ্মকালে চুল দ্রুত বড় হয়।
রূপবিশেষজ্ঞ বলেন: চুল বাড়ার বিষয়টি ঋতুবৈচিত্র্যের ওপর কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়। কার চুল কত দ্রুত ও কতটুকু বাড়বে, তা নির্ভর করে তার চুলের বৃদ্ধি কেমন, তার ওপর।
পানি পান করলে ত্বকের শুষ্কতা দূর হয়।
রূপবিশেষজ্ঞ বলেন: শুধু পানি পান করলে ত্বকের শুষ্কতা দূর করা যায় না। যারা জন্মগতভাবেই শুষ্ক ত্বকের অধিকারী তাদের প্রচুর পানি পানের সঙ্গে সঙ্গে পুষ্টিকর খাবার গ্রহণ ও নিয়মিত ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার না করলে ত্বকের শুষ্কতা দূর হবে না।
চুলের ফেটে যাওয়া আগা প্রসাধনীর মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব।
রূপবিশেষজ্ঞ বলেন: এটি সম্ভব নয়। আগা ফাটা রোধ করা যেতে পারে। তবে ইতিমধ্যে ফেটে যাওয়া আগাটুকু কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।
নিয়মিত ভ্রু প্লাক করলে তা পাতলা হয়ে যায়।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা ঠিক। প্রথমবার ভ্রু প্লাক করার পরবর্তী কিছু সময় তা খুব ঘন হয়ে গজায়, এরপর নিয়মিত প্লাক করতে করতে তা একসময় পাতলা হয়ে যায়।
ঠান্ডা পানিতে চুল ধুলে চুল উজ্জ্বল হয়।
রূপবিশেষজ্ঞ বলেন: এ কথা সঠিক নয়।
রাত জাগলে চোখে কালি পড়ে।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা ঠিক। সাধারণত একটানা অনেক দিন রাতে না ঘুমালে চোখের নিচে কালি পড়ে। তবে কারও কারও আবার অনেক রাত জাগার পরও চোখে কালি পড়ে না। সেটা ব্যতিক্রম ঘটনা।
সব সময় একদিকে সিঁথি করলে সেদিকের চুল পাতলা হয়ে যায়।
রূপবিশেষজ্ঞ বলেন: ঠিক। এ জন্য সব সময় একদিকে সিঁথি না করে ঘুরিয়ে-ফিরিয়ে সিঁথি করা ভালো।
হাত দিয়ে চোখ ঘষলে সেখানে বলিরেখা পড়ে যায়।
রূপবিশেষজ্ঞ বলেন: এটা ঠিক।
গ্রন্থনা: নাদিয়া মাহমুদ