সবজান্তা সমীপেষু

যদি ‘ফেইলর ইস দ্য পিলার অব সাকসেস’ হয় তাহলে ব্যর্থতার ওপর লেখা একটি বই বিক্রি না হলে সেটাকে কি সফল বলা যাবে?
তাসনীম ফাতেমা
টমছম ব্রিজ, কুমিল্লা
 যাবে, তবে সাফল্যের সেই পিলার ধরে নাড়াচাড়া করলে সব ব্যর্থতায় পর্যবসিত হবে!

তাড়াতাড়ি কোটিপতি হওয়ার উপায় কী?
তোমেল সরকার
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
 দ্রুত ১০০ লাখ টাকার মালিক হন।

আমি ওর সঙ্গে এমন করি কেন?
নওশীন আক্তার
বাংলামটর, ঢাকা
 সে আপনার ‘ও’ হয় বলে।

আইনস্টাইনের জন্ম না হলে কী হতো?
সাইফ আহমেদ
উত্তর যাত্রাবাড়ি, ঢাকা
 E=mc2–এর বদলে হয়তো E=Eagle হতো।

আমার এক বন্ধু প্রেমে পড়েছে, আমি এখন কী করতে পারি?
সাগর হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
 আফসোস করুন।

শীতকালে পানিতে মাছদের ঠান্ডা লাগে না?
শামীম হোসেন
ফরিদগঞ্জ, চাঁদপুর
 লাগে না। কারণ, সে সময় মাছেরা নির্বাচনের তারিখ ঘোষণা করে, ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

সেরা প্রশ্ন
গুগলে এমন কী খুঁজলে ‘নো রেজাল্ট ফাউন্ড’ দেখাবে?
আরাফাত হোসেন, ধানমন্ডি, ঢাকা
 বাংলাদেশের কোনো দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন।

অভিনন্দন আরাফাত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।