আধুনিক ফেরির নকশা করেছেন এই শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়
ছবি: সংগৃহীত

১৯৬৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফিলিপাইনে ফেরি দুর্ঘটনায় মারা যায় ১০ হাজারের বেশি মানুষ। বাংলাদেশে সংখ্যাটা ৯ হাজারেরও বেশি। ইন্দোনেশিয়া, কঙ্গো, মিসর, ভারত, নাইজেরিয়া, ব্রাজিলসহ নানা দেশেই ফেরি দুর্ঘটনা ঘটে। ফেরি চলাচল নিরাপদ করার বিষয়টি মাথায় রেখেই প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে একটি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন।

আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১১ জন শিক্ষার্থী এ বছরের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন ফর সেইফ অ্যান্ড এফোর্ডেবল ফেরি প্রতিযোগিতায় ধারণাপত্র জমা নিই। উদ্ভাবনী ও সৃজনশীল ধারণার জন্য এ বছর আমাদের দেওয়া হয়েছে ‘অনারেবল মেনশন’ বা সম্মানজনক স্বীকৃতি। প্রতিযোগিতায় প্রথম হয় জার্মানির সিটি ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস, ব্রেমেন। দ্বিতীয় হয় একই দেশের ইউনিভার্সিটি অব রসটক। ইন্দোনেশিয়ার আইটিএস সুরাবায়া হয় তৃতীয়। বুয়েটের সঙ্গে দক্ষিণ কোরিয়ার মকপো ন্যাশনাল মেরিটাইম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ও পেয়েছে বিশেষ স্বীকৃতি।

আমাদের পুরো কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক জোবায়ের ইবনে আওয়াল। ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছর এই প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এবারের আসরের চ্যালেঞ্জ ছিল—ভিন্ন ধরনের একটি ফেরির নকশা করতে হবে। সেই ফেরিটি হবে ফিলিপাইনের ম্যানিলা শহরের প্যাসিগ নদীতে চলার উপযোগী একটি ইলেকট্রিক ফেরি। নিরাপদ ও পরিবেশবান্ধব ফেরি তৈরিই ছিল উদ্দেশ্য।

এবারের চ্যালেঞ্জটি আমাদের জন্য একেবারেই নতুন। তবু বিখ্যাত সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হলো, এটাই বড় পাওয়া। ফিলিপাইনের প্যাসিগ নদীতে চলাচলের উপযোগী একটি ১০০ যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন নিরাপদ ও সাশ্রয়ী ফেরির নকশা করেছি আমরা। একটি পূর্ণাঙ্গ ফেরি ডিজাইন করার লক্ষ্যে প্রথমে ওই নির্দিষ্ট রুটের সব ধরনের তথ্য সংগ্রহ করি। প্রথম দিকে অনেকগুলো বিকল্প প্রাথমিক ডিজাইন করতে হয়েছে। সব কটি ডিজাইন থেকে বিভিন্ন নিয়ামকের ভিত্তিতে সবচেয়ে ভালো ডিজাইনটি বাছাই করি। ডিজাইন নির্ধারণের পরে বাকি কাজ আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে দ্রুততার সঙ্গে যাচাই–বাছাইয়ের মাধ্যমে সম্পাদন করি। ভবিষ্যৎ মহামারি আর সম্ভাব্য সব দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে ফেরিটির নকশা করতে হয়েছে। নতুনত্ব আনার চেষ্টাও ছিল। সামাজিক দিক বিবেচনায় ফেরিতে ব্রেস্ট ফিডিং রুমের মতো ভিন্ন কিন্তু প্রয়োজনীয় একটি বিষয়ও আমরা যুক্ত করেছি।

যেহেতু সবাই এখন পরিবেশ নিয়ে সচেতন, তাই ডিজেলনির্ভর পদ্ধতির বদলে বৈদ্যুতিক প্রপালশান পদ্ধতি ব্যাবহার করতে বলা হয়েছিল। আমাদের ফেরির জন্য আমরা প্রথমে কয়েকটা বৈদ্যুতিক প্রপালশান পদ্ধতি বিবেচনা করি। পরে ফিলিপাইনের রুট আর ফেরির ধারণক্ষমতা অনুযায়ী একটি পদ্ধতি নির্বাচন করি। ইলেকট্রিক প্রপালশান একদম নতুন একটা ধারণা। তাই এটার নকশা করতে গিয়ে আমাদের রীতিমতো গবেষণা করতে হয়েছে। এই ধরনের উদ্যোগ বাংলাদেশে নেওয়া হলে আমাদের জলাশয়ে দূষণ অনেকাংশে কমে আসতে পারে।

লেখক: দলনেতা, ব্ল্যাক পার্ল; শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়