জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার সময় এসে গেছে কোন রাশির জাতকের

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

  • এ সপ্তাহের রাশিফল (১–৭ আগস্ট ২০২৬)

মেষ রাশি

মেষ রাশি

এবার আপনার পরিশ্রমের মূল্য পাওয়ার সময় শুরু হচ্ছে।
অনেক দিন ধরে হয়তো মনে হচ্ছিল, আপনি যতটা চেষ্টা করছেন, তার সমান ফল পাচ্ছেন না। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করবে। কর্মজীবনে এমন কিছু সুযোগ আসতে পারে, যা প্রথমে কঠিন মনে হলেও ভবিষ্যতে আপনাকে অন্যদের চেয়ে আলাদা পরিচয় এনে দেবে। তাই প্রতিটি কাজ দায়িত্ব নিয়ে করুন। কেউ কেউ নতুন চাকরি, পদোন্নতি বা নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বড় ক্লায়েন্ট বা দীর্ঘমেয়াদি কোনো কাজের সম্ভাবনা রয়েছে। তবে সাফল্যের সঙ্গে ঈর্ষান্বিত মানুষের সংখ্যাও বাড়তে পারে, তাই নিজের পরিকল্পনা সবার সঙ্গে ভাগ না করাই ভালো। শরীরকে অবহেলা করবেন না। কারণ, অতিরিক্ত কাজের চাপ ক্লান্তি বাড়াতে পারে। ধৈর্য ধরে এগোলে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্যের ভিত্তি এ সময়েই তৈরি হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এ সপ্তাহে আপনার সামনে খুলে যেতে পারে সম্পূর্ণ নতুন একটি পথ।
যে বিষয়গুলো এত দিন শুধু ভাবনার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেগুলো এবার বাস্তবে রূপ নেওয়ার সুযোগ পেতে পারে। নতুন কিছু শেখা, দক্ষতা বাড়ানো বা দূরের কোনো সুযোগ নিয়ে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অনেকের মধ্যেই ইতিমধ্যে ট্রাভেলিং মুড সক্রিয় হয়ে গেছে। দেশে–বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষা কিংবা বিদেশসংক্রান্ত কোনো সুখবর আসতে পারে। কোনো অভিজ্ঞ বা প্রভাবশালী ব্যক্তির পরামর্শ আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। নিজের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভবিষ্যৎ নিয়ে আরও পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারবেন। যাঁরা দীর্ঘদিন ধরে ভাগ্যের পরিবর্তনের অপেক্ষায় ছিলেন, তাঁরা বুঝতে পারবেন—ভাগ্য নয়, নিজের প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। তাই সুযোগ এলে দ্বিধা না করে গ্রহণ করুন। ছোট একটি সিদ্ধান্ত ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
এ সময়ের শিক্ষা একটাই—নিজেকে যত সমৃদ্ধ করবেন, জীবনও তত সমৃদ্ধ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

কিছু দরজা বন্ধ হবে, কিন্তু তার চেয়ে বড় কিছু দরজা খুলে যাবে।
সামনের সময়ে এমন কিছু পরিবর্তন আসতে পারে, যা প্রথমে আপনাকে অস্বস্তিতে ফেলবে। কিন্তু সময়ের সঙ্গে বুঝবেন, সেই পরিবর্তনই আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে। আর্থিক পরিকল্পনা, পারিবারিক দায়িত্ব কিংবা বহুদিনের ঝুলে থাকা কোনো বিষয় এবার গুরুত্ব পাবে। কারও জীবনে সম্পদ বা পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে পারে।
বাসা পরিবর্তন, সংস্কার কিংবা এক শহর থেকে অন্য শহরে স্থানান্তরের জন্য ইতিবাচক সময়। কর্মসূত্রে কিংবা ব্যক্তিগত কারণে নতুন স্থানে বসবাসের সম্ভাবনা রয়েছে। পারিবারিক গোপন কোনো তথ্য প্রকাশ পেতে পারে কিংবা কোনো মানুষের আসল রূপ স্পষ্ট হয়ে যেতে পারে। তাই আবেগের বদলে বাস্তবতাকে গুরুত্ব দিন। বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। কারণ, এই সময় আপনাকে আগের চেয়ে অনেক বেশি পরিণত করে তুলবে।

কর্কট রাশি

কর্কট রাশি

একটি সম্পর্ক, একটি পরিচয় কিংবা একটি সিদ্ধান্ত—এই তিনটির যেকোনো একটি আপনার ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে।
সামনের সময়ে মানুষের সঙ্গে আপনার যোগাযোগ ও সম্পর্কের গুরুত্ব অনেক বেড়ে যাবে। নতুন পরিচয়, নতুন সহযোগিতা কিংবা পুরোনো কোনো সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। যাঁরা ব্যবসা করেন, তাঁরা লাভজনক চুক্তি বা নির্ভরযোগ্য অংশীদার পাওয়ার সুযোগ পেতে পারেন। অবিবাহিত ব্যক্তিদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, আর যাঁরা সম্পর্কে আছেন, তাঁদের জন্য পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হওয়ার সময়। তবে নিজের মতামত চাপিয়ে দেওয়ার প্রবণতা কমিয়ে অন্যের কথাও মন দিয়ে শুনুন। অনেক সময় একটি ছোট সমঝোতাই বড় সমস্যার সমাধান করে দেয়। যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসবে, তাই নিজেকে গুটিয়ে না রেখে মানুষের সঙ্গে সংযোগ বাড়ান।

সিংহ রাশি

সিংহ রাশি

টাকার হিসাব যেমন গুরুত্বপূর্ণ হবে, তেমনি নিজের শরীরের প্রতিও নজর দিতে হবে।
সামনের সময়ে আয়–ব্যয়ের ভারসাম্য আপনার অন্যতম প্রধান চিন্তার বিষয় হয়ে উঠতে পারে। অর্থ আসবে, তবে তার সঙ্গে খরচও বাড়তে পারে। তাই আবেগে নয়, পরিকল্পনা করে অর্থ ব্যয় করাই হবে বুদ্ধিমানের কাজ। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা অতিরিক্ত কাজের চাপ আসতে পারে, কিন্তু সেই চাপ ভবিষ্যতে আপনার সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে। যাঁরা চাকরি করেন, তাঁরা নিজের দক্ষতার জন্য প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরোনো কোনো কাজ বা ক্লায়েন্ট থেকে আবারও লাভের সুযোগ তৈরি হতে পারে। তবে শরীরের ছোটখাটো সমস্যাকে অবহেলা করবেন না। নিয়মিত ঘুম, খাবার ও বিশ্রাম আপনাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখবে। নিজের জীবনযাত্রায় সামান্য শৃঙ্খলা আনতে পারলেই অনেক জটিলতা সহজ হয়ে যাবে।

কন্যা রাশি

কন্যা রাশি

নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সময় শুরু হয়েছে।
এই সময়ে আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেশি দৃঢ় হতে পারে। নিজের প্রতিভা, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব প্রকাশ করার সুযোগ পাবেন। অনেকেই আপনার কাজ বা চিন্তার প্রশংসা করবেন, আবার কেউ কেউ আপনার পরিবর্তন দেখে অবাকও হতে পারেন। যাঁরা নতুন কোনো উদ্যোগ শুরু করতে চান, তাঁদের জন্য সময়টি আশাব্যঞ্জক। ব্যক্তিগত সম্পর্ক বা রোমান্স, সৃজনশীল কাজ, পড়াশোনা কিংবা সন্তানসংক্রান্ত বিষয়েও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো পরিকল্পনা বাস্তব রূপ নিতে পারে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। নিজের প্রতিভাকে নিয়মিত চর্চা করলে ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে যাবে।

তুলা রাশি

তুলা রাশি

যে উত্তরটি বাইরে খুঁজছিলেন, সেটি হয়তো নিজের ভেতরেই লুকিয়ে আছে।
সামনের সময়ে একটু ধীরগতিতে চলাই আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে। ব্যস্ততার মধ্যেও একান্তে নিজের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন অনুভব করবেন। পরিবার, বাড়ি কিংবা ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নতুনভাবে ভাবতে হতে পারে। কেউ কেউ নতুন বাড়ি, সংস্কার বা স্থান পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। পারিবারিক কারণে আর্থিক চাপ বৃদ্ধি পাবে। যাঁরা দীর্ঘদিন প্রবাসে আছেন, তাঁদের দেশে ফেরার জন্য ইতিবাচক সময়। অতীতের কিছু অসমাপ্ত ঘটনা বা মানসিক চাপ এবার ধীরে ধীরে দূর হওয়ার সুযোগ পাবে। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি বাড়বে। বাইরের সাফল্যের পাশাপাশি ভেতরের শান্তিও যে সমান গুরুত্বপূর্ণ, সেটি এবার আরও ভালোভাবে উপলব্ধি করবেন। নিজের অনুভূতিকে অবহেলা না করে সেগুলোকে গুরুত্ব দিন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আপনার বলা একটি কথা কিংবা করা একটি পরিচয় ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে।
সামনের সময়ে যোগাযোগই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। নতুন মানুষ, নতুন পরিবেশ কিংবা নতুন কোনো পরিকল্পনা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। বন্ধুবান্ধব বা পরিচিত কারও মাধ্যমে এমন একটি সুযোগ আসতে পারে, যা আগে কল্পনাও করেননি। যাঁরা ব্যবসা, বিক্রয়, গণমাধ্যম, লেখালেখি বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, তাঁরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পারেন। ছোট ছোট ভ্রমণ, মিটিং বা আলোচনা থেকেও বড় লাভ হতে পারে। তবে প্রতিশ্রুতি দেওয়ার আগে বাস্তবতা যাচাই করুন। সব খবর সবার সঙ্গে ভাগ করার প্রয়োজন নেই। সঠিক সময়ে সঠিক পদক্ষেপই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।

ধনু রাশি

ধনু রাশি

আপনার পরিশ্রম এবার শুধু প্রশংসা নয়, বাস্তব ফলও এনে দিতে পারে।
দীর্ঘদিন ধরে যে লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন, সেটি এখন ধীরে ধীরে বাস্তবের কাছাকাছি চলে আসবে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, বেতন বৃদ্ধি, ব্যবসায় লাভ অথবা আটকে থাকা কোনো অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে যত অর্থ আসবে, ততই সঠিক পরিকল্পনার প্রয়োজন হবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখতে পারলে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করতে পারবেন। নিজের দক্ষতা বাড়ানোর দিকেও নজর দিন। কারণ, সেটিই আগামী দিনে আপনার আয়ের প্রধান উৎস হয়ে উঠবে। পরিবারের প্রয়োজন ও নিজের স্বপ্ন—দুটির মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখতে পারলে মানসিক শান্তিও বাড়বে।
মনে রাখবেন, উপার্জন বড় বিষয় নয়, সেই উপার্জনকে ধরে রাখার জ্ঞানই প্রকৃত সম্পদ।

মকর রাশি

মকর রাশি

আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার সময় এসে গেছে।
গত কয়েক মাসে আপনি হয়তো অনেক কিছু শিখেছেন, কিছু হারিয়েছেন, আবার অনেক বিষয়ে নতুন উপলব্ধিও হয়েছে। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ আসবে। মানুষ আপনার উপস্থিতি, ব্যক্তিত্ব ও সিদ্ধান্তকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করবে। নতুন পরিকল্পনা, নতুন কাজ কিংবা নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য এটি অনুকূল সময়। অনেকেই আপনার কাছ থেকে নেতৃত্ব আশা করবে। তাই আবেগ নয়, আত্মবিশ্বাস ও বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিন। নিজের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দিন। আপনি যত নিজেকে গুছিয়ে তুলবেন, ততই জীবনের বিভিন্ন ক্ষেত্র একে একে আপনার অনুকূলে আসতে শুরু করবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সব উত্তর বাইরে পাওয়া যায় না, কিছু উত্তর নীরবতাও দিয়ে থাকে।
সামনের সময়ে আপনি হয়তো নিজেকে একটু গুটিয়ে নিতে চাইবেন। এটি দুর্বলতার লক্ষণ নয়; বরং নিজের জীবনকে নতুনভাবে সাজানোর প্রস্তুতি। অনেক পুরোনো অভ্যাস, সম্পর্ক বা মানসিক চাপ থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সুযোগ পাবেন। অপ্রয়োজনীয় মানুষ বা পরিস্থিতি থেকে দূরে সরে আসতে পারলে মানসিক শান্তি বাড়বে। ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। কারণ, পরিকল্পনাহীন খরচ পরে চাপ তৈরি করতে পারে। যাঁরা গবেষণা, সৃজনশীল কাজ বা আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত, তাঁরা অসাধারণ মনোযোগ ও নতুন অনুপ্রেরণা পেতে পারেন। বিদেশে ভ্রমণের জন্য সময়টি অত্যন্ত ইতিবাচক। অনেকের আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ মিলতে পারে। এ সপ্তাহে নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। কারণ, সেটিই এখন সবচেয়ে সঠিক পথ দেখাবে।

মীন রাশি

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আপনার স্বপ্নগুলো এবার একা নয়, মানুষের সহযোগিতায় পূরণ হতে পারে।
সামনের সময়ে নতুন পরিচয়, নতুন বন্ধুত্ব ও নতুন সুযোগ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ধরে যে লক্ষ্য নিয়ে কাজ করছেন, সেটির দিকে এগিয়ে যাওয়ার পথ আরও পরিষ্কার হবে। কোনো বন্ধু, পরিচিত ব্যক্তি বা প্রভাবশালী মানুষের মাধ্যমে গুরুত্বপূর্ণ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা ব্যবসা করেন, তাঁরা নতুন গ্রাহক বা বড় কোনো সহযোগিতার সুযোগ পেতে পারেন। ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে। নিজের ভাবনা ও পরিকল্পনা সঠিক মানুষের সঙ্গে ভাগ করলে অপ্রত্যাশিত সমর্থন পেতে পারেন। তবে সবাইকে সমানভাবে বিশ্বাস না করে মানুষকে সময় নিয়ে চিনুন। সঠিক মানুষকে পাশে রাখতে পারলে আপনার অনেক অসম্ভব স্বপ্নও বাস্তবে রূপ নিতে পারে।
সত্যি বলতে, একটি ভালো সম্পর্ক অনেক সময় বছরের পরিশ্রমের চেয়ে বড় সুযোগ এনে দেয়।