দুর্গাপূজার সাজ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি পোস্ট না করে পুরোনো অনুষ্ঠান ও উৎসবের কিছু লুক আবারও সামনে এনেছেন সোনম
দুর্গাপূজার সাজ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি পোস্ট না করে পুরোনো অনুষ্ঠান ও উৎসবের কিছু লুক আবারও সামনে এনেছেন সোনম

সোনমের পুরোনো সাজে নতুন বার্তা

যেকোনো অনুষ্ঠান কিংবা উৎসবের সাজে নতুনত্ব আনতে বরাবরই পছন্দ করেন সোনম কাপুর। তবে এ বছর সেই ধারা থেকে বের হয়ে এসেছেন। দুর্গাপূজার সাজ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি পোস্ট না করে পুরোনো অনুষ্ঠান ও উৎসবের কিছু লুক আবারও সামনে এনেছেন সোনম। বারবার নতুন পোশাক না পরে পুরোনো সাজকে নতুন করে তুলে ধরার এই উদ্যোগ কি টেকসই ফ্যাশনের বার্তাই দিচ্ছে? দেখে নেওয়া যাক, সোনমের সেই পুরোনো অথচ নজরকাড়া সাজগুলো।

আইভরি শাড়িতে গোলাপি আভা

পাঞ্জাবি লাচার আধুনিক ভারতীয় ডিজাইনার পুনিত বালানার বিশেষ নকশায় তৈরি এই পোশাকে ঐতিহ্যবাহী পাঞ্জাবি লাচার আদলকে আধুনিকভাবে তুলে ধরা হয়েছে। দুই-তিন মাস আগেই চাচাতো বোন আনশুলা কাপুরের মেহেদি অনুষ্ঠানে পরেছিলেন এটি
গালে হালকা গোলাপি ব্লাশ–অনের কারণে সাজে চলে এসেছে স্নিগ্ধতা। চোখের সাজে প্রাধান্য পেয়েছে টেনে আঁকা কালো আইলাইনার। ঠোঁটে ছিল হালকা গোলাপি আভাযুক্ত ন্যুড লিপস্টিক। চুল পেছনে টেনে পরিপাটি নিচু করে খোঁপা করা হয়েছে
প্রচলিত চোলি বা ছোট ব্লাউজের বদলে এখানে ব্যবহার করা হয়েছে সাটিন সিল্কের বোতামযুক্ত শার্ট, যা লম্বা কুর্তার মতো করে পরা হয়েছে। শার্টটির রং ধূসর আভাযুক্ত হালকা নীল। এতে রয়েছে সূক্ষ্ম ফুলের নকশা, অলংকৃত কলার এবং কয়েন ও আয়নার কাজ করা বোতামপট্টি। সাধারণ লেহেঙ্গার বদলে শার্টের সঙ্গে পরা হয়েছে আগে থেকেই কুঁচি দিয়ে তৈরি চান্দেরি সিল্কের লুঙ্গি ঘরানার স্কার্ট। এতে রয়েছে একই রঙের রেশমি সুতার কারুকাজ, কয়েন বসানো পাড় এবং সূক্ষ্ম বুটি নকশা
পোশাকটির অন্যতম আকর্ষণ দুই রঙের ওড়না পরার ধরন। এক কাঁধে আটকানো হয়েছে হালকা পাউডার নীল রঙের সাটিন ওড়না, যা পোশাকের মূল রঙের সঙ্গে মানানসই। অন্য দিক দিয়ে নেমে এসেছে গাঢ় পান্না সবুজ রঙের সিল্কের ওড়না। এতে রয়েছে সোনালি রঙের সূক্ষ্ম ফুলের নকশা ও কারুকাজ করা পাড়। দুই ওড়নার রঙের বৈপরীত্য পোশাকটিতে এনেছে স্বতন্ত্র আভিজাত্য। কানের বড় সোনালি চাঁদবালি দুলও পেয়েছে বিশেষ গুরুত্ব

আইভরি শাড়িতে গোলাপি আভা

শাড়িটি ডিজাইনার আনাভিলার নকশা করা। ২০২৩ সালে করবা চৌথে (সনাতন ধর্মাবলম্বী বিবাহিত নারীদের অন্যতম ও ঐতিহ্যবাহী উৎসব) পরেছিলেন এটি
শাড়ির সঙ্গে পরেছেন স্ট্রবেরি গোলাপি রঙের ব্লাউজ। নৌকার মতো গলার কাট ও ছোট হাতার ব্লাউজটিতে রয়েছে রুপালি সুতার ঐতিহ্যবাহী জালিকাটা নকশা
ধাতব আভাযুক্ত আইভরি রঙের শাড়ির সঙ্গে স্ট্রবেরি গোলাপি ব্লাউজের বৈপরীত্য সাজটিতে এনেছে স্বতন্ত্র মাত্রা। শাড়ির বুনন, রঙিন সুতার কারুকাজ আর রুপার গয়নার সমন্বয়ে ঐতিহ্যবাহী সাজ পেয়েছে আধুনিক রূপ। স্বচ্ছ আইভরি রঙের টিস্যু সিল্কে তৈরি করা হয়েছে শাড়িটি। শাড়ির পাড় ও আঁচলে রয়েছে রঙিন রেশমি সুতার ফুলের নকশা। লাল, সবুজ ও গোলাপি রঙের এই কারুকাজ আইভরি জমিনে ফুটে উঠেছে উজ্জ্বলভাবে
মেকআপ রাখা হয়েছে স্নিগ্ধ ও উজ্জ্বল। ত্বকে রয়েছে শিশিরভেজা আভা, গালে গোলাপি রঙের আভাস। চোখের সাজে ব্যবহার করা হয়েছে আইলাইনার ও মাসকারা। ঠোঁটে গোলাপি আভাযুক্ত ম্যাট লিপস্টিক পুরো সাজে এনেছে রঙের সামঞ্জস্য। কপালে রয়েছে সূক্ষ্ম নকশার ঐতিহ্যবাহী রুপার মাং টিকা। এর সঙ্গে মানানসই রুপার বড় কানের দুল

রানি গোলাপি ও পান্না সবুজ পোশাকে

প্রথম দেখায় শাড়ির মতো মনে হলেও এটি আসলে লেহেঙ্গা-শাড়ি বা আধা শাড়ির আদলে সাজানো একটি পোশাক। এতে শাড়ির আঁচল একদিকে সামনে দিয়ে নামানো হয়েছে
পোশাকটির মূল আকর্ষণ রানি গোলাপি ও পান্না সবুজের বৈপরীত্য। স্কার্টের মতো নিচের অংশে রয়েছে ভারী বুননের সোনালি জরির নকশা। এর সঙ্গে গোলাপি রঙের হালকা, স্বচ্ছ ওড়না বা আঁচল ব্যবহার করা হয়েছে। ওড়নাজুড়ে ছড়িয়ে রয়েছে ছোট ছোট সোনালি বুটি, যা পোশাকের আভিজাত্য বাড়িয়েছে। গাঢ় পান্না সবুজ রঙের সিল্কের ব্লাউজের হাতায় রয়েছে সোনালি সুতার ঘন বুনন
সোনমের সাজের বিশেষ আকর্ষণ তাঁর মা সুনীতা কাপুরের ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া ঐতিহ্যবাহী গয়না। গলায় রয়েছে রত্নখচিত ভারী সোনার চোকার, সঙ্গে মানানসই বড় কানের দুল ও একাধিক স্তরের কুন্দনের চুড়ি। পুরোনো দিনের গয়নার নকশা পোশাকের ঐতিহ্যবাহী আবহকে আরও জোরালো করেছে
মাঝখানে সিঁথি করে চুল ছেড়ে রাখা হয়েছে নরম ঢেউখেলানো ভঙ্গিতে। চুলের এই স্বাভাবিক ধরন গলার ভারী গয়না ও পোশাকের নকশাকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছে। মেকআপে রাখা হয়েছে পরিমিত ভাব, যাতে পোশাকের উজ্জ্বল রং ও ঐতিহ্যবাহী গয়নাই থাকে মূল আকর্ষণ

হলুদ আনারকলিতে

গৌরাঙ্গ শাহের নকশা করা শর্ষে–হলুদ রঙের মেঝে–ছোঁয়া আনারকলি পোশাকে ফুটে উঠেছে ঐতিহ্য ও আভিজাত্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে পরা এই পোশাকের স্টাইলিং করেছিলেন রিয়া কাপুর। সোনালি কারুকাজ, পোশাকের ঘের আর সাদা ফুলে সাজানো খোঁপার সমন্বয়ে পুরো সাজে এসেছে উৎসবের আমেজ
কানে ভারী নকশার দুল, আঙুলে পরেছেন একাধিক বড় সোনালি আংটি। গয়নার আকার ও নকশায় এসেছে প্রাচীন ভারতীয় অলংকারের অনুষঙ্গ
পোশাকটির মূল আকর্ষণ মেঝে পর্যন্ত লম্বা, বহু ঘেরের আনারকলি কামিজ। লম্বা হাতা ও গলায় রাখা হয়েছে পরিমিত নকশা, যাতে পোশাকের বুনন ও কারুকাজ প্রাধান্য পেয়েছে। অনারকলির সঙ্গে পরেছেন একই রঙের হালকা, কিছুটা স্বচ্ছ অরগাঞ্জা বা কোটা কাপড়ের ওড়না
চুলের সাজ: চুল টেনে পেছনে নিয়ে করা হয়েছে মসৃণ, নিচু খোঁপা। খোঁপাটি ঘিরে সাজানো হয়েছে সাদা ফুল

বেগুনি লেহেঙ্গায় রাজকীয় সাজ

সোনম কাপুর দিল্লির একটি অনুষ্ঠানে মঞ্চে হেঁটেছিলেন ডিজাইনার জয়ন্তী রেড্ডির নকশা করা বেগুনি রঙের এই লেহেঙ্গা পরে। লেহেঙ্গাটির মূল আকর্ষণ এর ঘেরওয়ালা স্কার্ট। গাঢ় বেগুনি রঙের বিভিন্ন অংশে তৈরি পোশাকটিতে রয়েছে সোনালি জারদৌসি, জরি ও সূক্ষ্ম সুতার কারুকাজ। বিস্তৃত ঘের ও ঘন কারুকাজ লেহেঙ্গাটিকে দিয়েছে রাজকীয় আবহ
পরিপাটি করে আঁকা ভ্রু এবং গালের হাড়ে স্পষ্ট কনট্যুরিংয়ের মাধ্যমে মুখাবয়বকে আরও সুস্পষ্ট করে তোলা হয়েছে। ঠোঁটে রয়েছে হালকা গোলাপি আভাযুক্ত ম্যাট লিপস্টিক। সাজে ভারী পোশাক ও গয়নাকে প্রাধান্য দিতেই মেকআপ রাখা হয়েছে পরিমিত ও পরিশীলিত। চুল পেছনে টেনে নিচের দিকে পরিপাটি করে খোঁপা করা হয়েছে। চুলের এই ছিমছাম ধরন মুখাবয়ব ও ভারী গয়নাকে দিয়েছে বিশেষ গুরুত্ব
লেহেঙ্গার সঙ্গে পরেছেন একই রঙের সিল্কের ব্লাউজ। গোল গলার ব্লাউজটির কনুই পর্যন্ত লম্বা হাতায় রয়েছে জ্যামিতিক নকশার সোনালি সুতার কাজ। পরিমিত গড়নের ব্লাউজটি লেহেঙ্গার ভারী কারুকাজের সঙ্গে মানানসই। লেহেঙ্গার সঙ্গে রঙের সামঞ্জস্য রেখে ওড়নাটিতেও বজায় রাখা হয়েছে একই ধরনের কারুকাজ
রাজকীয় সাজ পূর্ণতা পেয়েছে ঐতিহ্যবাহী গয়নায়। গলায় পরেছেন একাধিক স্তরের ভারী সোনালি ও কুন্দনের চোকার, যা প্রায় পুরো গলা ঢেকে রেখেছে। এর সঙ্গে রয়েছে মানানসই টিকা, বড় আকারের কানের দুল, হাতে হাতফুল এবং একাধিক সোনালি চুড়ি