ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সুখী মানুষের’ ক্লাব

ভর্তি পরীক্ষার্থীদের জন্য ক্লাবটির ছিল নানা আয়োজন
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে শিক্ষকতা করতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকেছিলেন। কিন্তু পরিবারের চাওয়া ছিল—সরকারি চাকরি। মুখলেসুর রহমান তাই কিছুদিন পর বেসরকারি চাকরি ছেড়ে দিয়ে সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করেন। ইসলামিক স্টাডিজ বিভাগের এই স্নাতক তখন অনেকটা হতাশার মধ্যে পড়েছিলেন। সময়টা ২০১৮ সাল। হল ছেড়ে তখন বিশ্ববিদ্যালয়–সংলগ্ন একটি এলাকায় থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন সময় লক্ষ করেন, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কী করা যায়, ভাবতে শুরু করেন মুখলেসুর। ছোটবেলা থেকে নানা সামাজিক কাজে যুক্ত ছিলেন এই তরুণ। শিক্ষার্থীদের আত্মহত্যার বিষয় নিয়ে একটা কিছু করার কথা ভাবছিলেন তিনি। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সমমনা কয়েকজনকে পেয়ে ভাবনা আরও জোরদার হয়। শুরু হয় আলাপ-আলোচনা। শুরুতে নিজেরা একসঙ্গে সময় কাটিয়ে, আড্ডা-গল্পের মাধ্যমে মন ভালো রাখার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে আরও বড় পরিসরে কাজ করতে একটি সংগঠন তৈরির পরিকল্পনা করেন। যে সংগঠন শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা করতে সাহায্য করবে, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করবে। শিক্ষকদের পরামর্শ নিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অপটিমিস্টিক সোসাইটির যাত্রা। সংগঠনটি পরে ‘হ্যাপিনেস ক্লাব’ নামে পরিচিতি পায়।

ক্লাবটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচকতা, সুখবোধ, আশাবাদ ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে ব্যতিক্রমধর্মী কিছু আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি সবচেয়ে বেশি আলোচনায় আসে। ক্যাম্পাসে প্রচারণার অংশ হিসেবে পরীক্ষার হলের সামনে নানা ইতিবাচক বাক্যে সাজানো প্ল্যাকার্ড ঝুলিয়ে দিয়েছিলেন তাঁরা। ‘জিতব, নয় শিখব’, ‘ভাঙা রংপেনসিল দিয়েও রং করা যায়’, ‘ক্রাইসিসই সাকসেসের জ্বালানি’, ‘একটা খারাপ দিন যেতে পারে, জীবনটা নয়’, ‘পছন্দের প্রতিষ্ঠান নয়, পছন্দের বিষয়কে প্রাধান্য দিই’—এ রকম নানা ইতিবাচক বার্তা শিক্ষার্থী ও অভিভাবকদের নজর কাড়ে।

ইতিবাচকতা ছড়াতে নানা কার্যক্রম হাতে নেয় হ্যাপিনেস ক্লাব

‘আর্লি মর্নিং ওয়াক’ নামের নিয়মিত একটি কর্মসূচি পালন করেন ক্লাবের সদস্যরা। যেখানে সকালবেলা তাঁরা ক্যাম্পাসের আশপাশের এলাকায় ঘুরতে বের হন। এ কার্যক্রম শিক্ষার্থীদের মন ভালো রাখতে সাহায্য করে বলে মনে করেন মুখলেসুর রহমান। তিনি বলেন, ‘মর্নিং ওয়াক কার্যক্রমটিতে শিক্ষার্থীদের আগ্রহ অনেক বেশি। তা ছাড়া আমরা “হ্যাংআউট ফর হ্যাপিনেস” কার্যক্রমের মাধ্যমে ঢাকা শহরের দর্শনীয় জায়গাগুলোতে ঘুরতে যাই। এ উদ্যোগও শিক্ষার্থীদের মন সতেজ করে।’

এসব নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ক্লাবটি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক নানা প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য পরীক্ষা, কর্মশালা ও কাউন্সেলিং সেবা নিয়মিত প্রদান করছে। শিক্ষকদের সহযোগিতায় ক্লাবটি এখন পর্যন্ত প্রায় ৩০০ জনকে কাউন্সেলিং সেবা দিতে পেরেছে। ভবিষ্যতে ক্লাবের মাধ্যমে বড় পরিসরে ‘হ্যাপিনেস ফেস্টিভ্যাল’ আয়োজনের স্বপ্ন দেখেন মুখলেসুর।