পাঠ্যপুস্তকে নিজের ছবি দেখেই ঠিক করেছিলাম, জীবনে বড় কিছু করতে হবে

ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছেন শুভেচ্ছা চক্রবত্তী। বিশ্বের সবচেয়ে বড় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের জ্যেষ্ঠ প্রকৌশলী হিসেবে কাজ করছেন তিনি। ৯ জুন মেসেঞ্জারে তাঁর সঙ্গে কথা বলেছেন তানভীর রহমান

শুভেচ্ছা চক্রবত্তী
ছবি: সংগৃহীত

এমআইএসটি থেকে কীভাবে বোয়িং পর্যন্ত পৌঁছালেন?

এমআইএসটির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আমরাই ছিলাম প্রথম ব্যাচ। ২০১২ সালে আমার স্নাতক শেষ হয়। ২০১৪ সালে আমি যুক্তরাষ্ট্রের উইচিটায় পাড়ি জমাই। উইচিটা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করি। সেই সময় থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপকদের সঙ্গে টিচিং অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। মাঝে বিভিন্ন স্টার্টআপ কিংবা রোবটিকস, অটোমেশন, অ্যারোস্পেস–সংক্রান্ত বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে। বোয়িংয়ে যোগ দিয়েছি গত মে মাসে। তবে প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছিল আরও দুই মাস আগেই। বোয়িংয়ে চাকরি পেতে অনেকগুলো ধাপ পেরোতে হয়, যেটা বেশ সময়সাপেক্ষ। অফার লেটার হাতে পাই এপ্রিলের ৪ তারিখ। সেদিন আমার প্রয়াত বাবার জন্মদিন, তাই তারিখটা ভোলার মতো নয়।

বোয়িংয়ে নিয়োগপ্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ বলছিলেন, কী রকম?

বোয়িং অনেক যাচাই–বাছাই করে কর্মী নির্বাচন করে। প্রথমে ওয়েবসাইটে আবেদন করতে হয়। সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে হয় প্রাথমিক নির্বাচন। এরপর ফোনে ইন্টারভিউ। তারপর সরাসরি ইন্টারভিউয়ে ডাকা হয়। বিমানের টিকিট থেকে শুরু করে সবকিছু তাঁরাই পাঠিয়ে দেয়। একজন জ্যেষ্ঠ ব্যবস্থাপক সামনাসামনি বসে ইন্টারভিউ নেন। পরের ধাপে আরেকটা ইন্টারভিউ হয় অনলাইনে। সব ঠিকঠাক থাকলে এক-দুই সপ্তাহ পর ওরা অফার লেটার পাঠায় এবং ব্যাকগ্রাউন্ড চেক শুরু করে। পুরো প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন মাস লেগে যায়।

এত লম্বা প্রক্রিয়ার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন?

যেকোনো ইন্টারভিউয়ের আগে আমি অনেক প্রস্তুতি নিই। আগে নিজেকে প্রশ্ন করি, এই পদ আমার প্রোফাইল, অভিজ্ঞতার সঙ্গে মিলছে কি না। উত্তর যদি হয় ‘ইয়েস’, তখন আমি প্রস্তুতির জন্য ঝাঁপিয়ে পড়ি। ওই কোম্পানি ও পদের ওপর ছোটখাটো পিএইচডি করে ফেলি। নিজের সঙ্গে নিজে কথা বলে প্রস্তুতি নিতে থাকি।

আপনার কাজটা মূলত কী?

আমি বোয়িংয়ের অ্যারোস্পেস, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি বিজনেস বিভাগটা দেখি। বোয়িং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর সঙ্গে দেশটির অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। বোয়িংয়ের একটা বিমান বানাতে প্রায় ২০ লাখ ছোট-বড় যন্ত্রাংশ লাগে। এ রকম বিভিন্ন মডেলের ছোট-বড় বিমান বোয়িং প্রতি মাসেই বানায়। স্বাভাবিকভাবেই এমন অনেক যন্ত্রাংশ প্রয়োজন হয়, যা বানাতে গেলে বোয়িংয়ের একার জন্য অনেক সময় লেগে যাবে। সে জন্য বাইরের প্রতিষ্ঠানকেও কাজ দিতে হয়। প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে সেসব সরবরাহকারীদের (সাপ্লায়ার) নিয়েই আমার কাজ। তাঁদের কাজ তত্ত্বাবধান থেকে শুরু করে মূল্যায়ন, সবটাই করতে হয়।

এই কাজের চ্যালেঞ্জগুলো কী?

আমার কাছে কাজের মূল চ্যালেঞ্জ হলো ভাষা। ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। ইংরেজির অনেক মারপ্যাঁচ আছে। অনেক সময় দেখা যায়, যেটা বোঝাতে চাচ্ছি, সেটা না বলে আরেকটা কিছু বলে ফেলছি। আর আমাদের ইংরেজির উচ্চারণও মার্কিনদের থেকে আলাদা। ভাষা শিক্ষা কখনো শেষ হয় না। এটা চলতেই থাকবে।

জীবনে টার্নিং পয়েন্ট বলবেন কোনটিকে?

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সুযোগ পাওয়াই ছিল প্রথম টার্নিং পয়েন্ট। শুরুতে কম্পিউটারবিজ্ঞানে পড়ার সুযোগ পেয়েছিলাম। এক সপ্তাহ ক্লাস করার পর সুযোগ আসে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার। তখন সবাই আমাকে কম্পিউটারবিজ্ঞান পড়ার জন্য বলেছিল। কিন্তু আমি সেটা না শুনে নিজের মনের কথায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। আসলে ঈশ্বরই সবকিছু আগে থেকে লিখে রাখেন আমরা কী করব, কী হব! ২০১৩ সালে একটি রোবটিকস প্রতিযোগিতার সুবাদে নাসায় যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে দলগতভাবে আমরা বেশ ভালো করেছিলাম। নাসার পরিচালকের কাছ থেকে পুরস্কার নিয়েছি। দেশে ফেরার পর দেখি একাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে আমাদের ছবি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ে তখন একটি অধ্যায়ে আমাদের কথা ছিল। তখনই সিদ্ধান্ত নিই, জীবনে বড় কিছু করতে হবে।

সামনে কী করবেন বলে ভাবছেন?

বাংলাদেশের শিক্ষা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। প্রতিদিন অনেকের কাছ থেকে মেসেজ পাই—উচ্চশিক্ষার জন্য কীভাবে যুক্তরাষ্ট্রে আসব, কীভাবে বিদেশে চাকরি পাব, এসব নিয়ে। আমি আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে সাহায্য করার চেষ্টা করছি। আরেকটা ইচ্ছা হলো বাবার স্মৃতি রক্ষার্থে ব্রাহ্মণবাড়িয়ায় কিছু একটা করা। কারণ, ছোটবেলা থেকে বাবাই আমার আইডল।