অনেকেই আইএনজিওতে (আন্তর্জাতিক বেসরকারি সংস্থা) চাকরি করতে চান। এই খাতে চাকরি নিশ্চিত করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও কিছু বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। অনেকেই জানতে চান, কী ধরনের দক্ষতা ও যোগ্যতা থাকলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ মেলে? এ বিষয়ে কয়েকজন পেশাজীবীর সঙ্গে কথা বলে লিখেছেন জাহিদ হোসাইন খান।
আন্তর্জাতিক সংস্থায় একেক পদে চাকরির ক্ষেত্রে একেক ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রাধান্য পায়। অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে পড়েই আপনি আইএনজিওর কর্মী হতে পারেন।
আন্তর্জাতিক সংস্থা মেডগ্লোবালের যোগাযোগ কর্মকর্তা তাহেরা খাতুনের সঙ্গে কথা হচ্ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে ব্যাচেলর ও মাস্টার্স করা তাহেরার বক্তব্য, ‘পদ অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়ে উচ্চতর শিক্ষা থাকলে সেটা নিশ্চয়ই আলাদা গুরুত্ব পায়। টেকনিক্যাল ও পলিসি লেভেলের পদের জন্য অনেক ক্ষেত্রে মাস্টার ডিগ্রি প্রয়োজন হয়। যদি কোনো গবেষণা বা থিসিস থাকে, তাহলে আরও ভালো। আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে শুধু ডিগ্রি নয়, অর্জিত বাস্তব জ্ঞানই আসল।’
ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘আজকের চাকরির বাজারে বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ দক্ষতা ভীষণ প্রয়োজন। বিশেষ করে লেখালেখি, প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিংয়ে দক্ষতা বাড়তি সুবিধা দেয়। আন্তর্জাতিক পরিবেশে কাজ করতে হলে স্পষ্টভাবে মত প্রকাশ, স্টোরিটেলিংয়ের মাধ্যমে বার্তা পৌঁছানো, জটিল বিষয় সহজ করে ব্যাখ্যা করা এবং ডিজিটাল তথা এআই টুল দক্ষতার সঙ্গে ব্যবহার করার সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ।’
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে ব্যাচেলর ও যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করেছেন তানজিলা মজুমদার। এখন একটি আন্তর্জাতিক সংস্থায় রিজিওনাল লিড-এশিয়া হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, শিক্ষার সার্থকতা শুধু সনদে নয়, বরং দীর্ঘ মেয়াদি দক্ষতা আমি অর্জন করতে পারলাম কি না, সেটা বেশি গুরুত্বপূর্ণ। তাই এমন কোর্স বেছে নিন, যা আপনাকে থিওরির বাইরেও রিসার্চ ডিজাইন, মার্কেট রিসার্চ কিংবা ক্যাম্পেইন পরিচালনার মতো প্রায়োগিক কৌশল শেখাবে। জেনারেল ও টেকনিক্যাল—দুই ধরনের ডিগ্রি নিয়েই আন্তর্জাতিক সংস্থায় বিভিন্ন পদে কাজের সুযোগ আছে। মাস্টার্স করার আগে আমি এন্ট্রি লেভেল বা মাঠ পর্যায়ে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেব।’
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেদন তৈরি করার অভিজ্ঞতা, প্রেজেন্টেশনের দক্ষতা, ডেটা ম্যানেজমেন্ট (উপাত্ত ব্যবস্থাপনা), এ ধরনের দক্ষতাগুলো বেশ গুরুত্বপূর্ণ। এ ছাড়া প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নিজেকে হালনাগাদ রাখাটা জরুরি। ভাষাবিষয়ক দক্ষতা থাকতেই হবে। ইংরেজিটা ভালো জানার কোনো বিকল্প নেই। অন্যান্য ভাষাও যদি জানেন, যেমন ফরাসি, স্প্যানিশ বা আরবি, তাহলে আপনার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তানজিলা মজুমদার বলেন, ‘আন্তর্জাতিক সংস্থায় কাজ করতে হলে ডিজিটাল লিটারেসি এবং কালচারাল ইন্টেলিজেন্স অপরিহার্য। বৈচিত্র্যময় জনগোষ্ঠী এবং সব বয়সী মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার সক্ষমতা এখন সবচেয়ে জরুরি। এআই সম্পর্কে ধারণা রাখাটা এখন একরকম বাধ্যতামূলক হয়ে গেছে। পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা এবং ক্রিটিক্যাল থিংকিংয়ের ক্ষমতা আপনাকে এগিয়ে রাখবে। আমি পরামর্শ দেব, ছাত্রজীবন থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ বা কমিউনিটি সার্ভিসে যুক্ত হোন। বাস্তব অভিজ্ঞতা আপনার দক্ষতা বাড়াবে।’
যে খাতেই কাজ করতে চান না কেন, নেটওয়ার্কিং লাগবে। লিংকডইন বা বিভিন্ন অনলাইন মাধ্যমের সুবাদে নেটওয়ার্কিং এখন বেশ সহজ হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন সেমিনার, ওয়েবিনার, কর্মশালা, কোর্সে অংশগ্রহণ করলে একটা নেটওয়ার্ক গড়ে উঠবে। বিভিন্ন সংস্থার ওয়েবসাইট বা ফেসবুক পেজে চোখ রাখলে দেখবেন, ইন্টার্ন বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজেরও নানা সুযোগ পাওয়া যায়। এ সুযোগগুলো কাজে লাগাতে পারেন। তানজিলা বলেন, ‘কার্যকর নেটওয়ার্কিংয়ের প্রথম শর্ত হলো সক্রিয়ভাবে অন্যের কথা শোনা। আমরা বলি—লিসেন, আন্ডারস্ট্যান্ড, রিফ্লেক্ট, কানেক্ট। অর্থাৎ শুনুন, বুঝুন, সাড়া দিন আর যুক্ত হোন। নিজেকে তুলে ধরা বা পিচ করা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি জরুরি অর্থবহ সম্পর্ক তৈরি।’
মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘নেটওয়ার্কিং এখন ক্যারিয়ার উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। শুধু অনলাইন নয়, অফলাইন যোগাযোগও সমান জরুরি।’
জাইকা বাংলাদেশের জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার আলীমূল হাসান শোনালেন তাঁর অভিজ্ঞতা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শেষ বর্ষে পড়ার সময়ই ইউএনএইডসে ইন্টার্নশিপের সুযোগ পাই। আমার অনেক বন্ধুও আইওএম, সেভ দ্য চিলড্রেন, একশনএইডের মতো প্রতিষ্ঠানে যুক্ত হয়ে গিয়েছিল। ইন্টার্নশিপ করার সময় সত্যিকার কাজের অভিজ্ঞতা হয়েছে। রিপোর্ট তৈরি, প্রেজেন্টেশন বানানো, নানা কিছু শিখেছি। পরে সেই অভিজ্ঞতার জোরেই বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠানে ডাক পাই। কয়েক বছর স্থানীয় উন্নয়ন সংস্থায় কাজ করে তারপর আন্তর্জাতিক সংস্থায় আবেদন করেছি।’
কয়েকটি ওয়েবসাইটের নামও উল্লেখ করলেন, যেগুলো থেকে কোর্স করে সনদ নিলে এগিয়ে থাকা সহজ হয়। যেমন—
www.unsdglearn.org/learning/
unric.org/en/sharpen-your-skills-during-lockdown-with-united-nations-e-learning-courses/
capacity.desa.un.org/
লিংকডইন, ফেসবুক, এক্স বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজের দক্ষতা, ভাবনা, অভিজ্ঞতা তুলে ধরার ওপরও গুরুত্ব দিলেন মো. আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘এই পারসোনাল ব্র্যান্ডিংও এখনকার সময়ে গুরুত্বপূর্ণ।’
সিভির মধ্য দিয়ে শুরু হয় চাকরির আবেদনপ্রক্রিয়া। আন্তর্জাতিক সংস্থায় সিভির ধরন সাধারণত তাঁদের ওয়েবসাইটেই দেওয়া থাকে। অর্থাৎ নির্ধারিত ফরম পূরণ করলেই সব তথ্য দেওয়া হয়ে যায়। তবু নিজের একটি পূর্ণাঙ্গ সিভি আগে থেকে তৈরি করে রাখা ভালো। ইউএনডিপি ও আইসিডিডিআরবিতে দুই দশকের বেশি সময় ধরে কাজ করেছেন এ কে এম তারিফুল ইসলাম খান। তিনি বলেন, ‘চাকরিপ্রার্থীকে মনে রাখতে হবে, তাঁর সঙ্গে হয়তো আরও শতাধিক প্রার্থী আবেদন জমা দিচ্ছেন। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে শুধু যোগ্য হিসেবে নয়, সবার থেকে আলাদা ও বিচক্ষণ হিসেবেও উপস্থাপন করতে হবে। প্রাথমিক পর্যায়ে একটি চমৎকার সিভি প্রার্থীর দক্ষতা বা যোগ্যতা তুলে ধরলেও নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে তাঁর মানবিক গুণাবলিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন তিনি কতটা সৃজনশীল, কতখানি আত্মবিশ্বাসী... ইত্যাদি।’
আন্তর্জাতিক সংস্থায় চাকরি ও কাজের জন্য নিয়মিত চোখ রাখতে হবে বিভিন্ন সংস্থার ওয়েবসাইটে। সংস্থাগুলো সাধারণত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের ওয়েবসাইটে, লিংকডইন অ্যাকাউন্টে অথবা ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তাই চাকরির খবর পেতে এই প্ল্যাটফর্মগুলোয় চোখ রাখা খুব গুরুত্বপূর্ণ। কিছু ফেসবুক গ্রুপ ও লিংকডইন পেজের লিংক নিচে দেওয়া হলো। এই লিংকগুলো থেকে আপনি হয়তো জুতসই কাজের সুযোগের খবর পেয়ে যাবেন—
https://www.facebook.com/groups/VacancyAnnouncementBD
https://www.facebook.com/groups/1686711091497991
https://www.linkedin.com/company/humanitarian-jobs-hub/
https://www.linkedin.com/company/we-work-remote-global/
https://www.linkedin.com/company/intern-hive/
https://www.linkedin.com/company/international-careers-update/
https://unjobs.org/duty_stations/bangladesh
https://www.undp.org/bangladesh/careers
reliefweb.int
https://careers.brac.net/jobs
https://career.icddrb.org/
https://www.bracinternational.org/career/