বিশ্বকাপজয়ী দুই স্প্যানিশ তারকাকে কেন টমেটো দিল তাঁদের শহর

উপহার হাতে স্পেনের বিশ্বকাপজয়ী দুই ফুটবলার ফাবিয়ান রুইজ (মাঝে) ও পাবলো গাভি (ডানে)
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিজয়ী খেলোয়াড়দের সম্মান জানানোর কত উপায়–ই না চোখে পড়ে। বাংলাদেশে আমরা কখনো নগদ টাকা, কখনো ফ্ল্যাট বা দামি ঘড়ি উপহার দিয়ে খেলোয়াড়দের সম্মান জানাতে দেখেছি। অনেক সময় জেলা প্রশাসন থেকে আলাদা উদ্যোগ নিয়ে সেই জেলার খেলোয়াড়দের আর্থিক সাহায্য বা বাড়ি বানিয়ে দেওয়ার খবরও শোনা যায়।

আবার ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টে জেতার পর একটি স্পনসর প্রতিষ্ঠানের ব্লেন্ডার–জুসার দেওয়ার ঘটনাও অনেকের চেনা। তবে ফিফা বিশ্বকাপ জিতে দেশে ফেরা স্পেন দলের দুই খেলোয়াড়কে দেওয়া উপহার যেন সেসবকেও হার মানিয়েছে।

ওজন মাপার পর দেওয়া হচ্ছে টমেটো

১৬ বছর পর বিশ্বকাপ জিতে দেশে ফেরা পুরো দলকেই বীরোচিত সংবর্ধনা দেয় স্পেন। তবে লস পালাসিওস শহরের বাসিন্দা বিশ্বকাপজয়ী দলের দুই ফুটবলার ফাবিয়ান রুইজ ও পাবলো গাভির জন্য আরও ব্যতিক্রমী পরিবেশবান্ধব সম্মাননার ব্যবস্থা করেছিল সিটি কাউন্সিল।

এই দুই বিশ্বকাপজয়ীকে আলাদা করে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা জানায় তারা। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল প্রদেশটির একটি অনন্য ঐতিহ্য—দুই ফুটবলারের শরীরের ওজনের সমপরিমাণ টমেটো উপহার দেওয়া। অনুষ্ঠানের একটি পর্যায়ে দুজনকে ডেকে ডিজিটাল পাল্লায় তোলা হয়। তারপর ওজন অনুযায়ী দুজনের হাতে তুলে দেওয়া হয় এই অঞ্চলের বিশেষ টমেটো।

লস পালাসিওস অঞ্চলের টমেটো বিশেষভাবে সমাদৃত

গোটা স্পেনে টমেটো কতটা জনপ্রিয় সেটা হয়তো অনেকেরই জানা। আর পুরো দেশের মধ্যে সেভিল প্রদেশের এই লস পালাসিওস অঞ্চলের টমেটো বিশেষভাবে সমাদৃত। শহরটির সেরা ব্যক্তিদের সম্মাননা জানাতে এভাবে ওজন মেপে টমেটো উপহার দেওয়ার রীতিও বেশ পুরোনো।
সূত্র: নিউজ ১৮