গণিতের বিশ্ব আসরে বন্ধুত্বের সমীকরণ

৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৩টি ব্রোঞ্জ এবং ২টি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

জাপানি, হিন্দি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ…মোটামুটি সব ভাষার মানুষকেই এক করেছিল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। জাপানের চিবায় গণিতের এই বৈশ্বিক আসরের উদ্বোধন হয় ৭ জুলাই। ৮ ও ৯ জুলাই ছিল পরীক্ষা পর্ব। ১২ জুলাই সমাপনী পর্ব। বাংলাদেশ দলের ৬ সদস্যের সঙ্গে ছি‌লেন দল‌নেতা ও কোচ মাহবুব মজুমদার এবং উপদলনেতা ও বাংলাদেশ গণিত দলের সাবেক রৌপ‌্যপদকজয়ী সদস্য নূর মোহাম্মদ শফিউল্লাহ। আর এই যাত্রায় আমি ছিলাম সমন্বয়ক।

বাংলাদেশ দলের অর্জন

৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৩টি ব্রোঞ্জ এবং ২টি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ দল। ব্রোঞ্জ পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ (২৪ নম্বর), ঢাকা কলেজের এস এম এ নাহিয়ান (২৪ নম্বর) ও রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার হোসেন (২০ নম্বর)। সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের দেবপ্রিয় সাহা রায় (১৭ নম্বর) ও চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জিতেন্দ্র বড়ুয়া (১৬ নম্বর)। দলের অন্য সদস্য কুষ্টিয়া সরকারি কলেজের ইমাদ উদ্দীন আহমাদ পেয়েছে ৯।

মির্জাখানি পুরস্কার পেল নুজহাত

মির্জাখানি পুরস্কার পেয়েছেন নুজহাত আহমেদ

২০১৪ সালে বিশ্বের প্রথম নারী হিসেবে গণিতের নোবেল পুরস্কারখ্যাত ফিল্ডস মেডেলে ভূষিত হন ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি। জ্যামিতি শাস্ত্রের জটিল বিষয়ে অবদান রাখার জন্য তাঁকে পুরস্কারটি দেওয়া হয়। ২০১৭ সালে তিনি মারা যান। তাঁর সম্মানে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সেরা নারী শিক্ষার্থী হিসেবে মির্জাখানি পুরস্কার দেওয়া হয়। এবার অস্ট্রেলেশিয়া ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে নুজহাত আহমেদ। বলছিল, ‘প্রত্যাশা ছিল ভালো নম্বর পাব। কিন্তু মির্জাখানি পুরস্কার পাব—কল্পনাতেও ছিল না।’ পাঁচজন নারী শিক্ষার্থী এই পুরস্কার পেয়েছে।

জাপানি সংস্কৃতির সঙ্গে পরিচয়

গণিত অলিম্পিয়াড মানেই শুধু কঠিন কঠিন পরীক্ষা নয়, ভিন্ন দেশের সংস্কৃতি আর মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ। গণিত দলের অনেক সদস্যেরই এটা প্রথম বিদেশ সফর। কাঠি দিয়ে ভাত খাওয়ার অভিজ্ঞতাও তাদের ‘প্রথম’। গণিত বারবার চর্চা করতে হয়, এমনটাই তারা এতকাল শুনে এসেছে। কাঠি দিয়ে ভাত খাওয়াও যে চর্চার বিষয়, কে জানত!

জাপানজুড়েই উন্নত প্রযুক্তির ছোঁয়া। দেশটির মানুষ অবশ্য ইংরেজি ভাষা খুব একটা ব্যবহার করেন না। ভিনদেশি এই সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েই অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষক জাপানের নানা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কাজ করছেন। কয়েকজনের সঙ্গে আমাদের দেখাও হয়েছে।

বৈশ্বিক নেটওয়ার্কিং

টানা দুই দিনের পরীক্ষা শেষ করেই সবাই গেমস জোনে ছুটে যায়। গণিত অলিম্পিয়াড যে শিক্ষার্থীদের বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার একটি ভালো মাধ্যম, পরীক্ষাকেন্দ্র আর গেমস জোন দেখলে তা বোঝা যায়। বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, আলবেনিয়া কিংবা ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের আলাপ বেশ জমেছিল। গণিতের সমস্যাসহ নানা বিষয়েই তাদের কথা হয়েছে।

অন্যদিকে আমাদেরও নানা দেশের পর্যবেক্ষক ও ডেপুটি লিডারদের সঙ্গে গল্প-আড্ডার সুযোগ হয়। বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা, গণিত নিয়ে চর্চা ও শিক্ষার্থীদের আগ্রহের কথা জানতে পারি। গণিতে এশিয়ার দেশগুলো কেন ভালো করে; ইউরোপের নানা দেশ আগে ভালো করত, এখন কেন করছে না; এসব নিয়েও কথা হয়েছে।

২০০৪ সালে আইএমওর সদস্য পদ পেয়েছে বাংলাদেশ আর ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ১টি সোনা, ৭টি রৌপ্য ও ৩২টি ব্রোঞ্জ পদক এবং ৩৮টি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে নানা ধাপে গণিত দলের সদস্যদের নির্বাচন করে আসছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।