জেন আলফার মুখে এখন এমন সব নতুন শব্দের ছড়াছড়ি, যা বুঝতে গিয়ে বড়রাও রীতিমতো হিমশিম খাচ্ছেন। স্কুবা, ব্রেন রট, সিক্স সেভেন কিংবা গ্লেজিং—কী বোঝায় এসব শব্দ? চলুন, জেনে নেওয়া যাক জেন আলফার আলোচিত কিছু শব্দের অর্থ ও ব্যবহারের উদাহরণ।
শুরুতেই বলে রাখা ভালো, গবেষক এবং বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যমগুলো সাধারণত ২০১০-এর দশকের সূচনা থেকে ২০-এর দশকের মাঝামাঝি সময়কালে জন্ম নেওয়া ব্যক্তিদের আলফা প্রজন্মের সদস্য হিসেবে চিহ্নিত করেন। তবে এই সময়সীমাগুলো এখনো সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি এবং বিভিন্ন উৎস অনুযায়ী এসব ভিন্ন হতে পারে।
সকালে পরীক্ষা। এক রাতে এত পড়াশোনা কীভাবে শেষ করব, তা নিয়ে মাথায় হাত। এমন সময় শুনলাম ছোট বোন ফোনকলে বান্ধবীর সঙ্গে জম্পেশ আড্ডা দিচ্ছে। পুরোটা আলাপই হচ্ছে বাংলায়। তবু অবাক করা বিষয় হলো, তাদের অর্ধেক কথাই বুঝলাম না। প্রায় প্রতিটি বাক্যেই এমন শব্দ ছিল, যা আমার ‘সিলেবাসের’ বাইরে।
নিশ্চয়ই আমি একা নই, আপনিও হয়তো এমন পরিস্থিতিতে পড়েছেন। বাস্তবে না হলেও ফেসবুক–ইনস্টাগ্রামে দেখেছেন এমন সব অদ্ভুত শব্দ।
২০১০ সালের পর যাদের জন্ম, সেই আলফা প্রজন্ম স্মার্টফোন হাতে নিয়ে বড় হয়েছে। তাদের শব্দ আসে টিকটক, ইউটিউব শর্টস আর স্ট্রিমারদের লাইভ থেকে।
তারপর সেখান থেকে চলে যায় সরাসরি স্কুলে কিংবা বন্ধুদের আড্ডায়। এখন বড় ভাইবোনেরাই ছোটদের কথা শুনে মাথা চুলকাচ্ছেন। তাই চলুন, জেন আলফার কয়েকটি শব্দের মানে জেনে নেওয়া যাক।
এখানে ডুবুরি বা অক্সিজেন সিলিন্ডারের কথা বলা হচ্ছে না মোটেও। জেন আলফার ভাষায় স্কুবা বলতে বোঝায়, কিছু একটা থেকে ‘গন্ধ’ আসছে, অথবা কারও কথা বানোয়াট। এক হাতে নাক চেপে ধরে আরেক হাত মুখের সামনে ঢেউয়ের মতো নাড়ানো, স্কুবা ড্যান্স নামের এই ভঙ্গি দেখে মনে হবে কেউ পানির নিচে নেচে বেড়াচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত এই ‘স্কুবা ড্যান্স’। অনেকে নিছক মজা করতে বা খুশি প্রকাশ করতেও এই ভঙ্গি করে। ধরুন, কেউ বলল, ‘কাল থেকে রোজ ভোর পাঁচটায় উঠে পড়তে বসব।’
পাশ থেকে আরেকজন নাক চেপে হাত নাড়িয়ে বলল, ‘স্কুবাআআ...।’
রাত বাজে দুইটা। একের পর এক রিলস দেখে যাচ্ছেন। কী দেখলেন, কিছুই মনে নেই, শুধু মাথাটা ভোঁতা লাগছে। জেন আলফা এই অবস্থার নাম দিয়েছে ব্রেন রট। বাংলায় আক্ষরিক অনুবাদ ‘মগজ পচে যাওয়া’।
অর্থহীন যেসব ভিডিও দেখে এমন হয়, সেসবকে বলে ‘ব্রেন রটিং ভিডিও’। শব্দটা এতই জনপ্রিয় যে অক্সফোর্ড ডিকশনারি একে ২০২৪ সালের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে।
গ্লেজ মানে পিঠা বা ডোনাটের ওপর চিনির চকচকে প্রলেপ। তবে এ ছাড়াও কাউকে প্রশংসার প্রলেপে মুড়িয়ে দেওয়াই হলো গ্লেজিং। বাংলায় যাকে আমরা বলি ‘তেল দেওয়া’।
ধরুন, বন্ধু ক্লাসে বলল, ‘স্যার, আপনার মতো করে কেউ পড়াতে পারে না!’
শুনে পাশ থেকে কেউ ফিসফিস করে বলল, ‘এত গ্লেজিং করিস না, অ্যাসাইনমেন্টের ডেডলাইন তবু বাড়বে না।’
এর কোনো মানে নেই, আর সেটাই এর মানে। মার্কিন র্যাপার স্ক্রিলার ‘ডুট ডুট (৬ ৭)’ গান থেকে এই শব্দটি ছড়ায়। সঙ্গে জুড়ে গেছেন ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা বাস্কেটবল খেলোয়াড় লামেলো বল।
সিক্স সেভেন বলার সময় জেন আলফা দুই হাতের তালু ওপরের দিকে রেখে পালা করে ওঠানামা করায়, যেন দাঁড়িপাল্লায় কিছু মাপা হচ্ছে। মাঝেমধ্যে এর মানে দাঁড়ায় ‘চলে আরকি’ বা ‘এটা না ওটা’।
শব্দটা বিশ্বজুড়ে এত ছড়িয়েছে যে ডিকশনারি ডটকম এটিকে ২০২৫ সালের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। কিন্তু জেন আলফার কাছে ওহাইও মানে এমন কিছু, যা অদ্ভুত, উদ্ভট আর ‘ক্রিঞ্জ’।
ইন্টারনেটে ‘অনলি ইন ওহাইও’ মিম থেকে এর শুরু। ওহাইওর মানুষের অবশ্য এর সঙ্গে কোনো যোগসূত্র নেই। উদাহরণস্বরূপ, ‘মিষ্টি দিয়ে খিচুড়ি খাচ্ছিস? পুরাই ওহাইও অবস্থা।’
২০২৬ সালের জুলাইয়ে মার্কিন র্যাপার সসি সান্তানার গান ‘কোয়ায়েট অন দ্য ক্রিক’ থেকে কথাটি ভাইরাল হয়। ছোটবেলায় ছোট নদীতে মাছ ধরতে গেলে তাঁকে চুপ থাকতে বলা হতো, যাতে মাছ ভয় পেয়ে পালিয়ে না যায়। ঠিক সেখান থেকেই কথাটির জন্ম। এখন এর মানে, চুপচাপ থাকা কিংবা নিজের সব খবর সবাইকে না বলা।
রাগে, হতাশায় একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বা হুট করে বেপরোয়া কিছু করে বসাকে বলে ক্র্যাশ আউট। ধরুন, গেমের শেষ রাউন্ডে আছেন, ঠিক তখনই ওয়াই-ফাই চলে গেল। রাগে ফোনটাই আছাড় মারলেন। ঠিক এটাই ক্র্যাশ আউট।
যেকোনো কিছুকে শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টাকে বলে ম্যাক্সিং। এটা একটা সাফিক্স বা প্রত্যয়, তাই যেকোনো শব্দের পেছনে জুড়ে দেওয়া যায়।
চেহারা ঘষামাজা করে নিজেকে আকর্ষণীয় করার চেষ্টা হলো ‘লুকসম্যাক্সিং’। আবার ছুটির দিনে টানা ঘুম হলো ‘স্লিপম্যাক্সিং’।
বন্ধুর প্লেট থেকে না বলে এক কামড় বা এক টুকরো খাবার তুলে নিলেন, একে বলে ফানুম ট্যাক্স। নামটা এসেছে মার্কিন স্ট্রিমার ফানুমের নাম থেকে। লাইভে সঙ্গীদের খাবারে ভাগ বসানোর জন্য তিনি পরিচিত।
অর্থ যা–ই হোক, জেন আলফার শব্দের আয়ু অবশ্য খুব বেশি দিন নয়। ফলে কোনো শব্দ যদি আপনার জানার সিলেবাসে না–ও পড়ে থাকে, তা নিয়ে হতাশার কিছু নেই। কেননা আপনি যতক্ষণে সেটি শিখতে বসবেন, ততক্ষণে দেখবেন জেন আলফার মুখে নতুন শব্দ!