কোন কাজে কোন এআই টুল ব্যবহার করবেন

মডেল: ইতি
ছবি: প্রথম আলো

পড়াশোনার জটিল কোনো বিষয় বুঝতে পারছেন না? অফিসের প্রেজেন্টেশন বানাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? কিংবা গবেষণার জন্য তথ্য খুঁজতে অনেক সময় চলে যাচ্ছে? এসব কাজে সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

মুশকিল হলো, এআই বলতেই আমরা অনেকে বুঝি চ্যাটজিপিটি বা জেমিনাই। অথচ আরও অনেক এআই টুল আছে, যেগুলো নির্দিষ্ট কিছু কাজে বিশেষভাবে সাহায্য করতে পারে।

গবেষণা ও তথ্য অনুসন্ধান

গবেষণার জন্য তথ্য খোঁজা, বিভিন্ন উৎসের তথ্য তুলনা কিংবা গবেষণাপত্রের সারাংশ বুঝতে কাজে লাগতে পারে পারপ্লেক্সিটি এআই। এটি প্রশ্নের উত্তর দেবে, আবার তথ্যের উৎসও উল্লেখ করবে। নির্দিষ্ট পিডিএফ, গবেষণাপত্র বা ডকুমেন্ট থেকে তথ্য খুঁজতে আরও ব্যবহার করতে পারেন গুগলের নোটবুকএলএম। এ ছাড়া গবেষণাপত্র খোঁজা, পর্যালোচনা ও বিশ্লেষণের জন্য আছে এলিসিট (elicit.com) ও সাইস্পেস (scispace.com)। তবে এআইয়ের দেওয়া তথ্যসূত্র মূল গবেষণাপত্রের সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি।

লেখালেখি ও খসড়া তৈরি

ই–মেইল, প্রতিবেদন, ব্যবসায়িক প্রস্তাব কিংবা বড় কোনো লেখা গুছিয়ে নিতে চ্যাটজিপিটি ও ক্লড ব্যবহার করতে পারেন। লেখার কাঠামো তৈরি, ভাষা সহজ করা, নতুন ধারণা খোঁজা—এসব কাজেও টুল দুটি সাহায্য করতে পারে। ইংরেজি লেখার ব্যাকরণ, বানান ও বাক্যগঠন সংশোধনে কাজে আসবে গ্রামারলি (grammarly.com) ও কুইলবট (quillbot.com)।

প্রেজেন্টেশন ও ডিজাইন

অফিসের প্রেজেন্টেশন কিংবা ক্লাসের অ্যাসাইনমেন্টের জন্য স্লাইড বানাতে ব্যবহার করতে পারেন গামা (gamma.app) ও জেনস্পার্ক (genspark.ai)। বিষয়বস্তু দিলে এই ওয়েবসাইট স্লাইডের প্রাথমিক খসড়া তৈরি করে দিতে পারে। পোস্টার, ইনফোগ্রাফিক কিংবা প্রতিবেদনের নকশা করতে আছে ক্যানভা (canva.com)। আবার কোনো আইডিয়া বা লেখাকে ডায়াগ্রাম ও ভিজ্যুয়াল ফ্রেমওয়ার্কে রূপ দিতে পারেন ন্যাপকিন এআই (napkin.ai) দিয়ে।

ভিডিও তৈরি ও সম্পাদনা

সামাজিক মাধ্যমের ভিডিও, বিজ্ঞাপন কিংবা কোনো প্রকল্পের ধারণা তুলে ধরতে কাজে আসতে পারে রানওয়ে (runway.com)। লেখা বা ছবি থেকে ছোট ভিডিও তৈরির জন্য গুগলের জেমিনাইয়ের ভিডিও তৈরির সুবিধাও ব্যবহার করা যায়। তবে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। এ ধরনের ভিডিওর মান ও দৈর্ঘ্য নির্ভর করে ব্যবহৃত মডেল ও সাবস্ক্রিপশনের ওপর।

অডিও ও ভয়েসওভার

ভিডিওর জন্য ভয়েসওভার কিংবা কোনো লেখাকে অডিওতে রূপান্তর করতে ব্যবহার করতে পারেন ইলেভেনল্যাবস (elevenlabs.io)। আবার ক্লাসের নোট, গবেষণাপত্র বা দীর্ঘ ডকুমেন্ট পড়ার বদলে আলোচনার আকারে শুনতে চাইলে কাজে আসবে নোটবুকএলএমের অডিও ওভারভিউ সুবিধা।

কাজ ও সময় ব্যবস্থাপনা

প্রতিদিনের কাজের তালিকা তৈরি, মিটিংয়ের সময় নির্ধারণ ও সময়সূচি গুছিয়ে রাখতে ব্যবহার করতে পারেন মোশন (usemotion.com)। অন্যদিকে নোশন এআই (notion.com) দিয়ে নোট সাজানো, কাজের পরিকল্পনা তৈরি ও প্রকল্পের তথ্য সংক্ষেপ করার মতো কাজ করা যায়। দলগত কাজের ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে।

কোডিং ও ডেটা বিশ্লেষণ

প্রোগ্রামিংয়ের কাজ করেন? কোড লেখা, সংশোধন কিংবা ত্রুটি খুঁজতে সাহায্য করতে পারে কার্সর (cursor.com)। বড় সফটওয়্যার প্রকল্পে কোড বুঝতে, পরিবর্তন করতে বা পরীক্ষা চালাতে ব্যবহার করা যায় ক্লড কোড। আবার এক্সেল বা সিএসভি ফাইলের তথ্য বিশ্লেষণ ও চার্ট তৈরিতে নিতে পারেন চ্যাটজিপিটির সাহায্য।

নতুন কিছু শেখা

কঠিন কোনো বিষয় সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারে চ্যাটজিপিটি ও গুগল জেমিনাই। চাইলে একই বিষয় বিভিন্নভাবে ব্যাখ্যা করতে বলতে পারেন। চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতিও নেওয়া যায়। যেমন চ্যাটজিপিটিকে বলতে পারেন, ‘তুমি একজন চাকরিদাতা। আমাকে একটি সাক্ষাৎকারের মতো করে প্রশ্ন করো।’ ইংরেজিতে কথা বলা অনুশীলনের জন্য ব্যবহার করতে পারেন চ্যাটজিপিটি ভয়েস।

অনলাইন মিটিংয়ের নোট

দীর্ঘ অনলাইন মিটিংয়ের সব কথা লিখে রাখা কঠিন। অটার ডট এআই (Otter.ai) ও ফায়ারফ্লাইস ডট এআই (Fireflies.ai) মিটিংয়ের আলোচনা লিখিত আকারে সংরক্ষণ, সারাংশ তৈরি এবং গুরুত্বপূর্ণ করণীয় চিহ্নিত করতে সাহায্য করে। তবে রেকর্ড করার আগে অংশগ্রহণকারীদের সম্মতি নেওয়া উচিত।

সামাজিক মাধ্যমের কনটেন্ট

ফেসবুক, লিংকডইন কিংবা ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য ছবি ও গ্রাফিকস তৈরিতে ব্যবহার করতে পারেন মিডজার্নি ও অ্যাডোব ফায়ারফ্লাই। ক্যাপশন, বিজ্ঞাপনের লেখা বা বিপণনমূলক কনটেন্টের খসড়া তৈরিতে কাজে আসতে পারে জ্যাসপার ও এনিওয়ার্ড। আর ডিজাইনের জন্য ক্যানভা তো আছেই।

আরও এআই টুল খুঁজবেন যেভাবে

কোন কাজের জন্য কী ধরনের এআই টুল রয়েছে, জানতে ঘুরে আসতে পারেন theresanaiforthat.com—ওয়েবসাইট থেকে। এখানে বিভিন্ন কাজ অনুযায়ী এআই টুলের তালিকা পাওয়া যায়।

মনে রাখবেন, সব এআই টুল বিনা মূল্যে ব্যবহার করা যায় না। অনেকগুলোর কিছু সুবিধা বিনা মূল্যে পাওয়া গেলেও উন্নত সুবিধার জন্য সাবস্ক্রাইব করতে হয়। এআইয়ের তৈরি তথ্যেও ভুল থাকতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করুন। ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের গোপন তথ্য দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকুন।