যে গ্রামে তৈরি হয় সোলার ফুল

লেখাটি ২০২১ সালে প্রথম আলোর বিশেষ ম্যাগাজিন বর্ণিল বৈশাখ এ প্রকাশিত

নারীদের হাতে তৈরি হচ্ছে সোলার ফুল
ছবি: প্রথম আলো

ফুলে ফুলে বাড়ি ভরা। উঠান থেকে বাড়ির বারান্দা—সবখানেই স্তূপ করা গোলাপ, জুঁই, জিনিয়া, বেলিসহ কত রকম ফুল। কোনোটা ধবধবে সাদা, কোনোটা টকটকে লাল, হলুদ, কমলা, বেগুনি—সব রঙের উপস্থিতি আছে সেখানে। সারি সারি সুতায় ঝোলানোও আছে। নষ্ট হয় না, রং ফিকে হওয়ার ভয়ও নেই। কারণ, সেগুলো সোলার তৈরি ফুল।

দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের যে কারুশিল্পের প্রসার, এটা তারই একটি ধরন। কারুশিল্পের মধ্যে সাধারণ মানুষের হাতে তৈরি এই সোলাশিল্প প্রসারিত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরদিহি গ্রামে। যে ঐতিহ্য তাঁরা এখনো জিইয়ে রেখেছেন দারুণ উদ্যমে। সারা বছর এই গ্রামে সোলার তৈরি নানা ধরনের ফুল ও কারুপণ্যের জিনিসপত্র তৈরি হয় শিল্পীদের হাতে। আড়ত ভরা কাঁচামাল হিসেবে ব্যবহৃত সোলার স্তূপ।

বছরজুড়ে এই সোলার ফুল তৈরির কাজ হলেও বৈশাখের আগে তা বেড়ে যায় কয়েক গুণ। সম্প্রতি নরদিহি গ্রামে গিয়ে দেখা যায়, বৈশাখ উপলক্ষে কাজের গতি বেড়ে গেছে। বাড়িতে বাড়িতে চলছে সোলার ফুল তৈরির কাজ। গ্রামের অনেক ছেলেমেয়ে, গৃহবধূ ও পুরুষ এই কাজ করে জীবিকার ব্যবস্থা করেছেন। 

এভাবে ছড়া আকারে বিক্রি হয় ফুলগুলো

গোড়াপত্তন

গ্রামে বর্তমানে সোলার ফুল তৈরির কারখানাটি পরিচালনা করছেন তোফায়েল আহম্মদ পাটোয়ারী। যদিও এই শুরুটা করেছিলেন তোফায়েলের ভগ্নিপতি সিরাজুল ইসলাম। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে। বর্তমানে সিরাজুল ইসলাম শয্যাশয়ী হয়ে ফিরে গেছেন নিজ গ্রামে। শ্যালক তোফায়েল আহম্মদ জানালেন, ‘সোলার ফুলের অনেক চাহিদা রয়েছে, কিন্তু আর্থিক স্বল্পতা আর ঠিকমতো সোলা না পাওয়ায় কারখানাটি ভালোভাবে চালাতে পারছি না।’ 

ফুল তৈরির আগে এভাবেই সোলা রোদে শুকিয়ে নেওয়া হয়

জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কারও পেয়েছে তোফায়েল আহম্মদ পাটোয়ারীর এই কারখানা।

তোফায়েল আহম্মদ জানান, তাঁর ভগ্নিপতি সিরাজুল ইসলাম একসময় যান কলকাতায়। সেখানে কটেজ নামের একটি অস্ট্রেলিয়ান কোম্পানিতে কাজ নেন। এই কোম্পানিতে তিনি সোলা দিয়ে নানা ধরনের ফুল তৈরির কাজ করতেন। এখান থেকে তিনি শিখে আসেন সোলার কারুপণ্য তৈরি। দেশে ফিরে গ্রামের প্রতিবন্ধীদের নিয়ে গড়ে তোলেন রিগ্যাল হ্যান্ডি ক্রাফটস অ্যান্ড ড্রাই ফ্লাওয়ার। ২০০৩ সালে সিরাজুল ইসলাম এই ফুল তৈরির কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও জায়গার সমস্যায় পেরে উঠছিলেন না। চলে আসেন স্ত্রী মারজান বেগমের বাবার বাড়ি এই নরদিহিতে। তাঁকে সঙ্গে নিয়ে ২০০৪ সালে গড়ে তোলেন রিগ্যাল হ্যান্ডি ক্রাফটস অ্যান্ড ড্রাই ফ্লাওয়ার।

যেখানে প্রতিবন্ধী ছাড়াও বেকার ছেলেমেয়ে, গৃহবধূরা রাত-দিন কাজ করে যাচ্ছেন। তাঁদের হাতের সোলা দিয়ে তৈরি করা নানা ধরনের ফুল আজ দেশ-বিদেশে রপ্তানি হচ্ছে। দেশের মধ্যে আড়ংসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁদের উত্পাদিত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানা যায়।

একজন নারী মাসে এভাবে ফুল তৈরি করে ৪ থেকে ৫ হাজার টাকা আয় করেন

যেভাবে চলছে সোলা দিয়ে ফুল তৈরির কারখানা

তোফায়েল আহম্মদ জানান, প্রথমেই তাঁদের সোলা সংগ্রহ করতে হয়। পার্শ্ববর্তী খাল-বিল থেকে গ্রামের লোকজন সেই সোলা সংগ্রহ করে আনেন। তাঁদের পারিশ্রমিক ঠিকমতো দেওয়ায় পার্শ্ববর্তী গ্রামের আরও অনেকে সোলা সংগ্রহ করে তাঁর কারখানায় দিয়ে যান। শুরুতে ৫ জনকে তাঁরা প্রশিক্ষণ দিয়েছিলেন। কীভাবে সোলা কাটতে হয় আর কীভাবে তা থেকে আকর্ষণীয় সব ফুল ও ফুলের মালা তৈরি হবে সে বিষয়ে। সেই পাঁচ শিক্ষার্থীর মধ্যে ছিলেন জাহিদুল ইসলাম, ময়না খাতুন, রুনা পারভিন, আনোয়ার হোসেন ও শাহনাজ। তাদের তিন মাস প্রশিক্ষণ দিয়ে কর্মের উপযোগী করে তোলেন। এরপর পর্যায়ক্রমে শতাধিক নারী-পুরুষকে প্রশিক্ষণ দিয়েছেন। এর মধ্যে প্রায় ৪০ জন প্রতিবন্ধী ছিলেন। যাঁদের অনেকে বাড়িতে বসেই কাজ করতেন। বর্তমানে তাঁদের কারখানায় ২২ জন কাজ করেন। এ ছাড়া গ্রামের বেশ কিছু বাড়িতে কাজ দেন, যাঁরা সেখানে বসেই ফুল তৈরি করে দিয়ে যান।

প্রতি এক হাজার গোলাপ ফুল তৈরি করলে ২০০ টাকা, জিনিয়া ৭০ টাকা, জুঁই ৮০ টাকা ও বেলি ৮০ টাকা পারিশ্রমিক পান কর্মীরা। একজন নারী মাসে এভাবে ফুল তৈরি করে ৪ থেকে ৫ হাজার টাকা আয় করেন।

১ লাখ ফুল ৪৫ হাজার টাকায় বিক্রি হয়। যা তৈরি করতে ২৫ হাজার টাকা খরচ হয়। বাকি ২০ হাজার লাভ থাকে। তোফায়েল আহম্মদ জানান, ঘূর্ণিঝড় আম্পানের সময় তাঁর ৪ লাখ টাকার ফুল আর ফুল তৈরির সোলা নষ্ট হয়েছে। যে কারণে আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন। খাল-বিল শুকিয়ে যাওয়ায় সোলা পেতেও ঝামেলা হয় এখন।

যাঁদের হাতে নিপুণ ফুল

নরদিহি গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী ফুলি বেগম জানান, প্রতিবন্ধী হওয়ায় তিনি ভারী কোনো কাজ করতে পারেন না। তাঁর স্বামী মোতালেব হোসেন অন্যের জমিতে কাজ করে সংসার চালান। এ অবস্থায় সংসার চলে খুবই কষ্টে। একসময় তিনি সোলা দিয়ে ফুল তৈরির খবর পান। তখন যোগাযোগ করেন তোফায়েল আহম্মদের সঙ্গে। বাড়িতে বসেই কাজ শিখে নেন। বর্তমানে তিনি এই কাজ করে মাসে ২ হাজারের বেশি টাকা আয় করেন, যা তাঁর স্বামীর কষ্টের সংসারে কিছুটা হলেও কাজে লাগছে। তুলি খাতুন মাধ্যমিকে পড়ছে। পড়ালেখার পাশাপাশি এই সোলা দিয়ে ফুল তৈরির কাজ করছে। পড়ালেখার ফাঁকে ফাঁকে এ কাজ করে মাসে কমপক্ষে ৩ হাজার টাকা আয় করে, যা তার পড়ার খরচ জোগাড়ের পাশাপাশি পরিবারে কাজে ব্যবহৃত হচ্ছে।

ফুলের বাজার

তোফায়েল আহম্মদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে মাসে ৫০ হাজার টাকার ফুল তৈরি হচ্ছে, যা ঢাকার আড়ংসহ বিভিন্ন জায়গায় বিক্রি হয়।  ঢাকার এলিফ্যান্ট রোডের একাধিক ফুলের দোকান ছাড়াও অনেক দোকানি নিজে যোগাযোগ করে ফুল নিয়ে যান। তাঁর ভাষায়, ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু তৈরি কম হওয়ার কারণে ঠিকমতো সরবরাহ করতে পারছেন না।

গ্রামীণ এই কারুপণ্যকে আরও একধাপ এগিয়ে নিতে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই গ্রামের লোকজন।