
১৯ বছর আগে একটা বাইসাইকেল কিনেছিলেন জিবানুল ইসলাম। ৭২০ টাকার সেই সাইকেলই এখনো তাঁর জীবিকার প্রধান অবলম্বন। রৌমারীর জিবানুলের গল্প শুনে এসেছেন জহির রায়হান
কৃষিশ্রমিকের কাজ করতেন জিবানুল ইসলাম। দিনভর কাজ করে মজুরি পেতেন ৩০ কি ৩৫ টাকা। এর মধ্যে বিয়ে করলেন। তারপর মা–বাবার থেকে পৃথক হতে হলো। সংসার ছোট করার পরও খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছিল। ভাবলেন, দিনমজুরির পাশাপাশি অন্য কোনো কাজও করতে হবে। কিন্তু গয়টাপাড়ার মতো অজপাড়াগাঁয়ে দিনমজুরি ছাড়া তেমন কোনো কাজের ব্যবস্থা ছিল না তখন।
জিঞ্জিরাম নদের পারের ভারত সীমান্তবর্তী গ্রাম গয়টাপড়া কুড়িগ্রামের রৌমারী বাজার থেকে সাড়ে সাত কিলোমিটার। কাজের সন্ধানে একদিন রৌমারী বাজারে গেছেন জিবানুল। এদিক-ওদিক ঘোরাফেরা করে দেখেন, হাটবারে ব্যবসায়ীরা ধান কিনছেন। তাঁর গ্রাম থেকেও কেউ কেউ ভ্যানগাড়িতে ধান এনে এই বাজারে বিক্রি করেন। তবে সংখ্যাটা খুবই কম। জিবানুল ভাবেন, গ্রামের কৃষকদের কাছ থেকে ধান নিয়ে এই ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করলে কেমন হয়। কাঁচা রাস্তায় সাইকেলে করে ধান আনতে কৃষকেরা যে ভাড়া দেবেন, তা-ই হবে তাঁর মজুরি।
২০০৪ সালে সেই চিন্তা থেকেই ৭২০ টাকা দিয়ে একটি সাইকেল কেনেন জিবানুল। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বললেন, ধান পৌঁছে দেওয়ার কাজটি তিনিই করে দেবেন। সবাই পরিচিত। একজন-দুজন করে ধান বহনের কাজটি দেন জিবানুলকে। প্রতিদিন সকালে সাইকেলে করে চার বস্তা ধান রৌমারী নিয়ে আসেন। প্রতি বস্তায় ভাড়া নেন ১০ টাকা। ফেরার সময় গ্রামের কৃষকদের জন্য চার বস্তা সার নিয়ে যান। এভাবে দিনে দুই দফা ধান-সার আনা-নেওয়া করে তাঁর দৈনিক আয় হতো ১৬০ টাকা।
জিবানুলের সঙ্গে আলাপ হয় ৫ মার্চ। জানালেন, বাড়ি করার জন্য ২০০২ সালে বাবার কাছ থেকে ৩১ শতাংশ জমি পেয়েছেন। ওই জমিতে মাটি কাটা, ঘর তোলা, সংসার গোছানো—সবই এই সাইকেলের আয়ে করেছেন।
জিবানুলের বয়স কত? বললেন, ‘যুদ্ধের সময় ছিলাম এক বছরের শিশু। তবে ভোটার আইডি কার্ডে চুয়াত্তরে জন্ম।’
জিবানুলের তিন ছেলে–মেয়ে। বড় মেয়ে জোনাকি বেগমের বিয়ে হয়ে গেছে। মেজ ছেলে জিন্নাহ আলী মাদ্রাসায় পড়ে। ছোট ছেলে আবদুল রহমান প্রথম শ্রেণিতে। জিবানুল জানালেন, এখন এক বস্তা ধান ও সার আনা-নেওয়া করলে ৩০ টাকা পান। সে হিসাবে কোনো দিন ৪০০, কোনো দিন ৫০০ টাকা আয় হয়। বাড়িতে দু-চার বস্তা সারও এনে রেখেছেন। সেগুলো খুচরা বিক্রি করেন। এসব করে সংসার চলে।
পাশে বসা জিবানুলের স্ত্রী জয়নব বেগম সাইকেলটি দেখিয়ে বললেন, ‘ভালো একটা সাইকেল কিনবে, সেই উপায়ও ছিল না। ঝালাই করতে করতে এখন সাইকেলটার কিছুই নেই।’
তবু এখনো সেই সাইকেলই জিবানুলের একমাত্র অবলম্বন।