গরমে কড়া মেকআপ যেমন গলে পড়ার ঝুঁকি থাকে, তেমনি পোশাকও জমকালো হলে অস্বস্তি। তাই বলে কি ঈদের দিন সাজবেন না? নতুন পোশাকে কি কাজ থাকবে না! অবশ্যই থাকবে। তবে কোন বেলা কেমন পোশাক পরবেন, সেটা যেমন ভাবনায় রাখতে হবে, তেমনি সাজেও থাকুক বিশেষ নজর। রাতের সাজ যেমন ভারী হবে, সকালে নিশ্চয় কেউ সেভাবে সাজবেন না। এবার ঈদে তিন বেলায় কীভাবে সাজবেন, জানাচ্ছেন রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি
ঈদের দিন সকালে হালকা সাজই বেশি মানানসই। মেকআপের বেজ হিসেবে হালকা ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন।
চোখে পিচ রঙের আইশ্যাডো, গালে ব্লাশন আর ঠোঁটে নুড রং—ব্যস, হয়ে গেল ঈদের সকালের সাজ। চুল বাঁধা থাকলে দেখতে সতেজ লাগবে।
চুলের সামনের অংশে বেণি করে পেছনের দিকে পনিটেল করে নিতে পারেন। সকালের দিকে পোশাকটিও হতে পারে হলুদ, হালকা সবুজ বা নরম কোনো রং।
ঈদের বিকেলের সাজেও হালকা মেকআপ দেবে স্নিগ্ধতা। হালকা বেজের ওপর হালকা গোলাপি লিপস্টিক, ব্লাশন আর চোখে গোলাপি আইশ্যাডো।
চুলের ফাঁকে গুঁজে নিতে পারেন ফুল। চোখের পাতায় হালকা করে আইলাইনার টেনে নিলেই সাজ সম্পূর্ণ।
বিকেলের দিকে বাইরে গেলে এমন সাজপোশাকে ফুরফুরে লাগবে।
ঈদের রাতের সাজ হতে পারে কিছুটা ভারী। ফাউন্ডেশন দিয়ে বেজ তৈরি করে গালে ব্যবহার করতে পারেন গাঢ় রঙের ব্লাশন। ঠোঁটের চারপাশে বাদামি লিপলাইনার টেনে ঠোঁট এঁকে নিন।
লিপস্টিক হিসেবে বেছে নিতে পারেন উজ্জ্বল কোনো রং। এর ওপর ব্যবহার করুন লিপলাইনার। গালের দুই পাশে যোগ হতে পারে হাইলাইটার।
ঈদের রাতের সাজের সঙ্গে মানিয়ে যাবে স্মোকি আই। চুলটাকে মাঝবরাবর সিঁথি করে বেঁধে নিতে পারেন স্লিক বান।
পোশাক: ক্লোদেন