নাশতায় এই ৪ ভুল করবেন না

কালের খাওয়া ঠিক করে দিতে পারে আপনার দিনটা কেমন যাবে
ছবি: প্রথম আলো

অনেকেই বলেন, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার সকালের নাশতা। সকালের খাওয়া ঠিক করে দিতে পারে আপনার দিনটা কেমন যাবে। তাতে প্রোটিন, ফ্যাট ও ফাইবারের ভারসাম্য ঠিক থাকলে সারা দিন থাকবেন চনমনে। আবার পেট ভরা থাকলে অযথা খাওয়ার ইচ্ছাও জাগবে কম। উল্টো দিকে, দিনের শুরুটা মুখরোচক করতে যদি অস্বাস্থ্যকর খাবার খান, তাহলে সেটা আপনাকে এসব খাওয়ার ব্যাপারে মানসিকভাবে আরও উৎসাহ দেবে। কিন্তু সকালেই থাকে রাজ্যের তাড়াহুড়া। নাশতা কী হবে, তাই নিয়ে চিন্তার পরিসর থাকে কম। তাই জেনে রাখা দরকার, নাশতায় কী কী ভুল করা যাবে না। যেমন নিচের এ চারটি ভুল।

নাশতায় মিষ্টি জাতীয় খাবার কমিয়ে ফেলা ভালো

কমিয়ে দিন মিষ্টি খাবার

সাধারণত নাশতাতেই মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া হয়। সেমাই, পায়েশ, পিঠাপুলি, হালুয়া ইত্যাদি। যাঁরা পশ্চিমা ঘরানার খাবার খান, তাঁদেরও নাশতার পাতে বেশি ওঠে প্যানকেক বা সিরিয়াল জাতীয় খাবার। আর এর সবগুলোতেই থাকে প্রচুর পরিমাণে কৃত্রিম চিনি। কখনো সরাসরি, কখনো উপকরণে লুকিয়ে। কৃত্রিম চিনি মানেই তা ভাঙতে শরীরের ওপর বাড়তি চাপ ফেলা। তার চেয়ে ভালো, নাশতায় মিষ্টি জাতীয় খাবার কমিয়ে ফেলা। পারলে ছেঁটে ফেলা।

কার্ব–নির্ভর খাবারে চটজলদি পেট ভরে ঠিকই, কিন্তু ক্ষুধা ফিরেও আসে দ্রুত

কার্ব-নির্ভর খাবারে নির্ভরতা কমান

নাশতার অধিকাংশ খাবারই অতিমাত্রায় কার্বসমৃদ্ধ। রুটি, কলা, ওটস, কমলা, বিট, সিরিয়াল ইত্যাদি। বিশেষ করে যাঁরা দ্রুত নাশতার পাট চুকাতে চান, তাঁরা সাধারণত এসবের ওপরই নির্ভর করেন। তাতে চটজলদি পেট ভরে ঠিকই, কিন্তু ক্ষুধা ফিরেও আসে দ্রুত। এর চেয়ে জোর দেওয়া উচিত নাশতায় পুষ্টি উপাদানের ভারসাম্যে। কার্ব-নির্ভর খাবারের পাশাপাশি রাখুন প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবারও। প্রয়োজনে আরও সময় নিয়ে নাশতা প্রস্তুত করুন।

ডিমের ওপর পুরোপুরি নির্ভর না করে নাশতায় যোগ করুন আরও প্রোটিনসমৃদ্ধ খাবার

প্রোটিনের জন্য কেবল ডিম নয়

নাশতার টেবিলে প্রোটিনসমৃদ্ধ খাবার বলতে সাধারণত ডিমই থাকে। খাবার হিসেবে ডিম অবশ্যই ভালো। কিন্তু তার ওপর পুরোপুরি নির্ভর না করে নাশতায় যোগ করুন আরও প্রোটিনসমৃদ্ধ খাবার। রাখতে পারেন বাদাম ও বীজ জাতীয় খাবার। আরও ভালো হয় দুপুর বা রাতের খাবারের প্রোটিনের উৎসগুলো আনতে পারলে। নাশতার নানা পদে সহজেই জায়গা করে নিতে পারে মুরগির মাংস।

ঘুম থেকে উঠে সবার আগে পানি পান করা উচিত

যথেষ্ট পরিমাণে পানি পান করুন

সকাল সকাল অনেকেরই কফি পানের অভ্যাস থাকে। সে অভ্যাস থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে সবার প্রথমে পানি পান করা উচিত। কারণ, সারা রাত আপনার শরীর কোনো পানি পায় না। সকাল সকাল যথেষ্ট পরিমাণে পানি পান না করলে শরীরে সে ঘাটতি পূরণ হবে না। অন্যদিকে পানির জোগান কম হলে শরীর ভুল করে ভাবতে পারে, আরও খাবার দরকার। তবে শুধু পানির বদলে হালকা লেবু মিশিয়ে খেতে পারেন।