
গত ২০ মে অষ্টমবারের মতো কানেক্সট কনফারেন্সের আয়োজন করে হার্ভার্ড বিজনেস স্কুল। করোনা মহামারি–পরবর্তী সময়ে হার্ভার্ড বিজনেস স্কুল অনলাইনে বিশ্বের নানা প্রান্ত থেকে ভর্তি হন বহু শিক্ষার্থী। তাঁদের নিয়েই হার্ভার্ড বিজনেস স্কুলের স্প্র্যাংলার সেন্টারে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। ‘রি–ইমেইজিং লিডারশিপ’ ছিল সম্মেলনের মোটো। বাংলাদেশি হিসেবে সেখানে অংশ নিতে পারা আমার জন্য নিশ্চয়ই এক অনন্য অভিজ্ঞতা। একটা সময় আমি অনলাইনে হার্ভার্ডের ক্লাস করেছি, হার্ভার্ড বিজনেস স্কুলের এন্ট্রাপ্রেনিউরশিপ এসেনশিয়াল কোর্সটি সম্পন্ন করেছি। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হয় এই সার্টিফিকেট কোর্স। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যাঁরা বিভিন্ন পেশায় যুক্ত আছেন, তাঁদের আমি এ ধরনের কোর্স করার পরামর্শ দেব। এখন অনলাইনে কিংবা সরাসরি ক্যাম্পাসে বসে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে পেশাদার সনদ অর্জন করা যায়।
সরাসরি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখা এবং সেখানে পুরো পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সামনে কথা বলতে পারা একটা দারুণ অভিজ্ঞতা। সত্যি বলতে, হার্ভার্ড এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার চিন্তা, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে মন খুলে কথা বলার সুযোগ পাবেন।
আমি একজন উদ্যোক্তা। মনোস্বাস্থ্যের নানা বিষয় নিয়ে দেশে কাজ করছি। নেতৃত্ববিষয়ক আয়োজনগুলো আমার ক্যারিয়ারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই পরিপ্রেক্ষিতেই ক্লাস করা শুরু করি। হার্ভার্ডে অনেক গবেষক ও শিক্ষক বৈশ্বিকভাবে উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। এসব মানুষের সঙ্গে সরাসরি নিজের ধারণা, পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পেরেছি। কনফারেন্সে কেবল নিজের মতামতই ব্যক্ত করিনি, শুনেছিও। ভবিষ্যতে বিভিন্ন উদ্যোগ নিতে আমাকে এই অভিজ্ঞতা সাহায্য করবে। সমাজকর্মী হিসেবে আমার প্রথম উদ্দেশ্যই এখন অর্জিত জ্ঞানগুলোর বাস্তব রূপ দেওয়া।
২০২০-২১ সালে অনলাইনে ক্লাস ও সার্টিফিকেশন করার পর আমার মনে হয়, সরাসরি কোনো কোর্সে সুযোগ নিচ্ছি না কেন? আমি এখন হার্ভার্ড সার্টিফিকেট প্রোগ্রামের অংশ হিসেবে পজিটিভ সাইকোলজি বিষয়ে কোর্স করছি। হার্ভার্ড মেডিকেল স্কুলের অধীনে এই কোর্স করানো হয়। ২৩টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাস করছি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনের দারুণ সব সুযোগ আছে। এর মধ্যেই আমার সঙ্গে ফিলিপাইনের কাইসি কিওরডোর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তিনি জলবায়ু নিয়ে কাজ করেন। মানবিক নানা দুর্যোগ নিয়ে কাইসি নিজ দেশে কাজ করছেন। আরও বন্ধুত্ব হয়েছে যুক্তরাজ্যের লোপেজের সঙ্গে। তরুণ এই উদ্যোক্তা নিজ দেশে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়ে কাজ করছেন। ক্লাসে একদিন পরিচয় হয় ভারতের মিঠু কর্মকারের সঙ্গে। কলকাতার ছেলে মিঠু। তাই ক্লাসে একমাত্র তাঁর সঙ্গেই বাংলায় কথা বলার ‘দুর্লভ সুযোগ’ পেয়েছি।
ভিন্ন ভিন্ন দেশের তরুণদের সঙ্গে ক্লাস করার অভিজ্ঞতা বেশ ভালো। আমি তাঁদের বাংলাদেশের গল্প বলি, তাঁদের দেশের গল্প শুনি। এখানে একেক তরুণের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাফল্যের গল্পও কম নয় কিন্তু।
আমাদের দেশে স্নাতক ও স্নাতকোত্তরের পরই একরকম বিশ্ববিদ্যালয়জীবন শেষ হয়ে যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে দেখেছি, নানা দেশের নানা পেশার মানুষেরা কীভাবে পেশাগত উন্নয়নের জন্য আবার ক্লাসরুমে ফিরছেন। আমার সঙ্গে যেমন ২৫ বছরের তরুণকে দেখেছি ক্লাস করতে, আবার ৪৫ বছরের ব্যস্ত পেশাজীবীকেও দেখেছি। পেশাগত উন্নয়নে এমন কোর্সের গুরুত্ব দিন দিন বাড়ছে।