চা–বাগানে আলোর উৎস

চা–বাগানের অষ্টম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা ও দিকনির্দেশনামূলক কর্মশালা আয়োজন করেন সংগঠনের সদস্যরা
ছবি: সংগৃহীত

একটি পাতা, দুটি কুঁড়ির সঙ্গে তাঁদের বেড়ে ওঠা। অভাব–অনটনে স্কুল-কলেজের পড়ালেখা চালিয়ে যাওয়াই যেখানে কঠিন, বিশ্ববিদ্যালয় অনেকের কাছে দূর স্বপ্ন।

সময়টা ২০১০-১১। চা–বাগানগুলোতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রছাত্রীর সংখ্যা ছিল একেবারেই নগণ্য। সেই সময় চা–বাগানের গুটিকয়েক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়ছিলেন। তাঁরা অনুধাবন করলেন, চা–বাগানের শ্রমিকসহ তাঁদের সন্তানদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে উচ্চশিক্ষার হার বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। নিজেরা সংগঠিত হওয়ার পরিকল্পনা করেন তাঁরা। লক্ষ্য ছিল একটাই—যে অবহেলায় আমরা বেড়ে উঠেছি, পরবর্তী প্রজন্ম যেন তার মুখোমুখি না হয়।

সে সময় চার-পাঁচজন উদ্যমী তরুণ মিলে গড়ে তোলেন একটি সংগঠন—বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ (ইউটিএসএ, সংক্ষেপে উৎস)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার ছাত্র মোহন রবিদাস সভাপতির দায়িত্ব নেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুরেশ কৈরী দায়িত্ব নেন সাধারণ সম্পাদকের। ২০১২ সালে শুরু হয় যাত্রা।

সেই থেকে চা–বাগানের অষ্টম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা ও দিকনির্দেশনামূলক কর্মশালা; মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাস নেওয়াসহ যাবতীয় দিকনির্দেশনা দেওয়া, স্বাস্থ্যসচেতনতামূলক নানা আয়োজন, মেয়েদের মাসিক সম্পর্কে সচেতন করা, মৌলিক অধিকারগুলো জানানো, সৃজনশীল রচনা প্রতিযোগিতা, স্নাতক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি প্রদানের মতো কাজগুলো নিয়মিত করে যাচ্ছে সংগঠনটি। জানা গেল, চিকিৎসক সুধাকর কৈরীর পৃষ্ঠপোষকতায় এই বৃত্তি দেওয়া হয়।

চা–শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক আন্দোলনেও থাকে উৎসের একাত্মতা। সামাজিক কাজে এসব অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছে এই সংগঠন। বর্তমানে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই তিন জেলায় চলছে তাদের কার্যক্রম।

চা–বাগানের শিক্ষার্থীরা বর্তমানে বাগানের গণ্ডি পেরিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে জায়গা করে নিচ্ছে। উৎস থেকে জানা গেল, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও পটুয়াখালী মেডিকেল কলেজে একজন করে শিক্ষার্থী আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা পাঁচ। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৯, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ২, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে বৃত্তির আওতায় ৩৭, আইইউবিএটিতে বৃত্তির আওতায় ৫ জন পড়ছেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নার্সিং, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সদস্যরা অধ্যয়নরত আছেন।

বর্তমানে এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চম্পা নাইডু এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন সিলেটের মুরারিচাঁদ কলেজের বিশ্বজিৎ কৈরী।

সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে কথা হচ্ছিল সভাপতি চম্পা নাইডুর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের সংগঠনের লক্ষ্য চা–জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। চা–বাগানের সন্তানেরা যেন শিক্ষার পথ থেকে ঝরে না পড়ে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যেন আর কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমরা সে ব্যাপারে বিশেষভাবে কাজ করছি। আমরা চাই এমন এক দিন আসুক, যেদিন চা–বাগানের প্রতিটি ঘরে উচ্চশিক্ষায় শিক্ষিত, মানবিক গুণাবলিতে পূর্ণ একেকজন চা–শ্রমিকের সন্তান তৈরি হবে। যাঁরা তাঁদের শ্রমিক মা–বাবার দৈন্য ঘোচাতে সক্ষম হবে। পাশাপাশি চা–জনগোষ্ঠী, তথা দেশের–দশের কল্যাণ সাধন করবে।’