রাতের বেলা পতাকা ও বাঁশি নিয়ে মিছিল এখন নিত্যদিনের ঘটনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস মেতে উঠেছে বিশ্বকাপে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস মেতে উঠেছে বিশ্বকাপে

সারা দেশের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসও মেতে উঠেছে বিশ্বকাপে। প্রতিটি আবাসিক হলে চোখে পড়ছে এক থেকে দেড় হাজার বর্গফুটের ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। হাততালি দিয়ে চলছে মিছিল, বাজছে বাঁশি, ফুটছে আতশবাজি। চুয়েটে বেশির ভাগ সমর্থকই ব্রাজিল ও আর্জেন্টিনা দলের। এ ছাড়া আছেন জার্মানি, পর্তুগালের মতো শক্তিশালী ফুটবল দলের ভক্তরা।

শেখ রাসেল হলের টিভিরুমে চোখে পড়ছে নানা গ্রাফিতি ও দেয়ালিকা। বঙ্গবন্ধু হল, শহীদ মোহাম্মদ শাহ হল, শহীদ তারেক হুদা হল, ড. কুদরাত-এ-খুদা হলেও ঝুলছে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা। বাদ যায়নি মেয়েদের আবাসিক হলও। শামসুন্নাহার খান হলের ছাত্রীরাও নিজেদের মতো করে উদ্‌যাপনে মেতেছেন।

একসঙ্গে হলের টিভিরুমে খেলা দেখা চলছে। গোল হলেই শোনা যায় জোর হুংকার। প্রিয় দলের পতাকা টাঙানো, জার্সি পরা—বাদ পড়ছে না কিছু।

শেখ রাসেল হলের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আল ইমরান হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে থেকে বিশ্বকাপ উদ্‌যাপন আসলেই অন্য রকম অভিজ্ঞতা। আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুই আর্জেন্টিনার সমর্থক। কাছের মানুষদের মধ্যেই দল নিয়ে বাগ্‌যুদ্ধ হয়, কিন্তু বন্ধুত্বটা অটুট। আশা করছি এবার ব্রাজিল বিশ্বকাপ নিয়ে মিশন হেক্সা সম্পূর্ণ করবে।’

পুরকৌশল বিভাগের শিক্ষার্থী তাহসিন মাহমুদ বলেন, ‘হলে আমরা যাঁরা আর্জেন্টিনার ভক্ত আছি, সবার প্রচেষ্টায় এ রকম একটি বিশাল ও সুন্দর পতাকা কিনে লাগানো সম্ভব হয়েছে। রাতের বেলা পতাকা ও বাঁশি নিয়ে মিছিল করা একটি সাধারণ ঘটনা হয়ে গেছে। সঙ্গে কথার লড়াই তো আছেই। তবে মাঠে কোন দল দক্ষতার সঙ্গে জয়ের ধারা বজায় রাখবে, তা সময়ই বলে দেবে।’