‘কমনওয়েলথভুক্ত সব দেশেই আইইউবিএটির ডিগ্রি স্বীকৃত’

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৩’। এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তাঁদের ভাবনা জানিয়েছেন। এখানে পড়ুন আইইউবিএটির কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস–এর বক্তব্য।

আইইউবিএটির কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস
ছবি: সংগৃহীত

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩২ বছর ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পাশে আছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। আইইউবিএটির প্রত্যয়—যোগ্য প্রত্যেকের জন্য উচ্চশিক্ষার নিশ্চয়তা এবং অসচ্ছল মেধাবীদের অর্থায়ন করা। সবুজে ঘেরা আইইউবিএটি রাজধানীর উত্তরায় ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত। নয়নাভিরাম সবুজ মাঠ, উন্মুক্ত স্টাডি এরিয়া, শহীদ মিনার, খেলার মাঠ, গাছপালা-পুকুরে ঘেরা এক মনোমুগ্ধকর পরিবেশ। ফ্রি ওয়াই–ফাই, ইনডোর–আউটডোর গেমসহ সব মিলিয়ে ‘অ্যান এনভায়রনমেন্ট ডিজাইনড ফর লার্নিং’, অর্থাৎ শিক্ষার জন্যই পরিকল্পিতভাবে সাজানো এ ক্যাম্পাস।

এসেছে স্বীকৃতি

১৯৯৭ সালে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের সদস্য হয় আইইউবিএটি, যার মাধ্যমে কমনওয়েলথভুক্ত সব দেশেই আইইউবিএটির ডিগ্রি স্বীকৃতি পায়। কিউএস ২০২৪ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ এবং সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১তম স্থান অর্জন করে আইইউবিএটি। বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান ১৪১১তম।

২০২২ সালের ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে আইইউবিএটির অবস্থান দ্বিতীয়। ২০২১ সালে উরি (ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট) র‍্যাঙ্কিংয়ে নৈতিক মানের বিবেচনায় বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান ছিল ৩৯তম। ২০২২ সালের দ্য টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে আমরা ৬০১-৮০০তম অবস্থানে জায়গা করে নিয়েছি। শিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিংয়ে ২০২২ সালে সারা বিশ্বে আইইউবিএটির অবস্থান ৭৩৫তম। র‍্যাঙ্কিংয়ে এগোনোর জন্য আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। আশা করছি, আগামী দিনে আমরা আরও ভালো জায়গায় স্থান পাব।

গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম

আইইউবিএটির আছে মিয়ান রিসার্চ ইনস্টিটিউট। এ ইনস্টিটিউট বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রকাশনার জন্য শিক্ষক ও গবেষকদের প্রস্তাব অনুমোদন করে, দিকনির্দেশনা দেয় এবং মূল্যায়ন করে। বর্তমানে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের অনুমোদন ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, পরিবেশ, জলবায়ু, টেকসই উন্নয়ন, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবছরই এসব গবেষণার ফলাফল নিয়ে সেমিনারের আয়োজন করা হয় এবং গবেষকদের সম্মাননা দেওয়া হয়।

পড়াশোনার পাশাপাশি সবুজ মাঠের বুকে আনন্দ-উচ্ছ্বাসে চলে নানা খেলাধুলার আয়োজন। প্রতিযোগী মনোভাব ধরে রাখতে শিক্ষার্থীদের মধ্যে চলে অন্তর্বিভাগ নানা আয়োজন। এ ছাড়া বিতর্ক, নাচ, গান, রোবোটিকস ও প্রোগ্রামিং প্রতিযোগিতা, বিজনেস কেস কম্পিটিশনসহ নানা আয়োজনে নিজেদের সেরাটা দিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম সারিতে অবস্থান করে নিয়েছেন আইইউবিএটিয়ানরা। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্লাটুন, রোটার‍্যাক্ট, ডিবেটিং ফোরাম, স্টুডেন্ট অ্যাম্বাসেডর সব সময় সক্রিয় থাকে আইইউবিএটির সবুজ ক্যাম্পাসে।

বিশ্বের ২৭টির বেশি দেশের ১১৩টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার ফলে প্রতিবছর শিক্ষক-শিক্ষার্থীরা চুক্তির আওতায় এসব বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন পড়াশোনার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।