স্টেশনে গিয়ে শোনেন, টিকিট শেষ। তাহলে কি ঈদে বাড়ি ফেরা হবে না? সাইকেল নিয়েই বেরিয়ে পড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র আশিক সরকার। ৩২ ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছালেন পাবনা। রোমাঞ্চকর সেই ঈদযাত্রার গল্পই শুনলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর রহমান

ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখি, টিকিট নেই। মাথায় ছিল না যে ১০ দিন আগে কাটতে হবে। সাইক্লিস্ট ক্লাবের বন্ধুদের বললাম, চল সাইকেলে বাড়ি যাই। কিন্তু কেউ রাজি নয়। শামিম নামের আমার এক বন্ধু আছে, অনেক বলেকয়ে শেষে ওকে রাজি করালাম।
২৬ জুন ভোররাত সোয়া ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে আমরা রওনা করি। ভাটিয়ারী দিয়ে না গিয়ে আমরা হাটহাজারী থেকে নাজিরহাট হয়ে হেঁয়াকো বাজার যাই। হেঁয়াকো বাজার পার হওয়ার পর থেকেই শামিমের সাইকেলে সমস্যা দেখা দেয়। ফটিকছড়ির মধ্য দিয়ে পাহাড়ি রাস্তা। এত দূর চলে এসেছি, এখন তো ফিরে যাওয়াও যাবে না। আমার কাছে কিছু সেফটি টুল ছিল, সেগুলো দিয়ে কোনোমতে ঠিক করি। এরপর কষ্ট করে ফেনী পর্যন্ত যাই। সাইকেলের বাকি সমস্যাগুলো ফেনীতে দুজন মিলে ঠিক করি।
শামিমের সাইকেলটা ছোট্ট। খালি পেছনে পড়ে যাচ্ছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর ওর জন্য দাঁড়িয়ে থাকতে হতো। এ রকম করতে করতে পদুয়ার বাজার বিশ্বরোডে পৌঁছাই। সেখানে দুপুরের খাবার খেয়ে দাউদকান্দির দিকে রওনা করি।
ঈদের আগে মহাসড়কে গাড়িগুলো বেশ বেয়ারাভাবে চলছিল। শামিম ভয় পেয়ে গেল। দাউদকান্দি যাওয়ার পর সে আর সাইকেলে যেতে রাজি হলো না, বাসে করে চলে যাবে। কিন্তু অনেক খুঁজেও বাসের টিকিট পাওয়া গেল না। ওখানে ৩০ থেকে ৪৫ মিনিট বিশ্রাম নিয়ে আবারও পথে নামি। দাউদকান্দি এলাকাটা ঈদের আগে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। মোটরসাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক—সবার থেকে টাকাপয়সা কেড়ে নেয় দুর্বৃত্তরা। তাই আমাদের লক্ষ্য ছিল যে করে হোক, আলো থাকতে থাকতে দাউদকান্দি পার হতে হবে।
দাউদকান্দি নির্বিঘ্নেই পার হই, কিন্তু কাঁচপুরে আসতেই জ্যামে পড়ি। সাইকেল নিয়েও সুবিধা করতে পারিনি। পৌনে দুই ঘণ্টার মতো আটকে ছিলাম। কাঁচপুর থেকে বের হয়ে সোনারগাঁ গিয়ে একবারে থামলাম। সেখানে হালকা খাবার খাই। এরপর শামিমের জন্য গাড়ির খোঁজ শুরু করি। একটা গাড়ি পাওয়াও গেল, কিন্তু সাইকেল আছে শুনে আর রাজি হলো না। শেষ পর্যন্ত কোনো গাড়িই পাওয়া গেল না। মাঝখান দিয়ে দুই-তিন ঘণ্টা নষ্ট হলো। অগত্যা আমরা যাত্রাবাড়ী চলে আসি। সেখানেও যশোরের টিকিট নেই। ক্ষুধা লেগেছিল অনেক, খাওয়াদাওয়া করলাম। শামিমকে বলি, চল গাবতলী যাই। ওখানে টিকিট পাওয়া যাবে।
সাইকেল নিয়ে ফ্লাইওভারে ওঠা নিষেধ। তবু মাঝরাতে মেয়র হানিফ ফ্লাইওভারে উঠে পড়ি। একটা জায়গায় আমাদের দাঁড় করায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জানার পর আমাদের কিছু বলে না। কাঁচপুরেও বিশ্ববিদ্যালয়ের পরিচয় শুনে আমাদের থেকে টোল নেয়নি। ফ্লাইওভার থেকে নেমে আমরা ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, মোহাম্মদপুর, ধানমন্ডি লেক ঘুরেফিরে গাবতলী চলে আসি। তখন আমি ভীষণ ক্লান্ত, একটা বাসের কাউন্টারের সামনেই ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে ওঠার পরে শামিমকে টার্মিনালে রেখে আবার রওনা হই।
বৃষ্টি হচ্ছিল। গাবতলী থেকে হেমায়েতপুর, হেমায়েতপুর থেকে সিঙ্গাইর। অনেক ব্যস্ত রাস্তা বলে আর সাভার দিয়ে গেলাম না। এভাবে মানিকগঞ্জ। আস্তে আস্তে যাচ্ছি। মাঝে রাস্তায় অনেকবার খারাপ লাগছিল। ক্লান্ত ছিলাম, ঝিমুনি লাগছিল। ঘুমের ঘোরেও কয়েক কিলোমিটার চালিয়েছি, এ রকম মনে হচ্ছিল।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এসে পাঁচ মিনিটের জন্য বসে একটা পাউরুটি ও পানি খাই। এরপর আরিচার উদ্দেশে রওয়না হই। আমার মনে হয়, কুমিল্লা-চট্টগ্রাম হাইওয়ের চেয়েও এই রাস্তা বেশি ঝুঁকিপূর্ণ। এমনও হয়েছে, গাড়িগুলো আমাকে চাপিয়ে রাস্তা থেকে নামিয়ে দিয়েছে। এ রাস্তায় কখনো আস্তে টেনেছি, কখনো জোরে। এ রকম করতে করতে আরিচা। দেখি ফেরিঘাটে এক ভিআইপির কারণে জ্যাম। একবার এই ঘাট থেকে ওই ঘাট, আবার ওই ঘাট থেকে এই ঘাট—এই করতে করতে আড়াই–তিন ঘণ্টা নষ্ট। শেষে কোনোমতে একটা ফেরিতে উঠি। ফেরিতেও আমার কাছ থেকে টাকা নেয়নি।
ফেরিতে সবাই বলছিল, আপনি অনেক টায়ার্ড, আপনার জিনিসপত্র, সাইকেল আমরা দেখছি, আপনি বিশ্রাম নেন। ফেরিতে বসে কিছুক্ষণ ঘুমাই। নদী পার হতে ১ ঘণ্টার মতো লাগে। ফেরি থেকে নামতেই পাবনা। তখন একটা ভালো লাগার অনুভূতি হচ্ছিল। সেই উত্তেজনায় একটানে ১৮ মিনিটে ১১ কিলোমিটার পাড়ি দিয়ে কাশিনাথপুর চলে আসি।
কাশিনাথপুরে একটা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে সাইকেল নিয়ে রাস্তায় পড়ে যাই। কাশিনাথপুরে আমার বোনের শ্বশুরবাড়ি। দুর্ঘটনার পর আপুর বাসায় চলে যাই। আপু স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল, খাবার দিল। পরে বরাটগ্রাম হয়ে সাঁথিয়া উপজেলায় চলে আসি। সাঁথিয়া উপজেলা থেকে আমাদের বাড়ি আরও ছয় কিলোমিটার। সেখানে এসে যখন পৌঁছাই, ঘড়িতে তখন দুপুর ১২টা বেজে ১০ মিনিট। এভাবে ৩১ ঘণ্টা ৫৫ মিনিটে আমার স্বপ্ন বাড়ি যায়।