আজ চৈত্রসংক্রান্তি। কাল পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। গতকাল বুধবার বিকেলে গিয়ে দেখা গেল, শিক্ষার্থীরা কেউ রঙিন মুখোশ বানাতে ব্যস্ত, কেউবা ব্যস্ত মাটির সরা রাঙাতে। জয়নুল গ্যালারির সামনের চত্বরে আবার নবীন আঁকিয়েরা জলরঙে ছবি আঁকছেন গভীর মনোযোগে; আর প্রাঙ্গণজুড়ে চলছে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুষঙ্গ তৈরির কাজ।