কৃষ্ণচূড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো খোঁপা। সামনের চুলগুলো টুইস্ট করে খোঁপার সঙ্গেই আটকে দেওয়া হয়েছে।
কৃষ্ণচূড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো খোঁপা। সামনের চুলগুলো টুইস্ট করে খোঁপার সঙ্গেই আটকে দেওয়া হয়েছে।

সঙ্গীতশিল্পী নন্দিতার চুল সাজল এ সময়ের ফুলে

শাড়ির সঙ্গে দেশীয় আবহ আনতে এ সময় ফুল হতে পারে মোক্ষম অনুষঙ্গ। তবে অতিরিক্ত নয়, অল্প কিছু ফুলেই আনতে পারেন ভিন্নতা।

বেলি ফুলের ঘ্রাণ ছাপিয়ে কি দোলনচাঁপার গন্ধ পাওয়া যাচ্ছে? বাংলা পঞ্জিকায় জ্যৈষ্ঠ মাস যে। গরমের সময়। মাঝেমধ্যে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে চারদিক। কিছুক্ষণের জন্য স্বস্তি। এরপর আবার গরম। বৃষ্টির সময় ঝরে যাওয়া ফুলগুলো দেখেছেন? কৃষ্ণচূড়ায় ক্রিসেন্ট লেকপাড়ের রাস্তা আচ্ছন্ন হয়ে আছে।

খুব স্টাইলিশভাবেও ফুল দিয়ে সাজা যায়। একদম উঁচু করে বাঁধা এ রকম খোঁপার সঙ্গে দুটি কাঠগোলাপ লাগিয়ে দিন।

‘নকশা’র এই আয়োজনের ছবি তোলার কিছুক্ষণ আগেই একপশলা বৃষ্টি হয়ে গেছে, সঙ্গে ঝোড়ো বাতাস। মাটি ও গাছ—দুই জায়গাই এখন এই ফুলের রঙে উজ্জ্বল। সামাজিক মাধ্যমে সবাই ছবির পর ছবি দিয়ে যাচ্ছে।

মাঝে সিঁথি। সামনের দুপাশের চুলকে একটু ফোলানো হয়েছে। এবার নিপাটভাবে আঁচড়ে চুল কিছুটা মুড়িয়ে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। পেছনের চুলগুলোও ভালোভাবে আঁচড়ে নিন। হলুদ রঙের সোনালু ফুলগুলো ক্লিপের সহায়তায় আটকে দিন দুই কানের পাশে।

অন্যদিকে, হলুদ সোনালু আর বেগুনি জারুল কিংবা গোলাপি মধুমঞ্জরির নম্রতাও মুগ্ধ করার মতো। জবা আছে নানা রঙের ঝুলি খুলে। সাদা বেলি, দোলনচাঁপা, হাসনাহেনা, জুঁইও কম যায় না। রংহীন হয়েই দাপটের সঙ্গে মাথা উঁচু করে আছে।

শাড়ির সঙ্গে দেশীয় আবহ আনতে এ সময় ফুল হতে পারে মোক্ষম অনুষঙ্গ। তবে অতিরিক্ত নয়, একটি–দুটি ফুলেই আনতে পারেন ভিন্নতা। তবে ফুল লাগালে চুল নিয়ে বেশি স্টাইল করবেন না। ফুলটাকেই প্রাধান্য দিন।

মাঝে সিঁথি। সামনের অংশে সিঁথির দুই পাশেই চিকন করে বেণি করে ফেলুন। এবার এই বেণির বুননের মাঝেই একটা করে বেলি ফুল লাগিয়ে দিন। বেলি ফুলের সতেজতায় থাকুন সারা দিন।

ফুলের মাধ্যমে যদি গরমকে উপস্থাপন করতে চান, কৃষ্ণচূড়ার ওপর কিছু নেই, জানালেন কৃষিবিদ এবং লেখক মৃত্যুঞ্জয় রায়। গরমের এই আবহাওয়ায় কৃষ্ণচূড়া যেন আগুনের প্রতিচ্ছবি। কিন্তু কোথায় যেন একটা ভারসাম্য নিয়ে আসে। এত উজ্জ্বল রং দেখেও অস্থির লাগে না। এ কারণে এই ফুল যখন চুলে পরা হয়, সাজেও চলে আসে মায়াবী ভাব।

সোনালু ফুলের সঙ্গে যেভাবে চুল বাঁধা হয়েছিল, এখানেও সামনের অংশে অনেকটা সেভাবে বাঁধা আছে। পেছনের চুলগুলোকে নিয়ে লম্বা বেণি করা হয়েছে। কানের পাশে গুঁজে দেওয়া হয়েছে লাল জবা।

এ সময়ের ফুলগুলো একটু বড় গাছেই বেশি দেখা যায়। জবা, বেলি, হাসনাহেনা, গন্ধরাজ, টগর যাবে বর্ষা শেষ করে। সাজে এ কারণে আরও কিছুদিন ব্যবহার করতে পারবেন।