তর্কবিতর্ক পেরিয়ে দর্শকের ‘ম্যাজিক ম্যান’, কে এই রাজবীর

শৈশবের কঠিন বাস্তবতা, মডেলিং ও অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠার লড়াই পেরিয়ে রাজবীর দে এখন ‘বিগ বস বাংলা’র ঘরে। কখনো তর্কবিতর্কে জড়িয়ে, কখনো প্রেম আর চুমু–কাণ্ডে সমালোচিত হয়েছেন। আবার নেতৃত্ব দিয়ে কুড়িয়েছেন প্রশংসাও। শুরুতে যাঁর কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন দর্শক, সময়ের সঙ্গে সেই রাজবীরই হয়ে উঠেছেন অনেকের প্রিয় প্রতিযোগী। দর্শকের কাছে ‘ম্যাজিক ম্যান’ হয়ে ওঠা এই রাজবীর দে আদতে কে?

বিগ বসের ঘরে রাজবীর দে নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শুভম। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা। আজকের এই পরিচিতির পেছনে আছে তাঁর দীর্ঘ পথচলার গল্প
ছবি: ফেসবুক থেকে
২০২৬ সালের ৬ সেপ্টেম্বর ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর প্রথম ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেন রাজবীর। শুরু থেকেই অন্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। প্রায় প্রতিদিনই কারও না কারও সঙ্গে বিবাদে জড়াতেন। সপ্তাহান্তে ‘দাদার দরবারে’ রাজবীরের কর্মকাণ্ড নিয়ে কাটাছেঁড়া যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল
এত বিবাদ আর টানাপোড়েনের মধ্যেও অভিনেত্রী নন্দিনী দত্তের সঙ্গে রাজবীরের গড়ে ওঠে বিশেষ সম্পর্ক। বন্ধুত্ব, ভালোবাসা, আবেগ আর মান-অভিমান মিলিয়ে তাঁদের এই ‘রাজনন্দিনী’ জুটি জায়গা করে নিয়েছে দর্শকের মনে
দীর্ঘ অপেক্ষার পর বিগ বসের ঘরে ক্যাপ্টেন হওয়ার সুযোগ পান রাজবীর। দায়িত্ব পালনে প্রশংসা কুড়িয়েছেন। ঘর পরিচ্ছন্ন রাখার জন্য সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর কাছ থেকেও পেয়েছেন প্রশংসা
বিগ বসের আরেক ওয়াইল্ড কার্ড প্রতিযোগী জিতু কমলের সঙ্গে রাজবীরের গড়ে উঠেছিল দাদা-ভাইয়ের মতো সম্পর্ক। তবে বিভিন্ন টাস্ক, তর্কবিতর্ক ও নন্দিনীর সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। একসময় সেই আন্তরিক সম্পর্কেও ফাটল ধরে
মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান রাজবীর। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁকে। বিগ বসের ঘরে মনামী ঘোষের সঙ্গে আলাপচারিতায় শৈশবের সেই কঠিন দিনগুলোর কথা তুলে ধরেন রাজবীর
বিনোদনজগতে পা রাখার আগে শিলিগুড়িতে পোশাকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজবীর। তবে মডেলিং ও অভিনয়ের প্রতি টান তাঁকে নিয়ে যায় মুম্বাইয়ে। পরিচিত শহর ছেড়ে সেখানে শুরু করেন নতুন জীবন
২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় বিজয়ী হন রাজবীর। ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে তৈরি হয় তাঁর নতুন পরিচয়। ‘কসৌটি জিন্দেগি কি ২’ ও ‘উড়ান’-এর মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি
২০২৩ সালে অংশ নেন এমটিভির রিয়েলিটি শো ‘রোডিজ: কর্ম ইয়া কাণ্ড’-এ। প্রিন্স নারুলার দলের সদস্য হিসেবে সেখানে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও উপস্থিত বুদ্ধির পরীক্ষা দিতে হয়েছে তাঁকে
বিগ বসের ঘরে পাওয়া জনপ্রিয়তা রাজবীরের অভিনয়জীবনেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। সম্প্রতি প্রযোজক রানা সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে রাজবীরকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি সেই সিনেমায় নায়িকা হিসেবে কাকে নেওয়া যেতে পারে, তা নিয়েও দর্শকের মতামত চেয়েছেন তিনি
তর্কবিতর্ক আর নানা সমালোচনার মধ্যেও খেলায় নিজের অবস্থান ধরে রেখেছেন রাজবীর। খেলার প্রতি তাঁর মনোভাব, কৌশল বোঝার দক্ষতা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সামলে আবার খেলায় মনোযোগ দেওয়ার ক্ষমতা মুগ্ধ করেছে অনেক দর্শককে। তাঁদের অনেকেই এখন রাজবীরকে বিগ বসের বিজয়ীর আসনে দেখতে চান