সিনেমার প্রচারণায় যেসব পোশাক পরে আলোচনায় এলেন জেনিফার লরেন্স

চার বছর পর বড় পর্দায় ফিরেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। ‘নো হার্ড ফিলিংস’ নামের রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা দিয়ে আবার বড় পর্দায় ফিরেছেন তিনি। কিন্তু সিনেমার চেয়ে বেশি আলোচনায় এসেছেন সিনেমাটির প্রচারণার জন্য পরা পোশাক নিয়ে।

সিনেমাটির নিউইয়র্ক প্রিমিয়ারে জেনিফার লরেন্স হাজির হয়েছিলেন জর্জিও আর্মানির ব্লেজার ও জাম্পস্যুটে। কালো ব্লেজারের সঙ্গে ছিল গোলাপি সিল্কের তৈরি জাম্পস্যুট। সিম্পলের মধ্যে গর্জিয়াস এই লুকের সঙ্গে ছিল একটি সানগ্লাস।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
জার্মানির বার্লিনে সিনেমার প্রমোশনে লরেন্সের পছন্দ ছিল ফরাসি ফ্যাশন কোম্পানি জিভনশি। জিভনশির তৈরি করা ব্লেজার-স্টাইল মিনি ড্রেসের সঙ্গে ছিল জালের তৈরি টার্টলনেক। বক্স শোল্ডার মিনি-ড্রেস আর গুটিয়ে রাখা হাতা মনে করিয়ে দিচ্ছিল আশির দশকের ফ্যাশনের কথা।
জার্মানিতে সিনেমার আরেকটি প্রমোশনে লরেন্স বেছে নিয়েছিলেন ওলসেন টুইনের তৈরি করা ব্র্যান্ড দ্য রো। অনেকদিন হলো অভিনয় ছেড়ে পাকাপাকিভাবে ফ্যাশন ডিজাইনে মনোযোগ দিয়েছেন দুই বোন অ্যাশলি ওলসেন ও ম্যারি-কেইট ওলসেন। দুজনে মিলে তৈরি করেছেন ফ্যাশনজগতের নতুন ট্রেন্ড ‘কুয়াট লাক্সারি’। এসব পোশাক পরলে প্রথম দেখায় মনেই হয়, আদতে তা দামি ব্র্যান্ডের পোশাক! জেনিফার লরেন্স সে পথই বেছে নিয়েছেন। দ্য রোর তৈরি করা ধূসর বর্ণের টু-পিস পরে হাজির হয়েছিলেন তিনি। যাতে ছিল উলের তৈরি বাম্বি টপ ও লো-রাইজ ট্রাউজার।
মাদ্রিদে সিনেমার প্রমোশনের জন্য লরেন্সের পছন্দ ছিল স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড লুয়ে। লুয়ের শরৎ কালেকশনের ওয়ান-পিস পোশাকে দেখা গেছে লরেন্সকে। গায়ের রঙের সঙ্গে মিল রেখে তৈরি করা পোশাক, বিভ্রান্তির জন্ম দিচ্ছিল সবার মনে। স্টাইলিস্ট জোনাথন অ্যান্ডারসন যেন সেটাই চেয়েছিলেন।
সিনেমার লন্ডন প্রিমিয়ারে জেনিফার লরেন্সকে দেখা গেছে, ফরাসি ফ্যাশন ব্র্যান্ড দিওরের পোশাকে। দিওরের কালো পোশাকের সঙ্গে ছিল অপেরা গ্লাভস ও স্মোকি আই মেকআপ।
স্পেনে সিনেমার প্রিমিয়ারের জন্য আবারও বেছে নিয়েছিলেন ওলসেন টুইনের ব্র্যান্ড দ্য রো। মাইসন আলিয়ার তৈরি করা সাদা পোশাকের সঙ্গে ছিল কালো বেল্ট আর ম্যানোলো ব্লাহনিকের হিল জুতা।