‘ঈদে এখন আর আলাদা করে নিজের জন্য শপিং করা হয় না। তবে পরিবারের সবার জন্য কেনাকাটা করা হয়। আর এই গিফট কেনাটাই এখন অনেক বেশি আনন্দ দেয়,’ এমনটাই বলছিলেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ভালোবাসেন বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের দেশীয় পোশাকগুলো। জানালেন, পোশাক কেনার সময় শুধু ফ্যাশনই নয়, আরামের দিকটিকেও বিশেষ প্রাধান্য দিয়ে থাকেন।
তাই পোশাক কেনার সময় আরামদায়ক কাপড়ের ব্যাপারটিও মাথায় রাখেন। অভিনেত্রী নাজিফা তুষির ঈদপোশাকের আয়োজনে একজন ডিজাইনারের পোশাক রাখার চেষ্টা করেন। এবারও সেটার ব্যতিক্রম হবে না। যা একজন বিশেষ ডিজাইনার দিয়ে বানিয়ে নেন তুষি।
এ ছাড়া ঈদে অনেক উপহার পেয়ে থাকেন। সেখান থেকে পোশাক পরে থাকেন। শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করেন এই অভিনেত্রী। তাই ঈদের দিনের পোশাকের তালিকায় অবশ্যই একটি শাড়ি রাখার চেষ্টার করবেন। তুষির পছন্দের শাড়ির মধ্যে রয়েছে জামদানি কিংবা সুতির আরামদায়ক শাড়ি।
ঈদের সকাল বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন তিনি। বিকেল বা সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বের হলে একটু গাঢ় রঙের পোশাক বেছে নেবেন। পোশাকের রংটা ছাই কিংবা কালো হতে পারে।
এ সময় একটু জমকালো সাজে সাজবেন। চোখের নিচে কাজল পরাটা তুষির খুব পছন্দ। ঈদের দিন বিকেলের সাজটা নিজেই সেজে নেবেন তুষি। গয়নার প্রতি রয়েছে তাঁর বিশেষ দুর্বলতা। ভালোবাসেন কুন্দন এবং সিলভারের কানের দুল। ব্যস, এভাবেই কেটে যাবে নাজিফা তুষির ঈদের সারা বেলা।