
আগামীকাল বুধবার ২৫ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বের মহড়া নিয়ে ব্যস্ত সময় কাটছে প্রতিযোগীদের। এর আগে গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। সুইমস্যুট ও ইভনিং গাউন, এই দুই পর্বে নিজেদের উপস্থাপন করেছেন প্রতিযোগীরা। অসুস্থতা নিয়েই দুই পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। দুই পর্বেই তাঁর পোশাক ও হাঁটার প্রশংসা করেছেন ফ্যাশন বিশ্লেষকেরা। গ্র্যান্ড ফিনালের কয়েক ঘণ্টা আগেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। শারীরিক অবস্থা, চূড়ান্ত পর্বের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে সাক্ষাৎকার দিলেন মাহি, তাঁর সঙ্গে কথা বললেন হাসান ইমাম
এখন কেমন আছেন?
শরীরে জ্বর তো ছিলই, তার সঙ্গে গলাব্যথা। হঠাৎ হঠাৎ রক্তচাপও কমে যাচ্ছে। ফাইনালের আগে মহড়ায় পুরোটা সময় অংশ নিতে পারিনি। প্রস্তুত হয়েও শেষ পর্যন্ত সকালটা নিজের ঘরে শুয়ে কাটাতে হয়েছে। এখন শরীর কিছুটা ভালো, বিকেলের দিকে রিহার্সাল করতে পেরেছি। তবে গলাব্যথার কারণে কথা বলতে পারছি না। আপনার বাকি প্রশ্নগুলোর উত্তর তাই লিখে দিচ্ছি।
প্রিলিমিনারি রাউন্ডের সময়ও তো জ্বর ছিল?
হ্যাঁ। কীভাবে যে প্যারাসিটামল খেয়ে মঞ্চে উঠেছি, আমি ছাড়া কেউ বুঝতে পারবে না।
দেশের মানুষও তো আপনাকে নিয়ে অনেক আশাবাদী
সেটা আমিও দেখতে পাচ্ছি। এত কম সময়ের প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। তারপরও মানুষের ভালোবাসা আর ভোট আমাকে মুগ্ধ করেছে
যাঁরা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তাঁদের উদ্দেশে কিছু বলবেন?
বাংলাদেশের দর্শক, আমার দেশের মানুষ, যাঁরা এত দিন ধরে আমাকে ভালোবেসে, ভরসা করে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছেন, ফাইনালের আগে তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও ভোট আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। এত বড় একটা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক গর্বের, অনেক আবেগের।
ফাইনাল নিয়ে আপনার প্রত্যাশা কী?
ফাইনাল নিয়ে আমার প্রত্যাশা অনেক। আমি চাই নিজের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে। আমার পারফরম্যান্স দেখে দেশের মানুষ যেন গর্বিত হতে পারেন, সেই চেষ্টা থাকবে। ফলাফল যা-ই হোক, আমি চাই বাংলাদেশের নামটা মানুষের মনে থাকুক।
দর্শক ভোটে এখন দ্বিতীয় অবস্থানে আছেন। প্রথম হতে পারবেন বলে মনে হয়?
ভোটের খবর নিয়মিত রাখছি। বাংলাদেশের মানুষের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তা সত্যিই অভাবনীয়। তবে শেষ মুহূর্তের এই কয়েক ঘণ্টায় দেশের মানুষের সমর্থন খুব গুরুত্বপূর্ণ। সবাইকে অনুরোধ করব, শেষ মুহূর্ত পর্যন্ত ভোট দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের প্রতিটি ভোট আমার জন্য এখন আরও মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।