মেট গালা মানেই বছরের সেরা সব ফ্যাশন তারকাকে এক ছাদের তলায় পাওয়া। ফ্যাশনিস্তাদের জন্য মেট গালা এক স্বপ্নের নাম। এবারও তার ব্যতিক্রম নয়। ১ মে হলিউডের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসেছিল এবারের মেট গালার আসর। শেষ পর্বে দেখে নেওয়া যাক আরও কিছু তারকার সাজ—

মার্কিন র্যাপার কার্ডি বি এবারের মেট গালায় গায়ে চড়িয়েছেন দুটি পোশাক। ক্যামেরার চোখ থেকে আসল পোশাকটি লুকিয়ে রাখতে নিউইয়র্কের হোটেল থেকে গোলাপি একটি পোশাক পরে গাড়িতে উঠতে দেখা যায় তাঁকে। কিন্তু মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসতে আসতে বদলে যায় কার্ডি বির ভোল। চেনপেং স্টুডিওর কালো কর্সেট বল গাউনে আবির্ভূত হন কার্ডি বি। স্কার্টে ছিল বিশাল আকারের গোলাপের নকশা আর হাতে কালো গ্লাভস। রুপালি পরচুলা আর কালো হেডব্যান্ডে দারুণ মানিয়েছিল মার্কিন র্যাপারকে।
জিভসির কালো গাউনে মেট গালা মাতিয়েছেন মডেল জিজি হাদিদ। গলায় থাকা তিন স্তরের মুক্তার মালাও দ্যুতি ছড়িয়েছে জিজির হয়ে।
‘উলভারিন’খ্যাত অভিনেতা হিউ জ্যাকম্যান মেট গালায় হাজির হয়েছিলেন স্ত্রী ডেবরা লিকে নিয়ে। সাদা–কালো পোশাকে দুজনেই ছিলেন আকর্ষণীয়।
৫৩ বছর বয়সী মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ হাজির হয়েছিলেন রালফ লরেনের গাউনে। কালো-গোলাপি এই গাউনে ছিল বিশাল এক ট্রেইন। মাথায় ছিল মর্নিং ভেইল, সাধারণত কারও মৃত্যুতে শোক প্রকাশ করতে এ ধরনের ভেইল পরে থাকেন নারীরা। প্রয়াত ডিজাইনার কার্ল লাগেরফেল্ডের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ভেইল পরেন তিনি।
অস্কারজয়ী অভিনেত্রী যখন মেট গালার মূল মঞ্চে প্রবেশ করলেন, অনেকে তাঁকে চিনতেই পারেননি। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর পরনে ছিল গুচির তৈরি কালো রেশমি গাউন। গাউনের সঙ্গে মিলিয়ে গ্লাভসও ছিল হাতে।
শিয়াপারেল্লির ড্রিপিং পার্ল–এর নকশা করা পোশাকে হাজির হয়েছিলেন কিম কার্ডাশিয়ান। ৫০ হাজার মুক্তা আর ১৬ হাজার ক্রিস্টালে তৈরি করা হয় তাঁর এই পোশাক। প্রায় ১২ জন আর্টিস্টের ১ হাজার ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের ফল এই পোশাক। কিম মেট গালায় এসেছিলেন নিজের মেয়ে ও বোনদের সঙ্গে।
মার্কিন ফ্যাশন ডিজাইনার মার্ক জ্যাকবসের তৈরি করা কালো বডিস্যুটে মেট গালা মাতিয়েছেন কেন্ডেল জেনার। বডিস্যুটের সঙ্গে ছিল ম্যাচিং গ্লাভস ও ট্রেইন। পুরো স্যুটেই ছিল চুমকির কাজ।
কাইলি জেনার অবশ্য মেট গালার জন্য বেছে নিয়েছেন টকটকে লাল পোশাক। স্লিট ডিজাইনের এই গাউন তৈরি করেছেন ফ্রেঞ্চ ডিজাইনার জন পল গলতিয়েঁ। এ ছাড়া পোশাকের সঙ্গে ছিল শুপেট নীল রঙের ট্রেইল।
২০০৪ সালে শ্যানেলের হয়ে এই পোশাক পরে মঞ্চ কাঁপিয়েছিলেন নিকোল কিডম্যান। ১৯ বছর পর একই পোশাকে মেট গালার গালিচায় আবির্ভূত হলেন এই অভিনেত্রী। ডিজাইনার বাজ লেহম্যানের তৈরি করা পোশাকে আছে ৪ ফুট লম্বা ট্রেইন, ২৫০টি গোলাপি পালক আর ৩ হাজার চুমকির সমাহার।