‘মনে হচ্ছিল, এত দিনের কষ্টের পুরস্কার চোখের সামনে দেখতে পাচ্ছি’

আহমেদ ফাহিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের আইভি লিগে (হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটনসহ প্রথম সারির ৮ বিশ্ববিদ্যালয়) সুযোগ পাওয়া বেশ চ্যালেঞ্জিং। বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কাজটা আরও কঠিন। নানা রকম কাগজপত্র জমা দিতে হয়, একাধিক সুপারিশপত্র লাগে। আহমেদ ফাহিম পড়েছেন ঢাকার বিএএফ শাহীন কলেজে। জানান, রীতিমতো গবেষণা করে তিনি হার্ভার্ডের ভর্তিপ্রক্রিয়ার খুঁটিনাটি বুঝেছেন, একেকটা বাধা পেরিয়েছেন।

বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড। এ বছর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের শিক্ষার্থী গ্রহণের হার ছিল ৩ দশমিক ৪। স্বাভাবিকভাবেই ফাহিম খুব একটা আশাবাদী ছিলেন না।

হার্ভার্ড থেকে সাক্ষাৎকারের অনুরোধ যখন এল, একটু একটু প্রত্যাশা জাগতে শুরু করেছিল। একটা মিরাকল হলেও তো হতে পারে! সাক্ষাৎকার শেষে সাক্ষাৎকারগ্রহীতা যখন প্রশংসা করলেন, আরও একটু আত্মবিশ্বাসী হয়ে উঠলেন ফাহিম।

৩১ মার্চ, ভোরবেলা। মাত্র সাহ্‌রি শেষ করেছেন। রাতে ভালোমতো ঘুম হয়নি, উদ্বিগ্ন চোখে পোর্টালে ক্লিক করতেই যা দেখলেন, ঠিক বিশ্বাস হলো না। দু–তিনবার দেখলেন, পোর্টালটি ঠিক রেজাল্টই দেখাচ্ছে তো। স্মৃতিচারণা করে ফাহিম বলেন, ‘বারবার চেক-রিচেক করতে করতেই আমার অন্তত ৩০ মিনিট লেগেছ। তখন মনে হচ্ছিল, এত দিন যত কষ্ট করেছি, সবকিছুর পুরস্কার চোখের সামনে দেখতে পাচ্ছি।’

ফাহিমও রাইয়ানের মতো একাডেমিকের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন নিয়মিত। কুইন্স কমনওয়েলথ প্রবন্ধ প্রতিযোগিতা-২০২২-এ পেয়েছেন রৌপ্যপদক। বাংলা ও ইংরেজি মাধ্যমের বিভিন্ন বিতর্কে ১০ বারের মতো চ্যাম্পিয়ন। কুইজেও নিয়মিত অংশ নেন এই তরুণ। চ্যাম্পিয়ন হয়েছেন সাত থেকে আটবার। বিজনেস কেস প্রতিযোগিতায় আছে আরও দুটি চ্যাম্পিয়নের শিরোপা। রোহিঙ্গা শরণার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়েও গবেষণা করেছেন।

মূলত, কম্পিউটারবিজ্ঞানে পড়তে হার্ভার্ডে যাচ্ছেন ফাহিম। সুযোগ হলে অর্থনীতি বিষয়টাও বুঝতে চান। হার্ভার্ডে পূর্ণবৃত্তির পাশাপাশি নিজের স্টার্টআপের জন্য আরও দুই হাজার ডলার পাবেন তিনি। ভার্চ্যুয়াল বিনোদন খাত নিয়ে করা স্টার্টআপটি নিয়ে ফাহিমের বড় স্বপ্ন আছে।