হামবোল্ট ইউনিভার্সিটিটা বার্লিন শহরের একদম কেন্দ্রে। ১৮০৯ সালে স্থাপিত এই প্রতিষ্ঠান বছরের পর বছর বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। পাঠ্যক্রম ছাড়াও নানা কারণেই বিশ্ববিদ্যালয়টির সুনাম আছে। প্রতিবছর গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটির সময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হামবোল্ট আয়োজন করে সামার ও উইন্টার প্রোগ্রাম। চার সপ্তাহের জন্য বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পছন্দের বিষয়ের পড়তে পারেন এই প্রকল্পের আওতায়।
আমি পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে। মানবাধিকার ও আন্তর্জাতিক আইনে পড়ার সময় রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে গবেষণার সুযোগ হয়েছে। আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের নিয়ে আইনি অধিকারসহ নানা বিষয়ে আমার আগ্রহ সেখান থেকেই। যেহেতু জার্মানি বিভিন্ন সময়ে নানা দেশের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, সেখানকার বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ই এ–সংক্রান্ত আইন সম্পর্কে ভালোভাবে পড়ানো হয়—এই ভাবনা থেকেই আমি আবেদন করি হামবোল্ট ইউনিভার্সিটির সামার স্কুল প্রোগ্রামে। ‘রিফিউজি প্রোটেকশন অ্যান্ড ফোর্সড মাইগ্রেশন’ কোর্সে।
আবেদনপত্রে লিখেছিলাম—আমি সেই দেশের নাগরিক, ১৯৭১ সালে যে দেশের প্রায় ১ কোটি মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। আর আজ সেই একই দেশ বছরের পর বছর ধরে আশ্রয় দিচ্ছে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে। আমি জানতাম, সামার স্কুলের নির্বাচনপ্রক্রিয়া ভীষণ প্রতিযোগিতামূলক। অনেক চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত সুযোগ পেয়ে যাই। ২২ জুলাই থেকে ১৮ আগস্ট বার্লিনের স্প্রি নদীর পাশে পুরোনো এক মনোরম দালানে চলে আমার আনন্দময় শিক্ষা।
যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, তাইওয়ানসহ নানা দেশ থেকে আসা সহপাঠীদের কেউ কাজ করেছেন সিরিয়ার শরণার্থীদের সঙ্গে, কেউ ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে। ইউনিভার্সিটি অব গ্লাসগো থেকে আসা অলিভিয়া জানালেন ক্যালে অঞ্চলের শরণার্থীদের কথা। তাঁর ভাষ্য, ‘একেক অঞ্চলের শরণার্থীদের সংকট একেক রকম। তরুণদের এ ধরনের বৈশ্বিক সংকট মোকাবিলায় নেতৃত্ব দিতে হবে।’ অলিভিয়ার নানা অভিজ্ঞতা শুনেছি অবাক হয়ে।
আমাদের কোর্স প্রফেসর হোসে হেনরিক ফিশেল দি আন্দ্রাদে জাতিসংঘের শরণার্থী শিবিরে ৩০ বছর কাজ করেছেন। এখন মোসাম্বিকে কর্মরত হোসে জানালেন, আফ্রিকার নানা দেশে আশ্রয়প্রার্থীদের জীবন আসলে কেমন। বই ও বাস্তবের যে কতখানি পার্থক্য, বুঝতে পারছিলাম তাঁর কথা শুনে।
রোহিঙ্গা সমস্যা নিয়ে আমার সহপাঠীদের খুব বেশি ধারণা ছিল না। বাংলাদেশ থেকে আমি ছিলাম একমাত্র অংশগ্রহণকারী। অতএব সবাইকে বুঝিয়ে বলার দায়িত্বটা আমাকেই নিতে হয়েছে। বাংলাদেশের প্রতিবন্ধকতা, সফলতা এবং আন্তর্জাতিক মহলের নানা ব্যর্থতা সম্পর্কে আমার ভাবনা তুলে ধরেছি আমি।
ক্লাস করার সময় বার্লিনভিত্তিক আন্তর্জাতিক পররাষ্ট্রনীতিবিষয়ক পত্রিকা ‘জেনিথ ম্যাগাজিন’ ও ‘ক্যান্ডিড ফাউন্ডেশন’–এর সদর দপ্তরে যাওয়ার সুযোগ পাই। রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা সম্পর্কে ভিনদেশের গণমাধ্যমের কাছে আমার ভাবনা তুলে ধরি। বার্লিনের বিভিন্ন ঐতিহাসিক স্থান, সরকারের নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে শুরু করে দলবেধে জার্মান চ্যান্সেলর ওলোফ শল্টজের অফিসেও আমরা গিয়েছিলাম। সবশেষে ব্যাগভর্তি স্মৃতি আর ফেসবুকভর্তি নতুন বন্ধু নিয়ে ফিরেছি প্রিয় ঢাকা শহরে।