আধুনিক আবাসন প্রকল্প ‘আনোয়ার ল্যান্ডমার্ক রেইনফরেস্ট
আধুনিক আবাসন প্রকল্প ‘আনোয়ার ল্যান্ডমার্ক রেইনফরেস্ট

আনোয়ার ল্যান্ডমার্ক রেইনফরেস্ট

শহরেই জমবে বৃষ্টিবিলাস

আনোয়ার ল্যান্ডমার্ক রেইনফরেস্ট ভবনের ফ্ল্যাটের পূর্ব দিকের বারান্দায় দাঁড়ালে নীল আকাশটা দেখা যায়। সামনেই ঝুলন্ত বাগান। বর্ষায় শহুরে বৃষ্টিবিলাসটা জমবে বেশ। পাশে যদি পরিবারের প্রিয় মুখগুলো থাকে, তাহলে তো কথাই নেই...

আমগাছজুড়ে মুকুল এসেছে। পাশের জামরুলগাছের ডালে ডালে লাল টকটকে জামরুল। গাছ দুটোর ছায়া আগলে রেখেছে বাড়ির ছোট্ট আঙিনা। সিঁড়ি বেয়ে উঠতে ছোট্ট জলাধার। এর মধ্যে বড় হচ্ছে একটা গাছ। জলাধারের পাড়ে গ্রামবাংলার কাঠের নৌকার ছোট্ট একখানা নমুনা। নৌকাটা এমনভাবে রাখা, মনে হচ্ছে, মাঝির অপেক্ষায় আছে। মাঝি এলেই ওপারের উদ্দেশে রওনা দেবে।

আধুনিক আবাসন প্রকল্প ‘আনোয়ার ল্যান্ডমার্ক রেইনফরেস্ট’–এ প্রথমবার প্রবেশ করলে জলাধারের কাছে নিজের অজান্তেই যে কেউ খানিকক্ষণ দাঁড়াবে। আমিও ব্যতিক্রম নই। দাঁড়ালাম। তবে বেশ খানিকক্ষণ। খোলামেলা পরিবেশ। হাওয়ায় দোল খাচ্ছে জলাধারের জল। স্টিলের কাঠামো দিয়ে ভবনের সামনের দিকে ভবনের সমান্তরালে কয়েক তলাবিশিষ্ট একটি ঝুলন্ত বাগান তৈরি করা হয়েছে। সেই বাগানের সবুজ গাছ দৃষ্টি কাড়ছে।

ভবনের নিচতলার জলাধারে আছে একটি নৌকা

বারিধারা ডিপ্লোমেটিক জোনের কে ব্লকে সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ে এই আবাসন প্রকল্প নির্মাণ করেছে আনোয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্ক। ভবনের নকশা করেছেন স্থপতি রফিক আজম। ১০ তলা বাড়িটি পূর্বমুখী হলেও দখিনা বাতাস ঘরের ভেতরে প্রবেশ করানোর জন্য ভবনের নকশায় রয়েছে ভিন্নতা। দিনের বেলা ফ্ল্যাটের কোনো অংশেই বৈদ্যুতিক বাতির প্রয়োজন হবে না। ভবনের পেছনে গেলেও চোখে পড়বে সবুজ। কারণ, পেছনের বড় জমিতে এখনো অট্টালিকা ওঠেনি।

দেশের বিশিষ্ট শিল্পপতি প্রয়াত আনোয়ার হোসেনের হাতে গড়া আনোয়ার ল্যান্ডমার্কের যাত্রা শুরু হয় ২০০১ সালে। পুরান ঢাকার ইংলিশ রোডে প্রথম প্রকল্প করলেও পরে রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের পদচারণ ছড়িয়ে পড়ে। আবাসনের পাশাপাশি বাণিজ্যিক প্রকল্পও রয়েছে আনোয়ার ল্যান্ডমার্কের।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহের এক মধ্যদুপুরে ‘আনোয়ার ল্যান্ডমার্ক রেইনফরেস্ট’ নামের আবাসন প্রকল্পটি ঘুরিয়ে দেখান আনোয়ার ল্যান্ডমার্কের জ্যেষ্ঠ ব্যবস্থাপক খন্দকার মারুফ জাহান। যেহেতু ফেব্রুয়ারি শেষের মধ্যদুপুর, ফলে সূর্যটা তেতে ছিল। তবে আম আর জামরুলগাছের ছায়ায় ঘেরা ল্যান্ডমার্ক রেইনফরেস্টের মূল ফটক দিয়ে আমরা যখন প্রবেশ করলাম, তখন সূর্যের উত্তাপের ছিটেফোঁটাও টের পাওয়া গেল না। উল্টো একধরনের প্রশান্তি অনুভব করলাম।

যাহোক, কয়েক ধাপ সিঁড়ি ভেঙে নিচতলায় সেই জলাধারের পরই সাজানো–গোছানো অভ্যর্থনাকেন্দ্র। পাশেই অতিথিদের বসার সুব্যবস্থা। অভ্যর্থনাকেন্দ্রের পেছনে ভবনের বাসিন্দাদের জন্য রয়েছে আধুনিক সরঞ্জামসজ্জিত ব্যায়ামাগার। সকাল, বিকেল কিংবা রাতে ব্যায়াম করতে করতে চোখে পড়বে জলাধারের স্বচ্ছ পানি, সবুজ গাছগাছালি। দিনের বেলায় কক্ষটিতে বৈদ্যুতিক আলোর প্রয়োজনও হয় না।

ভবনের পেছন দিকে রয়েছে একটি কাঠগোলাপগাছ। একটা দোলনা বসিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট, তবে খোলামেলা পরিবেশ। বাসিন্দারা চাইলেই খানিকটা সময় কাটিয়ে দিতে পারেন সবুজ ঘাসে মোড়ানো এই চত্বরে।

লিফটে চড়ে চারতলার একটি ফ্ল্যাটে গেলাম আমরা। ফ্ল্যাটের আয়তন সাড়ে তিন হাজার বর্গফুটের কাছাকাছি। ফ্ল্যাটের মাঝবরাবর লম্বা জায়গা রাখা হয়েছে ড্রয়িং, ডাইনিং ও ফ্যামিলি লিভিংয়ের জন্য। পূর্ব দিকে বড় বারান্দা। সেই বারান্দার সামনে রয়েছে মাঝারি আকারের বাগান। তার সামনে ইস্পাতের বিশেষ কাঠামোর সুউচ্চ ঝুলন্ত বাগান। পশ্চিম পাশেও আরেকটি বাগান। ফলে ফ্ল্যাটে বসবাসে একঘেয়েমি আসার সুযোগ কম।

দখিনা বাতাস ঘরের ভেতরে প্রবেশের জন্য ভবনের নকশাটা বিশেষভাবে করা হয়েছে। মূলত পূর্ব দিকের দেয়ালে ধাক্কা লেগে বাতাস ঘরে আসবে। সেটি আবার বের করে দেওয়ার জন্য শয়নকক্ষে রয়েছে ফাঁকা জায়গা। পূর্ব ও পশ্চিম দিকে মেঝে থেকে ছাদ পর্যন্ত খোলা থাকবে। সেখানে রয়েছে ইস্পাতের ফ্রেম আর বিশেষ গ্লাস। তাতে বাইরের শব্দ ঘরের ভেতরে আসবে না।

আছে শরীরচর্চার জন্য আধুনিক যন্ত্র

৫০ শতাংশ জায়গা ছেড়ে দিয়ে ভবনটি করা হয়েছে। প্রতি তলায় থাকছে মাত্র একটি ফ্ল্যাট। ৩ হাজার ২৫৮ ও ৩ হাজার ৪৬২ বর্গফুটের ফ্ল্যাটে থাকছে চারটি শয়নকক্ষ ও চারটি বাথরুম। তা ছাড়া রান্নাঘরের পাশেই থাকছে গৃহকর্মীর থাকার জায়গা ও বাথরুম। ভূগর্ভস্থ পার্কিংয়ে একসঙ্গে গাড়ি রাখা যাবে ১৬টি।

ভবনের ওপরের দুই তলাজুড়ে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট। সেই ডুপ্লেক্সের জন্য গ্লাসঘেরা আলাদা সিঁড়ি করা হয়েছে। তার পাশেই ছোট বাগান। তাতে রংবেরঙের ফুলও ফুটেছে। ভবনের ছাদটি পরিপাটি করে সাজানো–গোছানো হয়েছে। ছাদের বড় একটা অংশজুড়ে মাটি দিয়ে তার ওপর ঘাস লাগানো হয়েছে। ঘাসগুলো এখনো সবুজ হয়ে ওঠেনি। তবে যেভাবে পরিচর্যা চলছে, তাতে মনে হচ্ছে শিগগিরই সবুজ ঘাসে ছেয়ে যাবে ছাদ। পাশে কিছু গাছের টব লাগানো হয়েছে।

আনোয়ার ল্যান্ডমার্ক রেইনফরেস্ট ভবনের ফ্ল্যাটের পূর্ব দিকের বারান্দায় দাঁড়ালে নীল আকাশটা দেখা যায়। সামনেই ঝুলন্ত বাগান। বর্ষায় শহুরে বৃষ্টিবিলাসটা জমবে বেশ। পাশে যদি পরিবারের প্রিয় মুখগুলো থাকে, তাহলে তো কথাই নেই...