স্বাস্থ্য জিজ্ঞাসা

পিরিয়ড অনিয়মিত বলেই কি মাথার চুল পড়ছে?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

প্রশ্ন

আমার বয়স ১৫ বছর। আগে আমার মাথায় অনেক চুল ছিল। দিন দিন চুল কমে যাচ্ছে। পিরিয়ড অনিয়মিত। উল্লেখ‍্য মাথার চুল পড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ চুল সাদা হয়ে গেছে। আমি খুব দুশ্চিন্তায় আছি। এমন কোনো ওষুধ আছে কি, যার দ্বারা চুল পড়া রোধ করা যায় এবং নতুন চুল গজায়?—ফাইরুজ, ঢাকা

পরামর্শ

অনিয়ন্ত্রিত পিরিয়ড হলে অথবা হরমোনজনিত সমস্যা থাকলে যেকোনো রকমের শারীরিক অসুবিধা হতে পারে। এর মধ্যে অন্যতম হলো চুল পড়ে যাওয়া অথবা চুল দুর্বল হয়ে যাওয়া। এমনকি চুলের রঙেও পরিবর্তন আসতে পারে। তুমি প্রথমে একজন হরমোন রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করো। তিনি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে কিছু ওষুধ দেবেন। সেই সঙ্গে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ অথবা যে বিশেষজ্ঞ চিকিৎসক চুলের চিকিৎসা নিয়ে কাজ করেন, তাঁর সঙ্গেও পরামর্শ করতে হবে। তিনি হরমোনাল ওষুধের পাশাপাশি আরও কিছু ওষুধ দেবেন। যদি হরমোনের সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়, তুমি ঠিকমতো ওষুধগুলো সেবন করো এবং যথাযথভাবে নিয়মকানুন মেনে চলতে পারো। আমার ধারণা, এ সমস্যা দ্রুতই সেরে যাবে।

পরামর্শ দিয়েছেন—ডা. মো. কামরুল হাসান চৌধুরী, চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: proshastho@prothomalo.com

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫