কাঁধের জোড় (জয়েন্ট) নড়াচড়া করতে না পারা এবং কাঁধে সব সময় ব্যথা হওয়ার কারণ বেশির ভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস
কাঁধের জোড় (জয়েন্ট) নড়াচড়া করতে না পারা এবং কাঁধে সব সময় ব্যথা হওয়ার কারণ বেশির ভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে

কাঁধের জোড় (জয়েন্ট) নড়াচড়া করতে না পারা এবং কাঁধে সব সময় ব্যথা হওয়ার কারণ বেশির ভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এটি খুবই পরিচিত একটি সমস্যা। 

কত দিনে সারে? 

অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস সাধারণত আপনা–আপনি ভালো হয়; তবে ৫ থেকে ৯ মাস এমনকি ১৮ মাস সময় লেগে যেতে পারে সারতে। এই সময়ে যথোপযুক্ত চিকিৎসা এবং ব্যায়াম না করা হলে জোড়া চিরস্থায়ীভাবে জমে বা স্টিফ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।  

ফ্রোজেন শোল্ডার তিনটি পর্যায়ের মধ্য দিয়ে রোগকাল অতিক্রম করে। প্রথম পর্যায়ে কাঁধে ব্যথা হয় ও নড়াচড়া সীমিত হয়। এই অবস্থা সাধারণত ৬ থেকে ১২  সপ্তাহ থাকে। মধ্যবর্তী পর্যায়ে কাঁধ শক্ত বা স্টিফ হয় বা জমে যায়। ব্যথার তীব্রতা এ পর্যায়ে কিছুটা কমে। এটি ৪ থেকে ৬ মাস থাকে। শেষ পর্যায়ে স্টিফনেস আস্তে আস্তে কমে আসে এবং ব্যথা আরও কমে যায়। এক বছরের বেশি সময় ধরে এই অবস্থা চলতে থাকে।

ঝুঁকিপূর্ণ কারা

৪০ থেকে ৬০ বছর বয়সের মানুষ এই রোগে ভোগেন এবং পুরুষের তুলনায় নারীরা দুই গুণ বেশি ভোগেন। বেশি ঝুকিঁপূর্ণ হলেন—

● ডায়াবেটিস ও থাইরয়েড রোগে আক্রান্ত রোগী

● হৃদ্​রোগ, ফুসফুসের রোগ, স্ট্রোক, পারকিনসোনিজম ও আর্থ্রাইটিস রোগী 

● মাথা ও কাঁধে অপারেশন হলে বা কাঁধে আঘাত পেয়ে দীর্ঘদিন মুভমেন্ট না করলে।

লক্ষণ

● সব সময় কাঁধে ব্যথা থাকে। রাতে বেশি হয় এবং শীতকালে ব্যথা বেড়ে যায়

● কাঁধ বা বাহুর নড়াচড়া সবদিকে সীমিত হয়ে পড়ে

● হাত দিয়ে কোনো কিছু তোলা বা হাত ওপরে ওঠানো যায় না

● চুল আঁচড়ানো যায় না

● জামা পরিধান বা বোতাম লাগানো কষ্টকর

● স্টিফ কাঁধে কাত হয়ে ঘুমানো যায় না ব্যথার জন্য

● প্যান্টের পেছনের পকেটে হাত দেওয়া যায় না।

চিকিৎসা

ফ্রোজেন শোল্ডার বা জমানো কাঁধের প্রধান চিকিৎসা হলো ব্যায়াম। তবে কারণ বের করতে হবে এবং যথোপযুক্ত চিকিৎসা দিতে হবে। চিকিৎসা শুরু করলে ৩ থেকে ৬ মাস সময় লাগে ভালো হতে।

● ক্যাপসুল ও সফট টিস্যুর স্ট্রেসিং ব্যায়াম

● পেশি শক্তিশালী হওয়ার ব্যায়াম

● ব্যথার ওষুধ সেবন

● গরম বা ঠান্ডা সেঁক

● ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন

● ইন্ট্রাআর্টিকুলার স্যালাইন থেরাপি।

ওপরের চিকিৎসাব্যবস্থায় ফ্রোজেন শোল্ডার ভালো না হলে সর্বাধুনিক আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে ছোট ছিদ্রের মাধ্যমে জোড়ায় আর্থ্রোস্কোপ প্রবেশ করিয়ে ক্যাপসুল রিলিজ ও স্যাব অ্যাকরোমিয়ন বিসংকোচন করা হয়।

অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন, অর্থোপেডিক সার্জারি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা