এক মাস রোজা রাখার পর হঠাৎ বেশি বা ভারী খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে
এক মাস রোজা রাখার পর হঠাৎ বেশি বা ভারী খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে

ঈদে অতিরিক্ত খেলে প্রভাব পড়তে পারে স্নায়ুতন্ত্রের ওপর

এক মাস রোজা রাখার পর হঠাৎ বেশি বা ভারী খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। হঠাৎ চিনি, লবণ ও রেড মিটের আধিক্যযুক্ত খাবার শরীরের ওপর একধরনের ‘মেটাবলিক শক’ তৈরি করে। এই পরিবর্তন কেবল পেটের পীড়া বা গ্যাস্ট্রিকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কের ওপর।

রক্তচাপ বৃদ্ধি ও স্ট্রোকের ঝুঁকি

ঈদের খাবারে অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত মাংস রক্তচাপ হঠাৎ বাড়িয়ে দিতে পারে। যাঁদের আগে থেকেই উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই আকস্মিক বৃদ্ধি ‘হেমোরেজিক স্ট্রোক’ বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি করে। এ ছাড়া অতিরিক্ত সম্পৃক্ত চর্বি রক্তনালিতে ব্লকেজ তৈরি করে ‘ইস্কেমিক স্ট্রোক’–এর কারণ হতে পারে। হঠাৎ তীব্র মাথাব্যথা, কথা জড়িয়ে যাওয়া বা শরীরের একপাশ অবশ বোধ করলে একে ঈদের সাধারণ ক্লান্তি মনে না করে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

রক্তে শর্করা ও স্নায়বিক জটিলতা

ঈদের সেমাই, ফিরনি বা মিষ্টিজাতীয় খাবার রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। যাঁরা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের জন্য এই ‘সুগার স্পাইক’ পেরিফেরাল নিউরোপ্যাথি বা হাত–পায়ের ঝিনঝিনানি ও জ্বালাপোড়া বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত শর্করা অনেক সময় মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালিগুলোর ক্ষতি করে, যা দীর্ঘ মেয়াদে স্মৃতিশক্তি হ্রাস বা ‘ব্রেন ফগ’–এর মতো সমস্যা তৈরি করে।

মাইগ্রেন ও অনিদ্রা

খাদ্যাভ্যাসের আকস্মিক পরিবর্তন ও ঘুমের অনিয়ম মাইগ্রেনের রোগীদের জন্য যমদূত হয়ে দাঁড়াতে পারে। অতিরিক্ত ক্যাফেইন (চা–কফি) ও প্রক্রিয়াজাত খাবারের রাসায়নিক উপাদান স্নায়ুর অতিসংবেদনশীলতা তৈরির মাধ্যমে তীব্র মাথাব্যথার উদ্রেক করে।
পরিবারের প্রবীণ সদস্য বা যাঁদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা স্ট্রোকের ইতিহাস রয়েছে, তাঁদের জন্য ঈদের দিনে রাখতে হবে বিশেষ সতর্কতা। উৎসবের আমেজে যেন আমরা ওষুধের কথা ভুলে না যাই বা খাবারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি, যা বাড়িয়ে দিতে পারে স্নায়বিক জটিলতা।

উৎসবের আনন্দ যেন হাসপাতালের বেডে গিয়ে শেষ না হয়, সে জন্য খাবারের প্লেটে নিয়ন্ত্রণের লাগাম টেনে ধরাই হবে প্রকৃত বুদ্ধিমত্তা। সুস্থ মস্তিষ্কই পারে উৎসবের প্রকৃত আনন্দকে দীর্ঘস্থায়ী করতে।