মাথায় আঘাতের পর স্নায়বিক ঝুঁকি নিয়ে সচেতন থাকা জরুরি
মাথায় আঘাতের পর স্নায়বিক ঝুঁকি নিয়ে সচেতন থাকা জরুরি

সিনেমার মত মাথায় আঘাতের পর স্মৃতি হারানো ও ফিরে পাওয়ার ঘটনা কতটা বাস্তব

মাথায় আঘাত পাওয়ার পর স্মৃতিশক্তি হারানো কিংবা হুট করে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাওয়ার ঘটনা সিনেমায় প্রায়ই দেখা যায়। সম্প্রতি বেবী খাতুনের এমনই এক চমকপ্রদ ঘটনার খবর অনেকের কাছেই সিনেমার কাহিনির মতো মনে হচ্ছে। তবে বাস্তব জীবনে এমন ঘটনা ঘটলে এর পেছনের স্নায়বিক কারণ এবং ঝুঁকি নিয়ে সচেতন থাকা জরুরি

স্মৃতি কীভাবে কাজ করে

স্মৃতি তৈরি, সংরক্ষণ ও মনে করার কাজে মস্তিষ্কের বিভিন্ন অংশের সমন্বিত নেটওয়ার্ক কাজ করে। মস্তিষ্কের হিপোক্যাম্পাস নতুন স্মৃতি তৈরি ও সংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর প্রি-ফ্রন্টাল কর্টেক্স তথ্য ধরে রাখা, সাজানো ও স্মৃতি পুনরুদ্ধারের মতো কাজে ভূমিকা রাখে।

মাথায় জোরালো আঘাত লাগলে মস্তিষ্কের কোষে সাময়িক রক্তপ্রবাহের ব্যাঘাত ঘটতে পারে, ফুলেও যেতে পারে। মস্তিষ্কের কোষ ও স্নায়ুর কার্যক্রম ব্যাহত হতে পারে। কোষের ভেতরে রাসায়নিক ও বিপাকীয় পরিবর্তন এবং স্নায়ুর সংযোগের কার্যকারিতায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কার কথাও বলেন বিশেষজ্ঞরা।

এর ফলে বিভ্রান্তি, মনোযোগের সমস্যা এবং আঘাতের আগে বা পরের কিছু ঘটনা মনে রাখতে না পারার মতো উপসর্গ দেখা দেওয়ার উদাহরণও আছে।

আঘাতের পর কি সত্যিই স্মৃতি ফিরে আসে

কোনো কোনো ক্ষেত্রে হারিয়ে যাওয়া স্মৃতি ধীরে ধীরে বা হঠাৎ ফিরে আসতে পারে

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, মস্তিষ্কে আঘাত যদি তুলনামূলকভাবে মৃদু বা সাময়িক হয় এবং ফোলা বা চাপ কমে যায়, তবে কোনো কোনো ক্ষেত্রে হারিয়ে যাওয়া স্মৃতি ধীরে ধীরে বা হঠাৎ ফিরে আসতে পারে। মস্তিষ্কের কার্যক্রম স্বাভাবিক হতে থাকলে স্মৃতিসংক্রান্ত সমস্যা কমতে পারে। তবে আঘাতের সময় স্মৃতি তৈরি না হলে সেই নির্দিষ্ট ঘটনা মনে ফিরে আসার নিশ্চয়তা নেই। স্মৃতির পুনরুদ্ধার নির্ভর করে আঘাতের ধরন ও তীব্রতার ওপর।

আঘাতের তীব্রতা ও মস্তিষ্কের কার্যক্রমের পুনরুদ্ধারের ওপর নির্ভর করে কারও কারও স্মৃতিসংক্রান্ত সমস্যা ধীরে ধীরে কমে আসে। মস্তিষ্কের ‘নিউরোপ্লাস্টিসিটি’ বা পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার কারণে স্মৃতি ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে। তবে আঘাতের সময় কোনো ঘটনা স্মৃতিতে ঠিকমতো তৈরি না হলে সেই স্মৃতি পরে ফিরে না–ও আসতে পারে।

তবে সব ক্ষেত্রেই যে এ ধরনের ‘সুখবর’ মেলে, তা নয়। অনেক সময় বড় ধরনের আঘাতে মস্তিষ্কের কোষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মাথায় আঘাত পেলে করণীয়

মাথায় আঘাত পাওয়া মানুষটিকে শান্ত ও স্থির রাখুন

বেবী খাতুনের ঘটনায় স্বস্তির খবর মিললেও মাথায় আঘাত পাওয়া কখনোই হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়। আঘাতের পরপরই কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে—
সতর্কতামূলক লক্ষণ: বমি বা বমিভাব, তীব্র মাথাব্যথা, ক্রমে বাড়তে থাকা মাথাব্যথা, ঝাপসা দেখা, খিঁচুনি, কথা জড়িয়ে যাওয়া, অস্বাভাবিক ঘুম ঘুমভাব বা জাগতে অসুবিধা, শরীরের কোনো অংশ দুর্বল বা অবশ হয়ে যাওয়া, বিভ্রান্তি কিংবা অচেতন হয়ে পড়া।

তাৎক্ষণিক পদক্ষেপ: আঘাত পাওয়া ব্যক্তিকে শান্ত ও স্থির রাখুন। ঘাড় নাড়াচাড়া করানো এড়িয়ে চলুন। রক্তক্ষরণ হলে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে চাপ দিন। তবে মাথার খুলিতে ফাটল সন্দেহ হলে ক্ষতের ওপর সরাসরি চাপ দেবেন না। ক্ষতের মধ্যে কোনো বস্তু ঢুকে থাকলে তা বের করবেন না। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

অবহেলা নয়: শুরুতে সামান্য মনে হলেও মস্তিষ্কের ভেতরে ধীরে ধীরে রক্তক্ষরণ (সাবডুরাল হেমাটোমা) হতে পারে, যার লক্ষণ কয়েক দিন বা কয়েক সপ্তাহ পরও প্রকাশ পেতে পারে।

সিনেমার গল্পের মতো বাস্তবে সব সময় নাটকীয় মোড় আসে না। তাই মাথায় আঘাত পেলে চমকের আশায় বসে না থেকে দ্রুত সঠিক চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ।