স্লিপ ট্র্যাকার আপনার ঘুমের ধরন, সময় ও মান বিশ্লেষণ করে
স্লিপ ট্র্যাকার আপনার ঘুমের ধরন, সময় ও মান বিশ্লেষণ করে

স্লিপ ট্র্যাকার কী, ঘুমের জন্য কি এর ওপর নির্ভর করা যায়?

স্লিপ ট্র্যাকার আপনার ঘুমের ধরন, সময় ও মান বিশ্লেষণ করে। বিশ্বজুড়ে স্বাস্থ্যকর ঘুমের জন্য এ ধরনের ডিভাইস খুব জনপ্রিয়।

সাধারণত ঘুমানোর সময় স্মার্টওয়াচ বা ব্যান্ড আকারে হাতের কবজিতে ব্যবহার করা হয় স্লিপ ট্র্যাকার। রাতভর যন্ত্রটি ব্যক্তির হৃৎস্পন্দন ও নড়াচড়া ট্র্যাক করে। আপনি কখন ঘুমাচ্ছেন, কতবার জাগছেন—সব হিসাব রাখে। নিয়মিত ট্রাক করে সমস্যা বুঝে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের ডিভাইস কার্যকর।

তবে নতুন এক গবেষণা বলছে, এসব যন্ত্র ঘুমের সময়ের হিসাব দিলেও একজন মানুষ ঘুমিয়ে কেমন বোধ করছেন, সব সময় তা ধরতে পারে না।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটির পালমোনোলজিস্ট ডা. নরাত শ্রীভালি ও মায়ো ক্লিনিকের গবেষক ডা. উইসিত চুয়েংপাসিতপর্নো পাঁচটি গবেষণার প্রায় দুই হাজার মানুষের তথ্য পর্যালোচনা করে এ ধারণায় পৌঁছেছেন।

সেখানে দেখা যাচ্ছে, মানসিক চাপ, ঘুম নিয়ে দুশ্চিন্তা বা সকালে ঘুম থেকে উঠে কেমন লাগছে—এসব ব্যক্তিগত অভিজ্ঞতা যন্ত্র সরাসরি মাপতে পারে না।

বয়স্ক ব্যক্তি ও বিষণ্নতায় ভোগা মানুষের ক্ষেত্রে যন্ত্রের তথ্যের সঙ্গে নিজের ঘুমের অনুভূতির অমিল বেশি দেখা গেছে। গবেষকেরা বলছেন, সুস্থ মানুষের ঘুমের সময় বোঝার ক্ষেত্রে এসব যন্ত্র সহায়ক হতে পারে। তবে ঘুমের সমস্যা থাকলে শুধু স্মার্টওয়াচের তথ্যের ওপর নির্ভর না করে চিকিৎকের পরামর্শ নেওয়া জরুরি।