পরিমাণ বুঝে খেজুর খেলে মিলবে উপকার
পরিমাণ বুঝে খেজুর খেলে মিলবে উপকার

বয়সভেদে প্রতিদিন কতটুকু খেজুর খাবেন

পবিত্র রমজান মাসেই আমাদের দেশে খেজুর খাওয়া হয় বেশি। কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, সুস্থ থাকতে ও দীর্ঘমেয়াদি রোগব্যাধি দূরে রাখতে সারা বছরই নিয়ম করে খেজুর খাওয়া যায়। কোন বয়সে দৈনিক কতটুকু খেজুর খাবেন জানাচ্ছেন ডা. আফলাতুন আকতার জাহান

  • শিশু (এক থেকে পাঁচ বছর): প্রতিদিন এক থেকে দুটি খেজুর খেতে পারে। শিশুদের খেজুর খাওয়াতে চাইলে বীজ ফেলে ছোট টুকরা করে বা চটকে দেওয়া নিরাপদ।

  • কিশোর ও তরুণ: প্রতিদিন পাঁচ থেকে সাতটি খেতে পারেন। পড়াশোনা ও খেলাধুলার জন্য প্রয়োজনীয় বাড়তি শক্তি জোগাতে এটি দারুণ কাজ করে।

  • সুস্থ প্রাপ্তবয়স্ক: প্রতিদিন তিন থেকে পাঁচটি বা প্রায় ৪০ গ্রাম খেজুর খেতে পারেন।

  • বয়স্ক ব্যক্তি: প্রতিদিন দুই থেকে তিনটি। এই অভ্যাস হাড়ের ঘনত্ব বজায় রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

কখন ও কীভাবে খেজুর খাবেন

  • সকালে খালি পেটে: রমজান মাসে ইফতারে তো খাওয়াই হয়। এ ছাড়া বছরের অন্যান্য সময় সারা দিন কর্মক্ষম থাকতে ও শরীর ডিটক্স করতে সকালে দুই থেকে তিনটি খেজুর খাওয়া সবচেয়ে ভালো।

  • পানিতে ভিজিয়ে: সাধারণ সময়ে রাতে তিন থেকে পাঁচটি খেজুর এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি ও খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য দ্রুত সেরে যায়। তবে রমজান মাসে রাতের বদলে দিনে ভিজিয়ে রেখে সন্ধ্যার পর খেতে পারেন।

  • দুধের সঙ্গে: রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে খেজুর খেলে পেশি গঠন ও গভীর ঘুমে সহায়তা করে।

  • ব্যায়ামের আগে: জিম বা ভারী কাজের ৩০ মিনিট আগে খেজুর খেলে দীর্ঘক্ষণ শক্তি পাওয়া যায়।

বিশেষ ক্ষেত্রে সতর্কতা

  • ডায়াবেটিক রোগী: খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন এক থেকে দুটির বেশি খেজুর খাবেন না এবং তা অবশ্যই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী।

  • কিডনির রোগী: খেজুরে পটাশিয়াম বেশি থাকায় যাঁদের কিডনির জটিলতা আছে, তাঁদের চিকিত্সকের পরামর্শ ছাড়া খেজুর খাওয়া এড়িয়ে চলা উচিত।

ডা. আফলাতুন আকতার জাহান, জুনিয়র কনসালট্যান্ট, ইন্টারনাল মেডিসিন বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা