
দেশে চলছে হামের প্রাদুর্ভাব। শিশুদের হামের মতো আরেকটি রোগ হয়, যার নাম রুবেলা। এ রোগ জার্মান মিসেলস নামেও পরিচিত। এটিও ছোঁয়াচে। এর কিছু সাধারণ উপসর্গ আছে, যার মধ্যে রয়েছে র্যাশ, গলার পাশে ও কানের লতির পেছনের গ্রন্থি ফোলা-ব্যথা। একটু বেশি বয়সের শিশুর পেটের সমস্যা ও রক্তপাতের মতো মারাত্মক লক্ষণ থাকে। গর্ভাবস্থার প্রথম দিকে এর সংক্রমণ হলে গর্ভস্থ সন্তানের জন্মত্রুটির ঝুঁকি থাকে।
রুবেলা কীভাবে ছড়ায়
রুবেলার সংক্রমণ ছড়ায় আক্রান্ত ব্যক্তির কাশি-হাঁচি বা গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে গর্ভফুলের মাধ্যমে। আক্রান্ত শিশুর অথবা ব্যক্তির সর্দি ও কাশিতে, রক্তে বা
মলমূত্রে ভাইরাস থাকে। র্যাশ দেখা যাওয়ার প্রায় এক সপ্তাহ পর্যন্ত জীবাণু সর্দি বা থুতুতে পাওয়া যায়। টিকা না দেওয়া থাকলে ৫ থেকে ১৪ বছরের বেশির ভাগ শিশু রুবেলায় আক্রান্ত হয়। ঘিঞ্জি পরিবেশ ও স্কুলে রোগটি দ্রুত ছড়ায়। একবার কেউ রুবেলায় আক্রান্ত হলে সারা জীবনের জন্য এ রোগের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা এনে দেয়।
যেসব লক্ষণ থাকে
রোগটির সংক্রমণ ঘটার পর ১৪ থেকে ২১ দিনের মধ্যে এর উপসর্গ দেখা যায়। হামের তুলনায় এ রোগের প্রাথমিক উপসর্গগুলো মৃদু হয়ে থাকে। সর্দি-কাশি, জ্বর—এসব না হয়েও সরাসরি গ্রন্থির ফোলা ও ব্যথা থাকতে পারে, যা র্যাশ তৈরি হওয়ার ২৪ ঘণ্টা আগে থেকে দেখা যায়। এসব উপসর্গ থাকে এক সপ্তাহের মতো। মুখ, পেট, পিঠ ও সারা শরীরে র্যাশ একই দিনে ছড়িয়ে পড়ে। তিন দিনের মধ্যে আবার তা মিলিয়ে যায়। সামান্য চুলকাতে পারে। রোজিওলা ইনফ্যান্টাম অথবা ওষুধজনিত প্রতিক্রিয়া, র্যাশ হয় এমন রোগ থেকে এটিকে আলাদা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
চিকিৎসা ও ব্যবস্থাপনা
জ্বর নিয়ন্ত্রণ, খাদ্য-পুষ্টিমান বজায় রাখা।
ব্যাকটেরিয়া সংক্রমণে বিশেষজ্ঞ পরামর্শ।
১৫ মাস বয়স থেকে রুবেলা টিকাদান, যা প্রায় ৯৮ শতাংশ ক্ষেত্রে কার্যকর।
গর্ভধারণে সক্ষম নারীদের টিকা দেওয়া হলে টিকাদানের তিন মাসের মধ্যে গর্ভধারণ এড়িয়ে চলা। গর্ভকালীন এই টিকাদান নিষিদ্ধ।
শিশুর ১৫ মাস বয়স থেকে মিজেলস, মাম্পাস ও রুবেলা প্রতিষেধক বা এমএমআর টিকা দিতে হবে।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল