গ্রাফিকস: আপন জোয়ার্দার
গ্রাফিকস: আপন জোয়ার্দার

এই সপ্তাহ আপনার কেমন যাবে (২৯ এপ্রিল—৫ মে)

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

মেষ বন্ধুদের জন্য এ সপ্তাহে দারুণ সুখবর অপেক্ষা করছে। কর্মস্থলে যাঁরা পদোন্নতির প্রত্যাশায় ছিলেন, তাঁদের অনেকেরই ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে। আপনার চলমান ব্যবসায়িক কর্মকাণ্ডে এখন তেজিভাব বিরাজ করবে, দিন দিন লাভের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। প্রেমের ঝোড়ো হাওয়া আপনার মনকে দোলা দিতে চলেছে—প্লিজ, মনের জানালাটাকে দয়া করে খুলে দিন। স্বাস্থ্যের প্রতি এখন একটু নজর দিন।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

পুরোনো বন্ধুরা কিন্তু আপনার জন্য অ্যাসেট—এ কথা আগেও বলেছি। এ সপ্তাহে এঁদের কেউ আপনার মন্দা ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারেন। এ রকম কিছু হলে প্রস্তাবটি লুফে নিন। আর দেখতে থাকুন কত অল্প দিনে আপনার ব্যবসায়ে শ্রীবৃদ্ধি ঘটে! প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়ার দরকার নেই, কারণ আপনি না চাইলেও প্রেম আপনার পিছু নিতে চলেছে!

মিথুন (২২ মে—২১ জুন)

শিক্ষার্থীদের অনেকেরই মাথায় হাত! কেন? পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা নাকি তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে! বন্ধু মিথুন, পরীক্ষার ফলাফলটাই তো আসল কথা, তাই না? আপনাকে আশ্বস্ত করে আপনার প্রত্যাশাকেও ছাপিয়ে যাবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে। আর্থিক লেনদেনেও আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

ভাই, এখন সময়টা এমনই যে, নিজের ঢোল নিজে না বাজালে অন্য কেউ তা বাজাতে এগিয়ে আসে না। কথাটা বললাম এ জন্য যে, কর্মস্থলে আপনার অসামান্য কর্মদক্ষতা থাকা সত্ত্বেও পদোন্নতি হচ্ছে না কিংবা বেতন বৃদ্ধির বিষয়টিও বিবেচিত হচ্ছে না। সুতরাং নিজেই নিজের ঢোল বাজান, সেই আওয়াজ যেন বসের কর্ণকুহরে প্রবেশ করে! কথা দিচ্ছি, এতে কাজ হবে। এ সপ্তাহে বিভিন্ন উৎস থেকে টাকাপয়সা এসে আপনার পকেট ভরিয়ে দিতে পারে।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

বিদেশযাত্রা নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই—এ সপ্তাহেই ভালো সুযোগ আসতে চলেছে। কর্মস্থলে অন্যকে সহযোগিতা করতে গিয়ে লক্ষ রাখতে হবে যেন নিজের কাজ ক্ষতিগ্রস্ত না হয়। এখন পাওনা আদায় করতে গিয়ে চোখরাঙানির কোনো প্রয়োজন পড়বে না—হাসিমুখেই কার্যোদ্ধার হয়ে যাবে। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা নিয়ে মন খারাপ, তাই তো? আপনাকে আশ্বস্ত করে বলতে পারি, মন ভালো হওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে। তা–ও আবার এ সপ্তাহেই!

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

প্রিয় বন্ধু কন্যা, আর্থিক টানাপোড়েন থেকে কবে মুক্তি পাওয়া যাবে—এ কথা ভেবে ভেবে হয়তো হয়রান হচ্ছেন। কিন্তু আপনাকে আশ্বস্ত করে বলতে পারি, সপ্তাহের শুরু থেকেই বাতাস ঘুরতে শুরু করবে। টাকাপয়সা এখন এমন উৎস থেকে আসা শুরু করবে, যা ছিল আপনার ধারণারও বাইরে। আপনি যদি একজন চাকরিপ্রত্যাশী হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে সুখবর শোনার জন্য তৈরি থাকুন। প্রেমে ভুল–বোঝাবুঝি এখন বাষ্প হয়ে উবে যেতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

অন্যের সঙ্গে মানিয়ে চলতে আপনি জানেন। কিন্তু তার মানে এই নয় যে অন্যের অন্যায় আবদারকেও আপনার মেনে নিতে হবে। প্রিয় তুলা, এ সপ্তাহে অন্যের এ ধরনের আচরণকে কৌশলে পাশ কাটিয়ে যান, নইলে কিছুটা ঝামেলায় পড়তে হতে পারে বৈকি! সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে যে ঝামেলার সৃষ্টি হয়েছিল, আপনার মধ্যস্থতায় এখন তার গ্রহণযোগ্য পরিসমাপ্তি ঘটতে চলেছে। আর্থিক লেনদেন শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

প্রিয় বৃশ্চিক, আপনি যদি একজন রাজনৈতিক কর্মী হয়ে থাকেন, তাহলে কানে কানে বলে রাখি, দলের মোটামুটি একটা গুরুত্বপূর্ণ পদও এ সপ্তাহে পেতে যাওয়া বিচিত্র কিছু নয়। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে বড় ধরনের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য সপ্তাহের আগাগোড়াই সুসময় বিরাজ করছে। এখন কারও কারও বিয়ের কথাবার্তা পাকাপাকি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

এ সপ্তাহে জনসংযোগ ও ব্যক্তিগত যোগাযোগ অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। আর এ থেকে ফায়দা তুলে নিতে কিন্তু ভুল করবেন না। কর্মস্থলে বসের কাছ থেকে সুবিধা আদায়সহ ব্যবসায়িক কর্মকাণ্ডেও দারুণ সুবিধাজনক অবস্থানে থাকতে সক্ষম হবেন। আর্থিক বিষয়ে দুশ্চিন্তার পরিসমাপ্তি ঘটতে চলেছে এখন। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা ঘুচে গিয়ে এখন নতুন সম্ভাবনার সৃষ্টি হতে চলেছে।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

প্রিয় বন্ধু মকর, আপনি কি জানেন, এ সপ্তাহে আপনার জন্য কী কী সুখবর অপেক্ষা করছে? আপনি যদি ব্যবসায়িক উদ্যোক্তা হন, তাহলে যে ব্যবসাতেই হাত দিন না কেন, লাভের দেখা পাবেনই। চাকরিজীবী হয়ে থাকলে আশা করতে পারেন পদোন্নতিটা এখন হতে চলেছে। ছাত্রছাত্রীদের জন্যও আছে সুখবর। পরীক্ষার ফলাফল ও ভর্তি—দুটোতেই বাজিমাত করতে চলেছেন কেউ কেউ। প্রেম ও রোমান্সের জন্য এখন সুসময় বিরাজ করছে।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

কুম্ভকর্ণ বলে কেউ কেউ আপনাকে খ্যাপালেও তাতে কিছু যায় আসে না। কারণ, সার্বিক কর্মকাণ্ডে আপনি যথেষ্টই সচেতন। চাকরিতে কিংবা ব্যবসায়ে সময়োপযোগী পদক্ষেপ আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে। টাকাপয়সা নিয়ে দুশ্চিন্তার অবসান হতে চলেছে এ সপ্তাহে। অবাক করা সব উৎস থেকে টাকাপয়সা আসা শুরু হবে এখন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

জলজ রাশি মীন। পানি অথবা পানির সঙ্গে জুড়ে আছে, এমন বিষয়গুলো আপনাকে কিন্তু খুব টানে। আর তাই তো বন্ধুবান্ধবের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আপনার প্রথম পছন্দ সমুদ্রসৈকত! প্রিয় মীন, বেড়াতে যাওয়ার ব্যাপারে এখন আপনার পছন্দই হয়ে উঠবে সবার পছন্দ। রোমান্টিক সম্পর্ককে বাস্তবে রূপ দেওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ। একে কাজে লাগান। স্বাস্থ্য ভালো যাবে।