যেভাবে বৃত্তি নিয়ে পড়তে এলাম ভারতের বেঙ্গালুরুতে

ভারতের আইসিসিআর বৃত্তি নিয়ে বেঙ্গালুরু ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব পারফর্মিং আর্ট পড়ার অভিজ্ঞতা জানাচ্ছেন মোতমাইন্না মনি

পুরো ক্লাসে মনিই একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের স্নাতক আমি। স্নাতকোত্তরও। কিন্তু ছোটবেলা থেকেই আমার নাচের প্রতি আগ্রহ। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় নাচের স্কুলে ভর্তিও করে দিয়েছিলেন মা। কিন্তু তখন নাচের পাঠ নেওয়ার সুযোগ খুব বেশি একটা পাইনি। যত বড় হয়েছি, পরিবারে রক্ষণশীলতা বেড়েছে। ‘মেয়ে বড় হচ্ছে, এখন ওসবের কী দরকার?’—এই ধ্যানধারণার কারণে তখন স্বপ্নটা জলাঞ্জলি দিতে হয়েছিল।

তাই চারুকলায় ভর্তি হওয়ার পর ছায়ানটেও ভর্তি হয়ে যাই। সেখানে আমার ভরতনাট্যমের গুরু ছিলেন বেলায়েত হোসেন খান। পাশাপাশি তামান্না রহমানের কাছে মণিপুরী নাচের তালিম নিয়েছি। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগের শিক্ষক। ছায়ানটে দীক্ষা নেওয়ার সেই সময় থেকেই আমার নাচের গুরুদের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতাম। কিন্তু ইচ্ছা ছিল, আমার নাচের শিক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নেব। আমার আগ্রহের জায়গা ভরতনাট্যম। এ বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার জন্য ভারতই সবচেয়ে ভালো গন্তব্য। অতএব আমি খোঁজখবর নিতে শুরু করি। তত দিনে অবশ্য ক্ষুদ্র কুটিরশিল্প করপোরেশনে মাস্টার ক্র্যাফ্টসম্যান হিসেবে চাকরি হয়েছে, কিন্তু নাচের প্রতিই ঝোঁকটা ছিল বেশি।

ভারতে যাঁরা উচ্চশিক্ষা নিতে চান, তাঁদের কাছে আইসিসিআর বৃত্তিটিই সবচেয়ে জনপ্রিয়। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এই বৃত্তি দেয়। বৃত্তি পাওয়াটা একদিকে যেমন মেধা ও ভাগ্যের ব্যাপার, তেমনি ধৈর্যও থাকতে হয়। ২০২২-২৩ সালের আইসিসিআর বৃত্তি নিয়ে আমি পড়তে আসি ভারতের বেঙ্গালুরুতে, বেঙ্গালুরু ইউনিভার্সিটিতে। আমার জানা মতে, এখানে এর আগে একজন বাংলাদেশিই নাচ নিয়ে পড়তে এসেছিলেন, জুয়াইরিয়া মৌলি। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। অবশ্য নাচ ছাড়া অন্যান্য বিষয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থীই এখানে পড়েছেন, পড়ছেন।

ছেলেবেলা থেকেই লেখকের ছিল নাচের প্রতি আগ্রহ

অনেকে ভাবতে পারেন, নাচ নিয়ে পড়া মানে সারা দিনই নাচের চর্চা করা। আদতে কিন্তু তা নয়। নাচা এবং নাচ নিয়ে পড়া—দুটো একদমই ভিন্ন বিষয়। নাচ নিয়ে পড়তে হলে নাচের ব্যাকরণ জানতে হয়। পাশাপাশি গান নিয়েও বিস্তর পড়ালেখা করতে হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের নাচের পাঠ্যক্রম অনেক বিস্তৃত। ভারতের ইতিহাস, পুরাণ, মন্দিরশিল্প—এ রকম নানা বিষয়ে আমাদের পড়তে হচ্ছে।

ক্লাসে আমরা ১৪ জন। সবার সঙ্গেই খুব ভালো বন্ধুত্ব। আমিই একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী, সে জন্য আমার ওপর একটা আলাদা নজর থাকে সব সময়। বেঙ্গালুরুর মানুষ হিন্দি খুব কম বলে। কন্নড়েই তাঁরা বেশি স্বাচ্ছন্দ্য। ইংরেজির চলও আছে। ভাষা নিয়ে একটু সমস্যা হয় ঠিক, কিন্তু শিক্ষক-শিক্ষার্থীরা খুবই বন্ধুত্বপূর্ণ। কিছু না বুঝলে তাঁরা আগ্রহ নিয়ে এগিয়ে আসে, বুঝিয়ে দেয়। সমস্যায় পড়তে হয় বাইরে বেরোলে। রাস্তায় দোকানিরা ইংরেজি বলে না, হিন্দিও বলে না। খাবারদাবার নিয়ে অবশ্য বাছবিচারের খুব বেশি সুযোগ নেই। আমি যেখানে থাকি, সেখানে আশপাশে নিরামিষাশীর সংখ্যাই বেশি। সব খাবারেই দেখা যায় আর কিছু থাক বা না-থাক, কারিপাতা আছে। অবশ্য এখানকার লোকজনও কলকাতার মানুষের মতো মিষ্টির ভীষণ ভক্ত।

মোতমাইন্না মনি

প্রতিবেশী দেশটি নাচ-গান শিক্ষার প্রতি যতটা ‘সিরিয়াস’, আমরা ততটা নই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগটিও খুব বেশি পুরোনো নয়। আমাদের নিজস্ব কত লোকনৃত্য আছে, সেগুলো নিয়ে আমরা নিজেরাই বোধ হয় খুব বেশি পড়ালেখা করিনি। অন্যদিকে বিশ্ব অনেক এগিয়ে গেছে। সেই বোধ থেকেই ধ্রুপদি নাচের পাশাপাশি পশ্চিমা নাচও আমি শিখতে চাই। নানা ধরনের নাচ শেখা-জানা এবং শেখানো-জানানোর মধ্যে দিয়েই সমৃদ্ধ হতে পারে আমাদের সংস্কৃতি।