রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৩’। এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তাঁদের ভাবনা জানিয়েছেন। এখানে পড়ুন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য মো. ফৈয়াজ খান–এর বক্তব্য।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শিক্ষার্থীদের দেশে ও দেশের বাইরে বিকশিত হওয়ার স্বপ্ন দেখায়। আমাদের শিক্ষাদান পদ্ধতির মূল বৈশিষ্ট্য হচ্ছে আজীবন জ্ঞান আহরণের জন্য উদ্বুদ্ধ করা। সেই লক্ষ্যে প্রতিনিয়ত যুগের চাহিদা ও চ্যালেঞ্জ নিরূপণ করে পাঠ্যক্রমে পরিবর্তন আনছি। চতুর্থ শিল্পবিপ্লবের আলোকে ও পঞ্চম শিল্পবিপ্লবের উদীয়মান প্রযুক্তির কথা মাথায় রেখে পাঠ্যক্রম সাজাচ্ছি।
ঢাকার মিরপুর ২-এর রূপনগরে বিইউবিটির বিশাল স্থায়ী ক্যাম্পাস। এখানে চারটি ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাশ্রয়ে মানসম্মত পাঠদানে আমরা বদ্ধপরিকর।
আলো ছড়াচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা
বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং অফিস নিয়মিত চাকরি মেলা, স্পট ইন্টারভিউ, সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে। এতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ব্যাংক, সফটওয়্যার কোম্পানি, টেক্সটাইল ও সরকারি প্রতিষ্ঠানগুলোকেই শিক্ষার্থীরা বেশি প্রাধান্য দিচ্ছেন। গত বছর আমাদের ১৯ জন শিক্ষার্থী সহকারী কর্মকর্তা (অফিসার) হিসেবে ইস্টার্ণ ব্যাংকে যোগ দিয়েছেন। এ ছাড়া নামী করপোরেট প্রতিষ্ঠানগুলোতে বিইউবিটির স্নাতকেরা কাজ করছেন।
গবেষণার উদ্যোগ
২০১৭ সালে আমরা ইন্টার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল প্রতিষ্ঠা করি (আইকিউএসি)। প্রতিষ্ঠার পর থেকেই আইকিউএসি পুরোদমে কাজ করছে। গবেষণার ক্ষেত্রে আমরা কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি। বিদেশের মানসম্পন্ন জার্নালেও আমাদের গবেষণালব্ধ নিবন্ধ নিয়মিত প্রকাশিত হচ্ছে। বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার গবেষণার পরিবেশ তৈরিতে কাজ করছে। প্রতিবছর গবেষণায় ৪৫ লাখ টাকা করে অনুদান দিচ্ছি আমরা।
নেতৃত্বের চর্চা
একজন স্নাতক তাঁর পেশাজীবনে কতটুকু সফল হবেন, তা নির্ভর করে তিনি কী ধরনের জ্ঞান অর্জন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে পেশাগত ও নেতৃত্বের গুণাবলি অর্জনে তিনি কতটুকু সক্রিয় ছিলেন। সে অনুযায়ীই আমরা শিক্ষার্থীদের তৈরি করছি। খেলাধুলার জন্য ক্যাম্পাসের কাছেই মিরপুর বেড়িবাঁধের পাশে ২২ বিঘা জমির ওপর আছে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। অন্যদিকে মূল ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য বিইউবিটিতে আছে ১৪টি ক্লাব।
ভিনদেশি তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকেরা বিশেষ প্রোগ্রামের অধীনে পিএইচডি করতে যান। এ ছাড়া ইউএনডিপির সহযোগিতায় ফিউচার নেশন প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বিইউবিটি।
ছড়িয়েছে সুনাম
বিইউবিটির তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের একদল শিক্ষার্থীর তৈরি রোবট ‘কাকতাড়ুয়া’ অনেকের কাছেই পরিচিত। দলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বুয়েটের মেকা ফেস্ট ২০২৩ সালেও হয়েছে প্রথম রানার্সআপ। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনে রোবো রেস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় কাকতাড়ুয়া।
বিউবিটির প্রতিটি কোর্সের পাঠ্যক্রম আউটকাম বেজড এডুকেশনের ওপর ভিত্তি করে তৈরি। এ বছরের শুরু থেকে আমরা দুই সেমিস্টার পদ্ধতি অনুসরণ করছি। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে আমরা ১০টি প্রোগ্রামের স্বীকৃতির জন্য আবেদন করেছি। প্রোগ্রামগুলো অ্যাক্রেডিটেড হয়ে গেলে শিক্ষার্থীরা উপকৃত হবেন।