কলেজের গণ্ডি না পেরোলেও তাঁরা বলিউডের সফল তারকা

তারকা বা বলিউড তারকা হওয়ার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার বিশেষ সংযোগ থাকতে হবে, বিষয়টা এমন নয়। তবে বলিউড তারকাদের অনেকেই উচ্চশিক্ষিত, আবার অনেকে পেরোননি কলেজের গণ্ডি। দেখে নেওয়া যাক কলেজের গণ্ডি না পেরোনো তারকাদের সম্পর্কে...

তালিকার প্রথমেই আছেন ‘তিন খান’-এর একজন সালমান খান। কলেজে ওঠার সময় থেকেই মডেলিং শুরু করেন। ডাবিং আর্টিস্ট হিসেবেও কাজ করতেন সেই সময়। অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে গড়তে তাই আর এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি।
ছবি: সংগৃহীত
দীপিকা পাড়ুকোন যখন কলেজে, তখন তিনি বেঙ্গালুরুর সফল মডেল, মাঝেমধ্যেই মডেলিংয়ের কাজে উড়াল দিতে হয় মুম্বাই। অবশ্য পড়াশোনা করার বিশেষ ইচ্ছাও ছিল না তাঁর। দীপিকা এক সাক্ষাৎকারে বলেন, ‘মডেলিং আমাকে বাঁচিয়ে দিয়েছিল। না হলে আমাকে ব্যাডমিন্টন খেলে জীবন পার করতে হতো। লেখাপড়া করে চাকরি করার জন্য আমি জন্মাইনি
একবার কাপুর পরিবারের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই। বলাবাহুল্য, ঐশ্বরিয়া খুবই ভালো ছাত্রী ছিলেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—দুই পরীক্ষায় তিনি সারা ভারতে প্রথম দিকেই ছিলেন। সেখানে রণবীর কাপুরের দাদি কোনো একটা বিষয় নিয়ে খুব উচ্ছ্বসিত। কী সেটা? বিষয়টা হলো, রণবীর কাপুর গড়ে ৫৪ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। তাই তাঁর দাদি পার্টি দেবেন। শুনে নাকি ঐশ্বরিয়া হেসেছিলেন। এসএসসি ও এইচএসসি—দুটোতেই ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলেন তিনি। রণবীর কাপুরের পড়াশোনার দৌড় ওই পর্যন্তই! তিনি নিজেই আর পড়াশোনা করতে চাননি। এ নিয়ে বাবার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতিও হয়েছিল।
ক্যাটরিনা কাইফ ব্রোকেন ফ্যামিলির মেয়ে। তিনি যখন ভারতে মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে আসেন, তখন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এর আগে মাত্র ১৩ বছর বয়স থেকে বিভিন্ন দেশে নানা ‘অড জব’ করেছেন। লেখাপড়া করার মতো পারিবারিক অবস্থাই তাঁর ছিল না।
জেনে অবাক হবেন, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও কলেজ পাস করেননি। ১৬ বছর বয়স থেকেই তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।
কঙ্গনা রনৌত উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে বাড়ি থেকে পালিয়ে বলিউডে ক্যারিয়ার গড়তে আসেন। ভাগ্যিস, অকৃতকার্য হয়েছিলেন!
আলিয়া ভাট প্রাতিষ্ঠানিক পড়াশোনা থেকে পালাতেই ওজন কমিয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার জন্য অডিশন দেন।
প্রিয়াঙ্কা চোপড়াও খুব ভালো ছাত্রী ছিলেন, তবে ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার পর আর কলেজে যাননি।
অক্ষয় কুমার কলেজ ছেড়ে মার্শাল আর্ট শিখতে যোগ দেন। রান্নাও শেখেন। তারপর বাংলাদেশের ঢাকার একটা হোটেলে কিছুদিন শেফ হিসেবে কাজও করেন। এরপর নানা অলিগলি ঘুরে থিতু হন বলিউডে।
কারিনা কাপুর খানের ভক্তমাত্রই জানেন, প্রাতিষ্ঠানিক লেখাপড়া তিনি কতটা অপছন্দ করেন। কারিনা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি যদি বলিউডে সফল না হতাম, আমি কী করে খেতাম, জানি না। মানুষের কোনো না কোনো ব্যাকআপ থাকে, আমার কিচ্ছু ছিল না। আমি আর কিছুই পারি না।’
অর্জুন কাপুর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে বলিউডে ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগী হন।
বলিউড তারকা কাজলও খুব ছোটবেলায় অভিনয়ে জড়িয়ে পড়ায় আর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেননি।