আমাদের আশপাশেই অনেকে আছেন, যাঁরা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করেন। নতুন করে কারও সঙ্গে কথা বলবেন, কিংবা নতুন সম্পর্ক তৈরি করবেন, এমনটা তাঁদের মধ্যে দেখা যায় না। অনেকে আবার চাইলেও সংকোচ থেকে কাজ করতে পারেন না। কথা বলতে গেলে বা নতুন সম্পর্ক গড়তে এই লাজুকতা বা সংকোচবোধ দূর করবেন কী করে?
ঘরভর্তি লোকজন, সবাই গল্পগুজবে ব্যস্ত। এর মধ্যেও ঘরের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছেন আপনি। ঘরে থাকা প্রত্যেকে নিজের মতো করে সময়টাকে উপভোগ করছে, শুধু আপনি বাদে। কথা বলতে বা নতুন সম্পর্ক তৈরি করতে সংকোচ বোধ করেন বলে কত পার্টি আর সোশ্যাল ইভেন্ট থেকে যে নিজেকে সরিয়ে নিয়েছেন, তা শুধু আপনিই জানেন। নিজের ছোট্ট গণ্ডি থেকে বেরোনোর প্রয়োজন বোধই করেন না আপনি।
গল্পগুলো কি মিলে যাচ্ছে? মনে হচ্ছে, আমার মনের কথাগুলো জানল কী করে? আমাদের আশপাশেই অনেকে আছেন, যাঁরা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করেন। নতুন করে কারও সঙ্গে কথা বলবেন, কিংবা নতুন সম্পর্ক তৈরি করবেন, এমনটা তাঁদের মধ্যে দেখা যায় না। অনেকে আবার চাইলেও সংকোচ থেকে কাজ করতে পারেন না। কথা বলতে গেলে বা নতুন সম্পর্ক গড়তে এই লাজুকতা বা সংকোচবোধ দূর করবেন কী করে? তার আগে জানা দরকার, সংকোচ কেন হয়?
ব্যক্তিভেদে সংকোচ বা লজ্জাবোধ তৈরি হওয়ার কারণ ভিন্ন ভিন্ন। যেকোনো জায়গা থেকে তৈরি হতে পারে সংকোচবোধ। সেটা হতে পারে পরিবার, পারিপার্শ্বিক অবস্থান কিংবা কোনো মানসিক আঘাত থেকে। দেখা যায় বাবা-মা চুপচাপ বা চাপা স্বভাবের হলে সন্তানেরাও তাদের মতো চাপা স্বভাবের হয়ে থাকে। তবে ছোটবেলায় চুপচাপ স্বভাবের আছে বলে বড় হয়েও এমনটা থাকবে, ভাবাটা অযৌক্তিক।
সংকোচবোধ তৈরিতে পারিপার্শ্বিক অবস্থাও বড় প্রভাব ফেলে। অনেক মা-বাবা তাঁদের সন্তানকে নিজেদের ‘কমফোর্ট জোন’-এর বাইরে যেতে দেন না। ফলে তাদের ভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কিংবা লোকজনের সঙ্গে মেলামেশা বা কথা বলা—এসব বাধা পার হওয়া সম্ভব হয় না। এমনকি ছোটবেলার কোনো দুঃসহ স্মৃতিও প্রভাব ফেলে সংকোচবোধ তৈরিতে।
সংকোচবোধ একদিনে কাটানো সম্ভব নয়, বরং সংকোচ কাটিয়ে সবার সঙ্গে মিশতে প্রয়োজন হয় চেষ্টা ও সময়। সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। তবে কিছু চিন্তাধারা বদলে নিলেই সংকোচবোধ কাটানো আরও সহজ হয়ে পড়ে।
নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়া সহজ কাজ নয়। তাই ঝোঁকের মাথায় সবার সামনে কথা বলতে বা মিশতে শুরু করবেন না; বরং ছোট থেকে শুরু করুন। এক বা দুজন বন্ধু তৈরি করুন, তাদের সঙ্গে কথা বলুন, আস্তে আস্তে গণ্ডি বড় করুন।
আপনার লাজুকতা আপনাকে বড় কিছু অর্জনে বাধা তৈরি করছে। যে কাজে আপনি দক্ষ, সেই কাজ সম্পর্কে পূর্ণ ধারণা রাখুন। নিজে ভালো কাজ পারলে সেই কাজ নিয়ে উদ্যমী থাকুন, কথা বলুন। অন্যে কি ভাববে না ভেবে নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী হন। আত্মবিশ্বাসী মন নিজের কাজ নিয়ে থাকা সন্দেহ দূর করবে।
অনেক সময় মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হিসেবে আবির্ভূত হন। অনেকেরই কোথাও কোলাহল দেখলে সেখান থেকে সরে আসার প্রবণতা থাকে। এই মনোভাব থেকে দূরে সরে আসুন। লোকজনের সঙ্গে যত মিশবেন, তত বেশি নিজের সংকোচবোধ থেকে দূরে সরে আসতে পারবেন। নিজেকে যত গণ্ডিবদ্ধ করে রাখবেন, সংকোচবোধ থেকে বের হতে তত বেশি সময় লাগবে।
যাদের সঙ্গে মিশতে চাচ্ছেন বা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন, তাদের দূরের কেউ ভাববেন না; বরং তাদেরও সাধারণ রক্তমাংসের মানুষ হিসেবেই ভাবুন। তাদেরও আপনার মতো জড়তা থাকতে পারে, ভয় থাকতে পারে। সবকিছু মিলিয়েই মানুষ। তাই তাদেরও আপনার মতো একজন ভেবে কথা শুরু করুন, দেখবেন সবটাই সহজ হয়ে গিয়েছে।
বেশির ভাগ সময়েই ভাবতে ভাবতে সময় শেষ হয়ে যায়, কাজ আর শুরু করা হয় না। সংকোচবোধ করা ব্যক্তিদের ব্যাপারে কথাটি আরও বেশি সত্য। কথা কীভাবে বলব, সম্পর্ক কীভাবে তৈরি করব, ভাবতে ভাবতে সম্পর্ক আর ঠিক করা হয় না। যে কারণে কম চিন্তা করে, ঠিক সময়ে কাজ করায় মনোযোগ দেওয়া জরুরি। এতে করে ভুল হলেও কাজ সম্পন্ন হয়।
মানুষ মাত্র ভুল হয়। ভুল করার ভয়ে তাই সবকিছু বাদ দিয়ে বসে থাকবেন না যেন; বরং ভুলকে স্বাগত জানান। কারও সঙ্গে কথা বলতে গেলে বা যোগাযোগ স্থাপনে ব্যর্থ হলে নিরাশ হবেন না; বরং নতুন করে শুরু করার জন্য প্রস্তুত হন।